এনএসআইয়ের জড়িত থাকার কথা গোপন রাখতে বলেন বাবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) লোকজনকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।মহানগর পুলিশের সাবেক কমিশনার এস এম সাব্বির আলী গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই তথ্য দিয়েছেন। মহানগর হাকিমের খাসকামরায় বেলা সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া এই জবানবন্দি নথিভুক্ত করা হয়।জবানবন্দিতে সাব্বির আলী বলেন, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) জেটি ঘাটে ওই অস্ত্রের চালান আটক করা হয়। তখন তিনি চট্টগ্রামের পুলিশ কমিশনার ছিলেন। ওই অস্ত্র আটকের পরদিন ২ এপ্রিল তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হেলিকপ্টারে করে চট্টগ্রামে আসেন। তাঁর সঙ্গে আইজিপিও ছিলেন। তাঁরা সবাই দামপাড়া পুলিশ লাইনে এক বৈঠকে বসেন।আদালতে সাব্বির আলী বলেন, ‘বৈঠকের এক ফাঁকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও আইজিপিকে এই অস্ত্র চালানের সঙ্গে এনএসআইয়ের জড়িত থাকার বিষয়টি জানালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমাকে বলেন, আপনি এ ব্যাপারে আপাতত কাউকে কিছু বলবেন না এবং কিছু করবেন না। বিষয়টির ওপর একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তিনি (বাবর) আমাকে ও ডিসিকে (পোর্ট) নির্দেশ দেন, এ ব্যাপারে আমরা যেন কোথাও কিছু না বলি।’জবানবন্দিতে সাব্বির আলী দাবি করেন, পরবর্তী সময়ে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি চট্টগ্রামে এলে তিনি তাদেরও বলেছিলেন যে এই ঘটনার সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তৎকালীন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিমসহ অন্য কর্মকর্তারা জড়িত। কিন্তু তদন্ত কমিটির প্রধান তখনকার স্বরাষ্ট্রসচিব ওমর ফারুক এই তথ্যের প্রতি গুরুত্ব না দিয়ে বিনা মন্তব্যে বিষয়টি এড়িয়ে যান।১৫ পৃষ্ঠার দীর্ঘ জবানবন্দিতে সাব্বির বলেন, ‘এই মামলা তদন্তকালে আমি জানতে পারি, এনএসআইয়ের ফিল্ড অফিসার আকবর হোসেন অবৈধ অস্ত্র পরিবহনের জন্য ট্রাক ভাড়া করেন। এ ছাড়া ট্রলার থেকে মাল (অস্ত্র ও গোলাবারুদ) উত্তোলন এবং ট্রাকে ওঠানোর জন্য ক্রেনও তিনি ভাড়া করেছিলেন। তখন তাঁকে (আকবর) খুঁজে পাওয়া যায়নি।’অস্ত্র আটকের ঘটনা সম্পর্কে সাব্বির আলী বলেন, ‘রাত আড়াইটা-তিনটার দিকে ডিসি-পোর্ট (পুলিশের উপকমিশনার আবদুল্লাহ হেল বাকি) আমাকে জানান যে অবৈধ মালামালের একটি বাক্স খুলে তিনি অস্ত্র ও গোলাবারুদ দেখতে পান। এ ব্যাপারে তিনি পাঁচ ব্যক্তিকে আটক, পাঁচটি ট্রাক ও দুটি ট্রলার জব্দ করেছেন। ডিসি-পোর্ট আরও জানান, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের মধ্যে একজন নিজেকে এনএসআইয়ের উপপরিচালক মেজর লিয়াকত বলে পরিচয় দেন। সেই ব্যক্তি নাকি ডিসি-পোর্টকে বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মালামাল খালাস করা হচ্ছে। শুধু তাই নয়, মেজর লিয়াকত পরিচয় দেওয়া ওই ব্যক্তি ডিসি-পোর্টকে এনএসআইয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার রহিমের সঙ্গে মোবাইল ফোনে আলাপ করে দিতে চেয়েছিলেন। কিন্তু ডিসি-পোর্ট কথা বলতে রাজি হননি।’তৎকালীন পুলিশ কমিশনার আরও বলেন, এ ব্যাপারে তিনি রাতেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সঙ্গে ফোনে কথা বলেন। তখন বাবর বলেন, তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) উপমহাপরিদর্শক (ডিআইজি) শামসুল ইসলামের কাছে সব শুনেছেন এবং করণীয় সম্পর্কে বলেছেন। বাবর আরও বলেছেন, যেন এনএসআইয়ের কাউকে গ্রেপ্তার করা না হয়।ওই অস্ত্র চালান আটকের দুই মাস পর সাব্বির আলীকে বরিশাল বিভাগে ডিআইজি হিসেবে বদলি করা হয়। ২০০৭ সালের ২ ফেব্রুয়ারি তিনি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে অবসরে যান।প্রসঙ্গত, ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় জোট সরকারের আমলে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির মধ্যে তিনজন সম্প্রতি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা হলেন এনএসআইয়ের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এনামুর রহমান চৌধুরী, সাবেক ডিআইজি ফররুখ আহম্মদ ও শামসুল ইসলাম। সবাই তদন্ত প্রতিবেদনে প্রকৃত সত্য ধামাচাপা দেওয়ার ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিবের ওপর দায় চাপিয়েছেন বলে জানা গেছে।