এনকেফালাইটিসে আরও দুজনের মৃত্যু, রংপুর হাসপাতালে ভর্তি ১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বৃহস্পতিবার এনকেফালাইটিসে (মস্তিষ্কের প্রদাহ) আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিপাহ ভাইরাসজনিত মস্তিষ্কের প্রদাহে উত্তরাঞ্চলে মৃতের সংখ্যা ২৪ জনে দাঁড়াল। নিপাহ ভাইরাসে আক্রান্ত ১৮ জন এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।হাসপাতাল সূত্রে জানা যায়, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বিলাইচন্ডি গ্রামের মণি বেগম (১১) ও গাইবান্ধা সদরের রাধাকৃষ্ণপুর গ্রামের মোখতার হোসেন (৫৫) গতকাল মারা যান। জ্বর, বমি ও খিঁচুনিতে আক্রান্ত মণিকে গত বুধবার হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বেলা একটার দিকে সে মারা যায়। একই উপসর্গ নিয়ে গত শনিবার হাসপাতালে ভর্তি হন মোখতার হোসেন। গতকাল বেলা দুইটার দিকে তাঁর মৃত্যু হয়। সূত্র আরও জানায়, নিপাহ ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের জন্য হাসপাতালে বিশেষ ওয়ার্ড খোলা হয়েছে। ওই ওয়ার্ডে নীলফামারী সদরের ইটাখোলা এলাকার মাহফুজার রহমানের মেয়ে মিম (৪), জলঢাকার গুলমন্ড গ্রামের সেকেন্দার আলীর ছেলে নুর হোসেন (৬), শৈলমারীর সামছুল হকের মেয়ে সাবিনা (১১), ডিমলার ডাবলু মিয়ার মেয়ে ডলি (১৩), তালতলা গ্রামের জ্ঞানদাসী (৩৫), একই এলাকার মিনা বেগম (২০), লালমনিরহাট সদরের হরিণচড়া গ্রামের আদুরি (২৫), হাতীবান্ধা উপজেলার বেজগ্রামের লিটন মিয়ার মেয়ে ফারিয়া আখতার (৪), গেন্দুকুড়ি গ্রামের আশু মিয়ার মেয়ে কুলসুম (১৫), গুড্ডিমারীর মেরি (২৪), তুষভান্ডার এলাকার সাদেকুল ইসলাম (২৫), দিনাজপুরের ঘোড়াঘাট এলাকার মাসুদ রানা (২৫), কুড়িগ্রামের রৌমারী উপজেলার মিয়াচরের সৈয়দ আলীর মেয়ে আকাতুলি (১৮), গাইবান্ধার মাগুড়া গ্রামের মানিক মিয়ার ছেলে শামীমসহ (৮) ১৮ জন চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের পরিচালক তৌফিকুল ইসলাম এনকেফালাইটিসে গতকাল দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, মৃতের সংখ্যা ২৪ জনে পৌঁছেছে। নিপাহ ভাইরাস বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। প্রতিদিন নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে।