এনজিও ও স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন-প্রক্রিয়া কঠোর হচ্ছে
এনজিও ও স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন-প্রক্রিয়া কঠোর করতে যাচ্ছে সরকার। এখন থেকে এনজিও ব্যুরো, সমাজসেবা অধিদপ্তর বা অন্য কোনো প্রতিষ্ঠান নিবন্ধনের জন্য একক অনুমতি দেবে না সরকার। নিবন্ধন পেতে কাজের ধরন অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বা দপ্তরে আবেদন করতে হবে। সেখান থেকে সুপারিশ পেলে ‘সামাজিক নিরাপত্তা বলয় সংরক্ষণ কর্তৃপক্ষ’ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সমাজকল্যাণ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি রূপরেখা তৈরি করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জানতে চাইলে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ প্রথম আলোকে বলেন, সমাজসেবা অধিদপ্তর ও এনজিও ব্যুরো থেকে ভিন্ন ভিন্ন সংস্থা পৃথক আইনে নিবন্ধন নিচ্ছে। মাঠপর্যায়ে এদের তদারকির ব্যবস্থা নেই। বিভিন্ন নিবন্ধন কর্তৃপক্ষ এবং স্বেচ্ছাসেবী সংস্থা ও এনজিওগুলোকে একটি বলয়ের (আমব্রেলা) মধ্যে নেওয়ার জন্য সরকার এ উদ্যোগ নিয়েছে।পৃথক আইনে নিবন্ধনের সমস্যা: সরকারি দলিলে বলা হয়েছে, স্বেচ্ছাসেবী সংস্থা ও এনজিওগুলো বিভিন্ন কর্তৃপক্ষের কাছে দায়বদ্ধ থাকলে নানা সমস্যা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ভোলা জেলার গ্রিন ক্রিসেন্ট সংস্থাটি স্বেচ্ছাসেবী সংস্থা (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ১৯৬১-এর আওতায় সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত। কিন্তু সম্প্রতি সংস্থাটির বিরুদ্ধে জঙ্গি তৎপরতার অভিযোগ উঠেছে। আর এর সব দায় পোহাতে হচ্ছে তাঁদের।যেসব আইনে নিবন্ধন দেওয়া হচ্ছে: বর্তমানে এনজিওগুলো স্বেচ্ছাসেবী সংস্থা (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ১৯৬১; দ্য সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০; দ্য ট্রাস্ট অ্যাক্ট ১৯৮২; দ্য কো-অপারেটিভ সোসাইটি অ্যাক্ট, ২০০১; কোম্পানি আইন, ১৯৯৪; মাইক্রোক্রেডিট রেগুলেটরি আইন, ২০০৬; দ্য ফরেন ডোনেশন (ভলান্টারি কনট্রিবিউশন) রেগুলেশন অর্ডিন্যান্স, ১৯৭৮ এবং দ্য ফরেন কনট্রিবিউশন রেগুলেশন অর্ডিন্যান্স, ১৯৮২—এসব আইনের আওতায় নিবন্ধন নিচ্ছে।এসব আইনের আওতায় সমাজসেবা অধিদপ্তর, মহিলাবিষয়ক অধিদপ্তর, সমবায় অধিদপ্তর, এনজিও ব্যুরো, রেজিস্ট্রার জয়েন্ট স্টক কোম্পানি, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও এনজিওকে নিবন্ধন দিচ্ছে। এদের আওতায় দেশে দুই লাখ ৪৭ হাজার ৬৩টি স্বেচ্ছাসেবী সংস্থা ও এনজিও কাজ করছে।সামাজিক নিরাপত্তাবলয় সংরক্ষণ কর্তৃপক্ষ: স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থাসমূহ নিবন্ধন আইন, ২০১০-এর ৪ ধারায় ‘সামাজিক নিরাপত্তাবলয় সংরক্ষণ কর্তৃপক্ষ’ গঠনের কথা বলা হয়েছে। পরিকল্পনামন্ত্রীর সভাপতিত্বে এই কমিটিতে স্বরাষ্ট্র ও সমাজকল্যাণমন্ত্রী, বাণিজ্য, অর্থ, ইআরডি, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, যুব ও ক্রীড়া, মহিলা ও শিশু, স্বরাষ্ট্রসচিবসহ ১৩ জন থাকবেন। কোনো সংস্থা যাতে রাষ্ট্রবিরোধী কাজে জড়িয়ে না পড়ে তা তদারক করতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহায়তা নেবে এই কর্তৃপক্ষ।সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে এ নিয়ে বৈঠক হয়েছে। তাতে ভারতসহ অন্যান্য দেশে এনজিওগুলো কীভাবে কাজ করে তা নিয়ে আলোচনা হয়। এনজিও প্রতিনিধি বৈঠকে জানান, ভারতে এনজিওগুলোর কার্যক্রমে সরকারি নিয়ন্ত্রণ রয়েছে। তবে আফ্রিকায় এনজিও নিবন্ধনের প্রক্রিয়া সহজ।সভায় সমাজকল্যাণ-সচিব বলেন, দায়বদ্ধতা সৃষ্টিতে নিবন্ধন নবায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবায়ন না হলে অনেক সময় এনজিও ধরাছোঁয়ার বাইরে চলে যায়।