এনআরবি কমার্শিয়াল ব্যাংকের অনুমোদন ৩ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনআরবি কমার্শিয়াল ব্যাংককে আগামী ৩ ফেব্রুয়ারি অনুমোদন দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠক শেষে আজ রোববার সাংবাদিকদের এ কথা জানান ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। ওই দিন আরও একাধিক ব্যাংকের অনুমোদন হতে পারে বলেও বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।সুর চৌধুরী বলেন, শর্ত অনুযায়ী ৪০০ কোটি টাকার পরিশোধিত মূলধন ও অন্যান্য নিয়মনীতি অনুসরণ করেছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। পর্ষদ সর্বসম্মতভাবে অনুমোদনের জন্য আগামী ৩ ফেব্রুয়ারি বিষয়টি উপস্থাপন করতে বলেছে। এই অনুমোদনের মধ্য দিয়ে তাদের লাইসেন্স দেওয়া হবে।সুর চৌধুরী জানান, পর্ষদে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের অনুমোদনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। ব্যাংকের পক্ষ থেকে সব শর্ত পূরণ করে আবেদন করা হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে পর্ষদের সভায় উপস্থাপন করেন। পর্ষদ তাতে সন্তুষ্ট হয়েছে। পর্ষদের কিছু প্রশ্ন ছিল, ব্যাংকের পক্ষ থেকে তার জবাব দেওয়া হয়েছে। গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। এতে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রধান নির্বাহী দেওয়ান মজিবুর রহমান প্রস্তাবিত ব্যাংকটির ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরেন।১২টি দেশে বসবাসরত ৫৩ জন প্রবাসী এনআরবি কমার্শিয়াল ব্যাংকের উদ্যোক্তা। এই ব্যাংকের প্রস্তাবিত চেয়ারম্যান হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্র-প্রবাসী ফরাসত আলী।বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ গত বছরের এপ্রিল মাসের প্রথম ভাগে দুই দফায় মোট নয়টি ব্যাংকের নীতিগত অনুমোদন দেয়। এর মধ্যে প্রথম দফায় ৪ এপ্রিল অনুমোদন দেওয়া হয় প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের তিনটি ব্যাংক। আর ৮ এপ্রিল অনুমোদন পায় দেশি উদ্যোক্তাদের ছয়টি ব্যাংক। এসব প্রস্তাবিত ব্যাংকের জন্য ১৭ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংক প্রাথমিক সম্মতিপত্র দেই। এতে লাইসেন্স দেওয়ার আগে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে ছয় মাসের মধ্যে আবেদন করতে সময় বেঁধে দেওয়া হয়। গত ১৪ অক্টোবর ছিল আবেদনের শেষ দিন।