এনইসি বৈঠকে যোগ দেননি ক্ষুব্ধ মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তা চুক্তি নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ হয়ে দিল্লিতে অনুষ্ঠিত ১৫তম ন্যাশনাল ইমিগ্রেশন কাউন্সিলের (এনআইসি) বৈঠকে যোগ দেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শনিবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রী মনমোহন সিং গত বুধবার বাংলাদেশ থেকে দিল্লি ফেরার পথে তিস্তা চুক্তি নিয়ে সাংবাদিকদের বলেন, তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে মমতা জানতেন। এমনকি চুক্তি সম্পাদনের আগে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে কলকাতায় পাঠান। তাঁর সঙ্গে আলোচনা করে তাঁর সম্মতি নিয়েই তিনি (মনমোহন) চুক্তি সম্পাদনের প্রক্রিয়া শুরু করেন।মনমোহনের এই বক্তব্যে দারুণ ক্ষুব্ধ মমতা। আর এরই প্রতিবাদে আজ দিল্লিতে অনুষ্ঠিত এনইসির বৈঠকে তিনি যোগ দেননি। এই কাউন্সিলের সদস্যসংখ্যা ১৪৭। বৈঠকে যোগ দেওয়ার জন্য সব কেন্দ্রীয় মন্ত্রী, বিরোধীদলীয় নেতা, সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও জ্যেষ্ঠ সাংসদদের ডাকা হয়। কিন্তু মমতা তাতে সাড়া দেননি।কলকাতার প্রভাবশালী বাংলা দৈনিক বর্তমান লিখেছে, ‘ঢাকা থেকে ফেরার পথে তিস্তা পানি বণ্টন চুক্তি নিয়ে যে খোঁচা প্রধানমন্ত্রী মনমোহন সিং মমতাকে দিয়েছেন, তাতে অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মমতা বরাবরই বলে এসেছেন, তাঁর কাছে রাজ্যের স্বার্থই সবচেয়ে বড়। কিন্তু দিল্লি সে কথা না বুঝে উল্টো মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী উষ্মা প্রকাশ করায় বিরক্ত মমতা।’ তবে মুখ্যমন্ত্রীর দপ্তরের এক কর্মকর্তা বলেন, শনিবার মুখ্যমন্ত্রীর কর্মসূচি থাকায় তিনি যেতে পারেননি।