এনজিও কার্যক্রম তদারকিতে বিশেষ সেল গঠনের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য তিন জেলায় বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) কার্যক্রম তদারকি করতে মন্ত্রণালয়কে একটি বিশেষ সেল গঠন করার সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির সভায় এ সুপারিশ করা হয়।কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, এ বি এম ফজলে করিম চৌধুরী, যতীন্দ্র লাল ত্রিপুরা, গিয়াস উদ্দিন আহমেদ ও মো. আবু জহির অংশ নেন। সভায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী, পার্বত্য চট্টগ্রামের তিন জেলার জেলা প্রশাসকেরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভাসূত্র জানায়, সভায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের এনজিওগুলোর সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। কমিটি পার্বত্য এলাকার এনজিওগুলোর কার্যক্রম জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করার পরামর্শ দেয়। সভায় একজন সদস্য অভিযোগ করেন, এনজিওগুলো সরকারি পাঠ্যক্রমের বাইরে নিজেদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। কমিটি বিষয়টি খতিয়ে দেখতে জেলা প্রশাসনকে পরামর্শ দেয়।সভা শেষে কমিটির সভাপতি শাহ আলম বলেন, পার্বত্য জেলাগুলোতে এনজিও কার্যক্রম নিয়ে নানা কথা রয়েছে। এ কারণেই এসব কার্যক্রম বিশেষভাবে খতিয়ে দেখতে বলা হয়েছে। এ জন্য একটি বিশেষ সেল করার সুপারিশ করেছে কমিটি।সভাসূত্র জানায়, সভায় পার্বত্য জেলাগুলোর স্কুল-কলেজগুলোতে শিক্ষকসংকট, স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে চিকিত্সকের অপ্রতুলতা এবং চিকিত্সাসেবার মান খারাপ হওয়ায় অসন্তোষ প্রকাশ করা হয়। পার্বত্য জনগোষ্ঠীর চাহিদার নিরিখে গভীর নলকূপ স্থাপন, নষ্ট নলকূপগুলোর সঠিক পরিসংখ্যান নেওয়া ও তালিকানুযায়ী মেরামত অথবা প্রতিস্থাপনের জন্য সভায় পরামর্শ দেওয়া হয়।এ ছাড়া সভায় হালদা নদীর মাছ রক্ষায় কর্ণফুলী কাগজকলের বর্জ্য নিঃসরণ বন্ধে ব্যবস্থা গ্রহণ, কাপ্তাই হ্রদ খনন, রাঙামাটিতে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় পুনঃস্থাপন বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।