২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল রহিমকে চার দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মুহাম্মদ আদনান এই রিমান্ড মঞ্জুর করেন।২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার সময় রেজ্জাকুল হায়দার চৌধুরী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) পরিচালক ও আবদুর রহিম এনএসআইয়ের ডিজি ছিলেন।গতকাল রিমান্ড শুনানিতে এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান বলেন, জঙ্গি নেতা মুফতি হান্নানের দেওয়া তথ্যের ভিত্তিতে এই দুজনকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। তদন্তের স্বার্থেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।এ সময় রেজ্জাকুল হায়দারের আইনজীবী সানাউল্লাহ মিয়া রিমান্ড আবেদনের বিরোধিতা করেন। তিনি আদালতকে বলেন, মুফতি হান্নানকে চাপ প্রয়োগ করে দ্বিতীয় দফা স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে। এর আগের জবানবন্দিতে মুফতি হান্নান রেজ্জাকুল হায়দার, আবদুর রহিম, বাবর কিংবা ডিউকের নাম বলেননি। এ পর্যন্ত ৬১ জন সাক্ষ্য দিয়েছেন। তাঁরা কেউ তাঁদের নাম বলেননি। আবদুর রহিমের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আদালতকে বলেন, ‘আজকের আসামিরা (রেজ্জাকুল ও রহিম) বিএনপি থেকে সংসদ নির্বাচনের সময় মনোনয়ন চেয়েছিলেন। তাই তাঁদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে। আসামিদের রিমান্ডে নেওয়ার মতো কোনো উপাদান নেই।’সৈয়দ রেজাউর রহমান আদালতকে বলেন, ঘটনার সময় রেজ্জাকুল হায়দার ও আবদুর রহিম রাষ্ট্রীয় দায়িত্বে এবং তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। আসামিরা পরস্পর যোগসাজশে পরিকল্পনা করে গ্রেনেড হামলা করেছিলেন। এ বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। রাষ্ট্রপক্ষে সৈয়দ রেজাউর রহমানকে শুনানিতে সহায়তা করেন আবদুল্লাহ আবু, শাহ আলম তালুকদার, আবুল কালাম, আকরাম উদ্দিন প্রমুখ আইনজীবী।