এনএসআই দপ্তরে ডিবির তিন কর্মকর্তাকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ লেনদেনের অভিযোগে আটক করার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন পরিদর্শককে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তরের (এনএসআই) কার্যালয়ে নিয়ে বেধড়ক পেটানো হয়েছে।মারধরের শিকার ডিবির একজন কর্মকর্তা নিজের কার্যালয়ে বিষয়টি উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এতে বলা হয়, এনএসআইয়ের একজন পরিচালকের নির্দেশে তাঁদের পেটানো হয়।ডিবির ওই তিন কর্মকর্তা এখন রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন। প্রথম আলোকে তাঁরা বলেন, আটকের পর এনএসআইয়ের কর্মকর্তারা তাঁদের চোখ বেঁধে হাতকড়া পরিয়ে গাড়িতে তোলেন। এরপর এনএসআইয়ের কার্যালয়ের মেঝেতে ফেলে ১০-১২ জন মিলে তাঁদের মারধর করে। তাঁরা এ ঘটনায় এনএসআইয়ের বিরুদ্ধে মামলা করতে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি চেয়েছেন বলে জানান।অভিযোগের ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে এনএসআইয়ের একজন পরিচালক প্রথম আলোকে বলেন, এই অভিযোগ সঠিক নয়। ডিবির কর্মকর্তাদের কাউকে মারধর করা হয়নি। তাঁদের আটকের পর গোয়েন্দা কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর কর্মকর্তাদের ডেকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদের যাবতীয় বক্তব্য গোয়েন্দা সংস্থার হাতে আছে বলে ওই কর্মকর্তা জানান। গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের সামনে থেকে মহানগর গোয়েন্দা পুলিশের ওই তিন কর্মকর্তাকে ঘুষ লেনদেনের অভিযোগে এনএসআইয়ের একটি দল আটক করে। পরে তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনা তদন্তে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মীর শহিদুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে পুলিশ।জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান মীর শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিন কর্মকর্তা তাঁদের জবানবন্দিতে মারধরের অভিযোগ করেছেন। তিনজনকেই রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা এখনো চিকিৎসাধীন।হাসপাতালে চিকিৎসাধীন তিন কর্মকর্তা গতকাল রোববার প্রথম আলোর সঙ্গে কথা বলেন। তিন পরিদর্শক শফিউদ্দিন শেখ, রুহুল আমিন ও গিয়াসউদ্দিন হাসপাতালের আটতলার ২ নম্বর কেবিনে ভর্তি আছেন।শফিউদ্দিন শেখ বলেন, প্রতারণার শিকার মানিকগঞ্জের একটি ওয়ার্কশপের মালিক আওলাদ হোসেনের সাত লাখ টাকা উদ্ধারে তাঁদের দল উদ্যোগ নেয়। দলের প্রধানের নির্দেশে তিনি কাজে নামেন। নিজের পরিচয় না দিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করে দেবেন বলে জুয়েল নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর যোগাযোগ হয়। এ জন্য জুয়েলকে হলি ফ্যামিলি হাসপাতালের সামনে আসতে বলেন তিনি। প্রতারক জুয়েল যাতে কোনোভাবে বুঝতে না পারে, এ জন্য তাঁরা ডিবির গাড়ি না নিয়ে পায়ে হেঁটে হাসপাতালের সামনে যান। সেখানে গিয়ে তিনি ফোন করে জুয়েলকে খোঁজ করতে শুরু করেন। এর পরই ১০-১২ জন লোক তাঁদের চারদিক থেকে ঘিরে ফেলে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মারতে থাকে। একপর্যায়ে তারা হাতকড়া পরিয়ে তাঁদের মাইক্রোবাসে তুলে নেয়। তিন পরিদর্শক ডিবির পরিচয় দিয়ে কোমরে ঝোলানো পরিচয়পত্র দেখান। কিন্তু ১০-১২ জনের দলটি এতে কর্ণপাত না করে কালো কাপড় দিয়ে তাঁদের চোখ বেঁধে ফেলে।