এনএলডি ছেড়ে আসা গ্রুপ মিয়ানমারের নির্বাচনে অংশ নেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) থেকে বেরিয়ে আসা একটি গ্রুপ এ বছরের শেষের দিকে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন করেছে।ন্যাশনাল ডেমোক্রেটিক ফোর্স নামের এই গ্রুপটি বিতর্কিত এই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এর প্রতি এনএলডির সমর্থকেরা বিরূপ হয়ে উঠেছেন।অং সান সু চির নেতৃত্বে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেতারা নির্বাচনে অংশ নেওয়ার জন্য এনএলডির নাম নিবন্ধন করতে অস্বীকার করেন। এর প্রতিক্রিয়ায় দেশটির সামরিক জান্তা দলটি ভেঙে দেয়।গত ২০ বছরে মিয়ানমারে অনুষ্ঠেয় প্রথম এই নির্বাচনটিকে সমালোচকেরা একটি ভাওতাবাজি হিসেবে অভিহিত করে বলছেন, এটি গত প্রায় ৫০ বছরের সামরিক শাসনকে পাকাপোক্ত করার একটি ষড়যন্ত্র।১৯৯০ সালে অনুষ্ঠিত মিয়ানমারের শেষ নির্বাচনে এনএলডি ব্যাপক ভোটে জয় লাভ করে, কিন্তু দেশটির সামরিক শাসকেরা ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করে।সু চি (৬৫) গত দুই দশকের অধিকাংশ সময় কোনো না কোনো ধরনের বন্দীদশায় কাটিয়েছেন। তাঁর মুক্তির জন্য প্রচুর আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও তিনি একটি গৃহবন্দী।সু চি তাঁর আইনজীবীর মাধ্যমে খিন মং শোয়ের নেতৃত্বে এনএলডি থেকে বেরিয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক ফোর্স নামের রাজনৈতিক দল গঠনের ব্যাপারে অসন্তুষ্টি প্রকাশ করেছেন।এনএলডির সমর্থকেরা অভিযোগ করেছেন যে ন্যাশনাল ডেমোক্রেটিক ফোর্স ভোটের লোভে তাঁদের দলের প্রতীক—একটি বাঁশের টুপি—চুরি করেছে।কিন্তু খিন মং শোয়ে বলেন, এনএলডির প্রতীক আর তাঁর দলের প্রতীক এক নয়, কেননা তাঁর দলের প্রতীকে বাঁশের টুপির ওপরে দুটি তারা রয়েছে। তিনি আরও বলেন, তাঁর দল ‘গণতন্ত্রের জন্য সংগ্রাম’ চালিয়ে যাবে।নতুন এই দলটি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতিপত্র পেয়েছে সে খবর রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচারিত হয়। রাষ্ট্রপরিচালিত মিয়ানমা আহলিন সংবাদপত্র বলে, আরও ৩৭টি দল ও পাঁচটি গ্রুপের সঙ্গে ন্যাশনাল ডেমোক্রেটিক ফোর্সও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। মিয়ানমারের সামরিক জান্তা এখনো নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করেনি। তবে সংবাদদাতাদের ধারণা, তা অক্টোবর বা নভেম্বরে অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচন হবে একটি নতুন, সামরিক বাহিনী-প্রণীত সংবিধানের অধীনে।—বিবিসি অনলাইন