এনজিও নিয়ন্ত্রণের আগে সরকারের নিজের দায়িত্ব পালন করা উচিত: আবেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারিদ্র্য বিমোচন ও দরিদ্র জনগণের ক্ষমতায়নের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চান ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফজলে হাসান আবেদ। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নাইটহুড খেতাব গ্রহণ করার পর সংবাদ সম্মেলনে এমন মতামত প্রকাশ করেন তিনি। সাম্প্রতিক সময়ে সরকারের এনজিও নিয়ন্ত্রণ মনোভাব ব্র্যাকের কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে কি না, এমন প্রশ্নের উত্তরে আবেদ বলেন, ‘সব সরকারই এনজিও নিয়ন্ত্রণ করবে বলে উচ্চবাচ্য করে।’ তবে তার আগে সরকারের নিজের দায়িত্ব পালন করা উচিত বলে তিনি মনে করেন। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের পক্ষে প্রিন্স অব ওয়েলস ফজলে হাসান আবেদের হাতে পদক তুলে দেন।১৯৪৭ সালের পর ফজলে হাসান আবেদই প্রথম বাংলাদেশি যিনি নাইটহুড উপাধিতে ভূষিত হলেন। বাংলাদেশ ছাড়াও এশিয়া, আফ্রিকা, আফগানিস্তানসহ বেশ কয়েকটি দেশে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার, সামাজিক উন্নয়ন ও দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে ব্র্যাক কর্মীদের চার দশকের পরিশ্রমের ফসল এই নাইটহুড পদক। তবে ফজলে হাসান আবেদ মনে করেন তাঁর কর্মীদের কাজের ফসলই আজকের এ খেতাব। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউকের পরিচালক সান্ড্রা এম কবির ও রেড ফোর্টের স্বত্বাধিকারী আমিন আলী।