পরিদর্শক শফিউদ্দিন বলেন, এনএসআইয়ের সদস্যরা গাড়িতে তোলার আগে তাঁর মুখমণ্ডল ও চোখের ওপর একের পর এক ঘুষি মারতে থাকেন। এখন তিনি এই চোখে দেখতে পাচ্ছেন না। পেটানোর পর চোখ খুলে দেওয়া হলে বুঝতে পারেন, তাঁদের এনএসআইয়ের কার্যালয়ে নেওয়া হয়েছে।পরিদর্শক রুহুল আমিন বলেন, এনএসআইয়ের এক কর্মকর্তার নির্দেশে তাঁরই দপ্তরের মেঝেতে ফেলে পিস্তল, লাঠি ও ভারী বস্তু দিয়ে তাঁদের পেটানো হয়।তিন কর্মকর্তা জানান, খবর পেয়ে ডিবির যুগ্ম কমিশনার, উপকমিশনার ও অতিরিক্ত উপকমিশনার এনএসআইয়ের কার্যালয়ে গিয়ে তাঁদের নিজের কার্যালয়ে নিয়ে আসেন।সাময়িক বরখাস্ত হওয়া রুহুল আমিন ও গিয়াসউদ্দিন অবৈধ অস্ত্র উদ্ধার দলের এবং শফিউদ্দিন বোমা নিষ্ক্রিয়করণ দলের পরিদর্শক। ডিবির অবৈধ অস্ত্র উদ্ধার ও বোমা নিষ্ক্রিয়করণ দলের প্রধান জ্যেষ্ঠ সহকারী কমিশনার ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, আটকের পর ডিবির তিন পরিদর্শককে আইন অনুযায়ী থানায় সোপর্দ করার কথা থাকলেও তা না করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে মারধর করা হয়।রাজারবাগ পুলিশ হাসপাতালের চিকিৎসক এস কে নোমান প্রথম আলোকে বলেন, শুক্রবার রাতে আহতাবস্থায় তিন পরিদর্শক হাসপাতালে ভর্তি হন। তখন কারও অবস্থা ভালো ছিল না।হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক শেখ বোরহানউদ্দিন জানান, পরিদর্শক শফিউদ্দিন শেখের বাঁ চোখের অবস্থা গুরুতর। আঘাতে তাঁর চোখের পর্দার নিচে রক্ত জমাট বেঁধেছে। সাত দিন পর তাঁর চোখের অবস্থা সম্পর্কে বলা যাবে। অন্য দুই পরিদর্শক কিছুদিন চিকিৎসা নেওয়ার পর সেরে উঠবেন। রুহুল আমিনের বাঁ হাতের পেছনে ধারালো অস্ত্রের আঘাত এবং মাথায় হাড়ের ওপর জখম রয়েছে। আর গিয়াসউদ্দিনের নাক দিয়ে রক্ত ঝরছে।নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা পুলিশের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এ ঘটনায় তাঁরা ক্ষুব্ধ হয়েছেন। সবাই মনে করছেন, ফাঁদ পেতে গোয়েন্দা পুলিশের তিন কর্মকর্তাকে বিপাকে ফেলা হয়েছে।গোয়েন্দা কর্মকর্তারা জানান, এ ঘটনায় ডিবির হাতে আগে গ্রেপ্তার হওয়া ‘রয়েল চিটিং গ্রুপে’র নেতা জহিরুল ইসলাম জুয়েলকে এনএসআই কর্মকর্তা ব্যবহার করেন। জুয়েলের ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায়, তিনি কাফরুল থানার সেনপাড়া পর্বতার বাসিন্দা। সেখানে মা ও শিশু স্বাস্থ্য সেবাকেন্দ্র নামের একটি বেসরকারি ক্লিনিকের চেয়ারম্যান তিনি।কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, গতকাল সকালে ওই কেন্দ্রে গিয়ে জুয়েলকে পাওয়া যায়নি। তাঁকে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে এনএসআইয়ের একজন কর্মকর্তা বলেন, ‘আসলে আমরা বুঝতে পারিনি যে ওরা ডিবির লোক। আমরা ভেবেছিলাম, ওরা ভুয়া পুলিশ।’ ঘটনার তিন দিন আগে থেকে গোয়েন্দা কর্মকর্তারা ওদের পর্যবেক্ষণ করে। এরপর আটক করা হয়। তিন কর্মকর্তার ফোনালাপ তাঁদের কাছে ধারণ করা আছে বলে দাবি ওই কর্মকর্তার। তিনি আরও বলেন, এ ঘটনায় ডিবির একজন সহকারী কমিশনারও জড়িত রয়েছেন।গতকাল এক সংবাদ সম্মেলনে মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ বলেন, সহকারী কমিশনারসহ যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, সেগুলোর তদন্ত চলছে। প্রতিবেদন পাওয়ার পর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।