এনকেফালাইটিসে মৃত্যু আরও একজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিপাহ ভাইরাসজনিত এনকেফালাইটিসে (মস্তিষ্কের প্রদাহ) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল শনিবার একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে উত্তরাঞ্চলে এনকেফালাইটিসে মৃতের সংখ্যা ২৭ জনে দাঁড়াল। এদিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় এক শিশু মস্তিষ্কের প্রদাহে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করছেন চিকিৎসকেরা। তাকে ফরিদপুর শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।রংপুর হাসপাতাল সূত্রে জানা যায়, কয়েক দিন আগে অসুস্থ অবস্থায় দিনাজপুর জেলার কাহারোল উপজেলার শাহাপুর গ্রামের ধীরেন্দ্র নাথের শিশুপুত্র মনোরঞ্জনকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকালের দিকে সে মারা যায়। হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান জাকির হোসেন শিশু মনোরঞ্জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, এ রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। কোনো প্রতিষেধক না থাকায় মৃতের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যে ২৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক কয়েকটি দলে ভাগ হয়ে বিভিন্ন জেলায় চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, এখন হাসপাতালে ১১ জন চিকিৎসাধীন। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার আবদুল শিকদার ডাঙ্গি গ্রামের সালাউদ্দিন ফকিরের ছেলে রনি ফকির (৭) নিপাহ ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়েছে বলে চিকিৎসকেরা ধারণা করছেন। চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবিদুর রহমান জানান, ‘নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগীর সবগুলো উপসর্গ শিশুটির মধ্যে দেখা গেছে। তাই আমি তাকে ফরিদপুর শিশু হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছি।’ শিশুটির বাবা সালাউদ্দীন জানান, ‘শুক্রবার সকালে রনি খেজুরের রস পান করে। গভীর রাতে তীব্র জ্বর, মাথাব্যথা ও বমি শুরু হয়। গতকাল তাকে হাসপাতালে ভর্তি করেছি।’