এতেও তৃণমূলের আপত্তি, অনশনে ছিটমহলবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে আপত্তি জানানোর পর এবার বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় এবং তিনবিঘা করিডর ২৪ ঘণ্টা খোলা রাখার চুক্তি নিয়ে আপত্তি তুলেছে তৃণমূল কংগ্রেস। কোচবিহার তৃণমূল কংগ্রেসের নেতারা অভিযোগ তুলেছেন, করিডর ২৪ ঘণ্টা খোলা রাখা হলে জঙ্গিসহ দুষ্কৃতকারীরা অবাধে ছিটমহলে ঢোকার সুযোগ পাবে।আবার ছিটমহল বিনিময় চুক্তি বিশ্বাস করতে চাইছে না পশ্চিমবঙ্গের ভূখণ্ডে থাকা বাংলাদেশের ছিটমহলের বাসিন্দারা। তারা মনে করছে, এটি ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তির নবায়ন মাত্র। ফলে শিগগিরই ছিটমহল বিনিময় হবে না। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা মহকুমায় বাংলাদেশের ছিটমহলবাসীরা আজ বৃহস্পতিবার থেকে অবস্থান ধর্মঘট এবং অনশন শুরু করছে। মধ্য মশালডাঙ্গার ওপর দিয়ে চলে যাওয়া ভারতের জাতীয় সড়কের ২৭০ মিটার সড়ক ঘেঁষে চলবে অবস্থান ধর্মঘট ও অনশন।কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বাংলাদেশের ৫১টি ছিটমহল রয়েছে। এর মধ্যে চারটি ছিটমহল জলপাইগুড়িতে। অন্যদিকে বাংলাদেশের ভূখণ্ডে ভারতের ১১১টি ছিটমহল রয়েছে।ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহ-সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত চুক্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, এটা কেবল আইওয়াশ। ১৯৭৪ সালে ছিটমহল সমস্যা সমাধানে ইন্দিরা-মুজিব চুক্তি হয়েছিল। সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে ১৯৯৯ সালে। কিন্তু কিছুই হয়নি। এবার সম্পাদিত চুক্তি সেই চুক্তিরই নবায়ন মাত্র। চুক্তি কত দিনে বাস্তয়িত হবে বা কীভাবে হবে, সে সম্পর্কে কোনো তথ্যই তাঁরা জানতে পারেননি।কোচবিহারের দিনহাটা মহকুমার মশালডাঙ্গা ছিটমহলের বাসিন্দা মুহম্মদ বেল্লাল হোসেন ও রাজু ভট্টাচার্য বলেন, ছিটমহল বিনিময় চুক্তির পর কোচবিহারের সব ছিটমহলে নেমে এসেছে হতাশা। তাই তাঁরা ছিটমহল বিনিময়ের দাবিতে আজ বৃহস্পতিবার থেকে মশালডাঙ্গা ছিটমহলে অবস্থান ধর্মঘট ও অনশন শুরু করবেন। ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির আইনবিষয়ক সম্পাদক আহসান হাবিব বলেন, এটি ছিটমহলবাসীর সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়। তিনি অবিলম্বে ছিটমহলবাসীর অস্থায়ী নাগরিকত্ব সনদ দেওয়ার দাবি জানান।ছিটমহলের বাসিন্দারা আশা করেছিলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢাকায় গিয়ে তাদের দুঃখ-দুর্দশার কথা বিবেচনা করে বিনিময় চুক্তি দ্রুত বাস্তবায়ন করার উদ্যোগ নেবেন। কিন্তু তিনি গেলেন না। এদিকে ২৪ ঘণ্টা ছিটমহল খোলা রাখার চুক্তির বিরোধিতা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। দলের কোচবিহার জেলার সভাপতি এবং বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ এবং দলীয় বনমন্ত্রী হিতেন বর্মণ গতকাল ছিটমহল বিনিময় এবং তিনবিঘা করিডর নিয়ে তাঁদের আপত্তির কথা রাজ্য সচিবালয় মহাকরণে সাংবাদিকদের কাছে জানিয়েছেন।ওই দুই তৃণমূল নেতা মনে করেন, তিনবিঘা করিডর ২৪ ঘণ্টা খোলা রাখা হলে এ পথ দিয়ে জঙ্গিসহ দুষ্কৃতকারীরা অবাধে ঢোকার সুযোগ পাবে। আবার ছিটমহল বিনিময় হলে ভারতের ভূখণ্ডে থাকা বাংলাদেশি ছিটমহলবাসী এখানে পাকাপাকি থেকে যাওয়ার সুযোগ পাবে। পক্ষান্তরে বাংলাদেশের ভূখণ্ডে থাকা বহু ভারতীয়কে ভিটেমাটি ছেড়ে এখানে আসতে হবে।