এনজিও সরকারের প্রতিপক্ষ নয়: গওহর রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, এনজিও বা সুশীল সমাজ কখনোই সরকারের প্রতিপক্ষ নয়। বরং এনজিওগুলোকে সরকারের কাজের অংশীদার মনে করা হয়। সরকার সুশীল সমাজের কাজে বাধা দিচ্ছে, এমন অভিযোগ সত্যি নয়। গণতন্ত্রের বাইরে সুশীল সমাজ টিকে থাকতে পারে না।এনজিও ফোরাম বাংলাদেশের উদ্যোগে স্বাধীনতার ৪০ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনজিওগুলোকে উদ্দেশ করে গওহর রিজভী বলেন, ‘আপনাদের ভুল ভাঙ্গুক। আমরা বরং একসঙ্গে কাজ করি। বেশির ভাগ এনজিও ভালো কাজ করে। তবে কিছু এনজিওর সমস্যা আছে। আমরা চাই সব এনজিও ভালোভাবে কাজ করুক। সবাই যেন ভালোভাবে কাজ করতে পারে, সে জন্য সরকার একটি আইন করছে।’ এনজিওগুলো নিজেদের বাজেট প্রকাশ করছে, বার্ষিক প্রতিবেদন প্রকাশ করছে। এর মধ্যে দিয়ে জবাবদিহি বাড়ছে।এনজিও ব্যুরোর মহাপরিচালক নূরুনব্বী তালুকদার বলেন, এনজিওগুলোর জন্য একটি নতুন আইন করা হচ্ছে। তবে এনজিওকে নিয়ন্ত্রণের জন্য নয় বরং কাজ আরও এগিয়ে নেওয়ার জন্যই এ আইন। এ আইন করতে গিয়ে এনজিওগুলোর মতামত নিতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের বাংলাদেশ প্রতিনিধি পল ও ব্যইন এবং অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর।