এনকেফালাইটিসের কারণ নিপাহ ভাইরাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতীবান্ধায় নিপাহ ভাইরাসের কারণে মস্তিষ্কের প্রদাহ বা এনকেফালাইটিসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বাদুড় নিপাহ ভাইরাস বহন করে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বিজ্ঞানীরা বলছেন, বাদুড়ের কারণে খেজুরের রসের মাধ্যমে হাতীবান্ধা এলাকায় নিপাহ ভাইরাসজনিত এনকেফালাইটিসে মানুষ আক্রান্ত হচ্ছে।আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন, হাতীবান্ধা এলাকায় এনকেফালাইটিসের কারণ নিপাহ ভাইরাস। বাদুড় এই ভাইরাসের উৎস।’ তিনি খেজুরের কাঁচা রস না খাওয়ার পরামর্শ দিয়েছেন।আইইডিসিআর এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) আটজন বিজ্ঞানী ও কর্মকর্তার একটি দল ওই এলাকা সফরে যান। তাঁরা তথ্য সংগ্রহ করে দেখেছেন, এনকেফালাইটিসে আক্রান্ত ও মৃত ব্যক্তিদের অধিকাংশ কাঁচা খেজুরের রস পান করেছিল।ভাইরাস বিশেষজ্ঞ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. নজরুল ইসলাম বলেন, বাদুড় খেজুরের রস খাওয়ার সময় ভাইরাস ছড়ায়। সেই রস পান করলে মানুষও ভাইরাসে আক্রান্ত হয়। একইভাবে কাঁচা পেয়ারা, বরই বা অন্য ফল থেকে সংক্রমণ হতে পারে।বিশেষজ্ঞরা বলছেন, নিপাহর মতো একাধিক ভাইরাসের কারণে এনকেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহ হয়। এনকেফালাইটিসে তীব্র জ্বর, মাথা ব্যথার পাশাপাশি ঘাড় ও পিঠ শক্ত হয়ে যায়। বমির ভাব হয়। আক্রান্ত ব্যক্তি আলো সহ্য করতে পারে না। তীব্রতা বাড়লে হঠাৎ হূৎক্রিয়া বন্ধ হতে পারে। মানুষ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে।বিজ্ঞানী ও ভাইরাস বিশেষজ্ঞরা বলছেন, নিপাহ ভাইরাস খুবই প্রাণঘাতী। এতে মৃত্যুহারও খুব বেশি। মাহমুদুর রহমান বলেন, আক্রান্ত ব্যক্তিদের ৭৫ শতাংশ মারা যায়। তাঁদের হিসাবে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হাতীবান্ধায় ২২ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৪ জন।মানুষের মধ্যে নিপাহ ভাইরাসের সংক্রমণ প্রথম ধরা পড়ে ১৯৯৮ সালে মালয়েশিয়ায়। এরপর ১৯৯৯ সালে সিঙ্গাপুরে। দুই দেশে তখন ২৭৬ জন মারা যায়। আইইডিসিআর সূত্র জানায়, ২০০১ সালে মেহেরপুর জেলায় প্রথম নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর নওগাঁ (২০০৩), রাজবাড়ী (২০০৪ ও ২০০৮), ফরিদপুর (২০০৪), টাঙ্গাইল (২০০৫), ঠাকুরগাঁও (২০০৭), কুষ্টিয়া (২০০৭), মানিকগঞ্জ (২০০৮) এবং ফরিদপুর (২০১০) জেলায় পৃথক প্রাদুর্ভাব দেখা দেয়।মাহমুদুর রহমান বলেন, খেজুরের কাঁচা রস খাওয়া যাবে না। এ ছাড়া যেকোনো ফল ধুয়ে খেতে হবে। অর্ধ খাওয়া ফল খাওয়াই যাবে না। তিনি বলেন, বাদুড় দূরে রাখারও উদ্যোগ নিতে হবে। আক্রান্ত ব্যক্তির লালা ও হাঁচি-কাশি থেকে এই ভাইরাস ছড়ায়। সুতরাং আক্রান্ত ব্যক্তির বিছানা পৃথক হওয়া বাঞ্ছনীয়।স্বাস্থ্যসচিব মো. হুমায়ুন কবির বলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় পরিস্থিতির ওপর সারাক্ষণ দৃষ্টি রাখছে। আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় জেলা ও উপজেলা হাসপাতালকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।