এনকেফালাইটিস সন্দেহে ঢাকা মেডিকেলে তিনজনকে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিপাহ ভাইরাসজনিত এনকেফালাইটিসে (মস্তিষ্কের প্রদাহ) আক্রান্ত সন্দেহে তিনজনকে গত বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে উত্তরাঞ্চলে এনকেফালাইটিসে মৃতের সংখ্যা ২৬ জনে দাঁড়াল।নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত দুজন চিকিৎসক জানান, শনিবার (আজ) রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআরবি) পাঠানো হবে। সেই প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এখন তাঁদের গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে রাজবাড়ী জেলার কল্যাণপুরের বাসিন্দা আবুল কালাম (৫৫), তাঁর ছেলে রাসেল ওরফে জিমি (১৮) ও ভাতিজা আবুল বাশার (১৮) হাসপাতালে ভর্তি হন।আবুল কালাম জানান, তাঁর স্ত্রী-সন্তানসহ পরিবারের সাতজন গত সোমবার সকালে খেজুরের রস খান। পরের দিন পাঁচজন জ্বর অনুভব করেন। এদের মধ্যে দুজন কয়েক ঘণ্টা পর সুস্থ হয়ে ওঠেন। তাঁকেসহ তিনজনকে ফরিদপুর হাসপাতালে নেওয়া হয়। খেজুরের রস পানে জ্বর হওয়ার কথা চিকিৎসকদের জানানো হলে তাঁরা নিপাহ ভাইরাসে আক্রান্ত সন্দেহে ঢাকার সাভারের এনাম মেডিকেলে ভর্তির পরামর্শ দেন। তিনি আরও জানান, এনাম মেডিকেলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাঁদের রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার রাত নয়টার দিকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসাধীন অবস্থায় গতকাল নীলফামারী সদরের ইটাখোলা এলাকার মাহফুজার রহমানের শিশুকন্যা মিম ও একই জেলার জলঢাকা উপজেলার সাতঘাট গ্রামের হামিদা বেগম মারা যান। এদিকে এনকেফালাইটিসে আক্রান্ত জলঢাকার আবুল কাশেমের শিশুকন্যা তামান্না ও দিনাজপুরের কাহারোল এলাকার ধীরেন্দ্র নাথের শিশুপুত্র মনোরঞ্জনকে গতকাল রংপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সব মিলিয়ে এনকেফালাইটিসে আক্রান্ত মোট ১৮ জন এই হাসপাতালে চিকিৎসাধীন।এনকেফালাইটিসে আক্রান্ত রোগীদের জন্য বিশেষ ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জাকির হোসেন গতকাল দুজনের মৃত্যু নিশ্চিত করেন।আর্থিক সহায়তা: লালমনিরহাটের হাতীবান্ধায় গত তিন দিনে নতুন করে কেউ এনকেফালাইটিসে আক্রান্ত হয়নি। স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে। স্থানীয় সাংসদ এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন গতকাল হাতীবান্ধা উপজেলা পরিষদ মিলনায়তনে এনকেফালাইটিসে মৃত ও চিকিৎসাধীন ২০ জনের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন।