কলাপাড়ার পাঁচ শতাধিক দুস্থ মানুষের সঞ্চয়ের নয় লক্ষাধিক টাকা নিয়ে ঢাকার এনজিও সোনালী উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তারা পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে সংস্থার মহাপরিচালকসহ নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।সোনালী উন্নয়ন ফাউন্ডেশনের কলাপাড়ার শাখা ব্যবস্থাপক মো. বজলুর রহমান তালুকদার ২৪ জানুয়ারি এ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন—এনজিওর মহাপরিচালক সামসুদ্দিন আযাদ, পরিচালক (অর্থ) সাবিনা ইয়াসমিন নাজনিন, সহকারী পরিচালক হারুন অর রশিদ বিশ্বাস, সহকারী পরিচালক মুজাফ্ফর আহম্মেদ, সহকারী পরিচালক গাজী হারুন অর রশিদ, বরিশালের আঞ্চলিক পরিচালক আ. রব, পটুয়াখালীর আঞ্চলিক ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন মোল্লা, বরগুনার শাখা ব্যবস্থাপক স্বপন কুমার সিকদার ও বরগুনার আঞ্চলিক ব্যবস্থাপক মো. বেল্লাল হোসেন।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ২০ ফেব্রুয়ারি সোনালী উন্নয়ন ফাউন্ডেশন (২০৫/৪ বেগম রোকেয়া সরণি, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭) কলাপাড়ায় আঞ্চলিক কার্যালয় খুলে এখানকার শাখা ব্যবস্থাপক হিসেবে মো. বজলুর রহমান তালুকদারকে এবং মাঠকর্মী হিসেবে আরও নয়জনকে নিয়োগ দেয়। সংস্থার নিয়ম অনুযায়ী বিভিন্ন এলাকা থেকে মাঠকর্মীরা ৫৬৯ জন সদস্য সংগ্রহ করেন। প্রতি সদস্য ১০০ থেকে ৫০০ টাকার মাসিক কিস্তিতে ৫-১০ বছর মেয়াদি ডিএসএস ও এসএসপি খোলে। গত বছরের এপ্রিল মাস পর্যন্ত মাসিক কিস্তির নয় লাখ টাকা সদস্যদের কাছ থেকে আদায় করে সংগঠনের ব্যাংক হিসাবে জমা রাখা হয়। শুরুতে সংস্থার পক্ষ থেকে জমা করা টাকার বিপরীতে ঋণ দেওয়ার কথা বলা হয়। কিন্তু সদস্যদের কাছ থেকে টাকা নিলেও তাঁদের ঋণ ও কর্মচারীদের বেতন দেওয়া হয়নি। বাধ্য হয়ে মামলার বাদী মাঠকর্মীদের মাধ্যমে কিস্তির টাকা আদায় বন্ধ করে দিলে এনজিওর মহাপরিচালক সামসুদ্দিন আযাদ গত বছরের ১০ আগস্ট তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন এবং উকিল নোটিশ পাঠিয়ে এর জবাব চান। একপর্যায়ে সংস্থা কলাপাড়ায় কার্যক্রম বন্ধ করে দেয়।উপজেলার লালুয়া ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের খোরশেদ আলম বলেন, ‘মোগো হ্যারা কইছে আমনেরা টাহা জোমা করলে লাভও পাইবেন, আবার ঋণও পাইবেন। মোরা হেই আশায় মাসে মাসে টাহা জোমা দিছি। এ্যাহন হ্যারা অফিস থুইয়া পলাইয়া গ্যাছে।’ টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের বাবুল খান বলেন, ‘প্রত্যেক সদস্য তিন থেকে চার হাজার টাহা জোমা করছি ঋণ পাওয়ার আশায়। এ্যাহন মোগো জোমা টাহারই কোনো খবর নাই।’এ ব্যাপারে সোনালী উন্নয়ন ফাউন্ডেশনের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা যায়নি। তবে কেন্দ্রীয় কার্যালয়ের সহকারী পরিচালক হারুনর রশিদ বিশ্বাস বলেন, ‘আসলে সদস্যদের ঋণ দেওয়ার কথা ঠিকই, কিন্তু হিসাব-নিকাশ সঠিকভাবে না হওয়ার কারণে মূলত সমস্যা হয়েছে। আমরা কিছু সমস্যার জন্য আপাতত কলাপাড়ার কার্যালয়টি বন্ধ রেখেছি। তবে আবার চালু করার চিন্তা আছে।’পটুয়াখালীর আঞ্চলিক ব্যবস্থাপক জসিম উদ্দিন মোল্লা বলেন, ‘আমরা কোনো সদস্যের টাকা আত্মসাত্ করিনি। সদস্যদের সব টাকা ফেরত দেওয়া হবে।’