এনজিওগুলোর কার্যক্রম মূল্যায়নের সময় এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবিসি বাংলাদেশ সংলাপে বক্তারা বলেছেন, বাংলাদেশকে বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) মডেল বলা হয়। কিন্তু বাংলাদেশের উন্নয়নে এনজিও-গুলোর কার্যক্রম মূল্যায়নের সময় এসেছে। বক্তারা সামাজিক উন্নয়নসহ সব ক্ষেত্রে নারীর অংশীদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন।গতকাল শনিবার বাংলা একাডেমী চত্বরে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপের জন্য একাডেমী চত্বরে বিশেষ আলোক-সজ্জার ব্যবস্থা করে বিবিসি বাংলাদেশ। সংলাপের বিষয় ছিল বাংলাদেশের সামাজিক উন্নয়ন।সংলাপের এবারের পর্বে অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সাংসদ মহীউদ্দীন খান আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, অর্থনীতিবিদ আনু মুহাম্মদ এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।সামাজিক উন্নয়নে এনজিওগুলো যথাযথ ভূমিকা পালন করছে কি না—এমন প্রশ্নের জবাবে আনু মুহাম্মদ বলেন, অনেক এনজিও এখন সেবামূলক প্রতিষ্ঠান থেকে ব্যবসামূলক প্রতিষ্ঠান হয়ে গেছে। এটি উন্নয়নের জন্য একটি বড় সমস্যা। এ ব্যাপারে একটি নির্দেশনা ঠিক করা দরকার।মহীউদ্দীন খান বলেন, এনজিওগুলো কীভাবে চলবে, সে জন্য আইন আছে। সে আইন মেনে চলা উচিত। আর এনজিওগুলোর প্রশাসনিক কাঠামো গণতান্ত্রিক প্রক্রিয়ায় হওয়া উচিত।রাশেদা কে চৌধুরী বলেন, কিছু কিছু এনজিওর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। কিন্তু ঢালাওভাবে সব এনজিওকে দায়ী করা ঠিক নয়। কারণ, অনেক এনজিও উন্নয়নে ভূমিকা রাখছে। আনু মুহাম্মদ বলেন, এনজিওগুলো সত্যিকারভাবে কাজ করতে পারলে দারিদ্র্য দূর করা সম্ভব।বাংলাদেশের সামাজিক উন্নয়নের ক্ষেত্রে ধীরগতির কারণ সম্পর্কে একজন দর্শক জানতে চাইলে রাশেদা কে চৌধুরী বলেন, ‘প্রাথমিক শিক্ষাসহ অনেক ক্ষেত্রে অগ্রগতি হলেও সামাজিক উন্নয়নের সূচকে আমরা দ্রুত চলছি না। এ জন্য রাজনৈতিক সদিচ্ছা ও সুশাসন দরকার। আর সংখ্যার দিক থেকে শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি হলেও এবার মান বাড়াতে হবে।’ আনু মুহাম্মদ বলেন, সম্ভাবনা অনুযায়ী বাংলাদেশের উন্নয়ন হয়নি। অনেক ভালো স্কুল ও ভালো ক্লিনিক হয়েছে। কিন্তু ব্যয়বহুল এসব জায়গায় বেশির ভাগ মানুষের প্রবেশাধিকার নেই। অথচ শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু রাষ্ট্র এখন সেই দায়িত্ব থেকে অনেকটাই সরে এসেছে। মঈন খান বলেন, উন্নয়নের জন্য সব সরকারই চেষ্টা করে। কিন্তু যাদের মাধ্যমে সেবাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছানোর কথা, সেই সরকারি কর্মকর্তারা এখনো ঔপনিবেশিক ধ্যানধারণায় আছেন। তাঁরা জনগণকে সেবার বদলে হয়রানি করেন। ফলে অনেক সময়েই সেবা পৌঁছে না।মহীউদ্দীন খান বলেন, বর্তমান সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, সেগুলো বাস্তবায়িত হলে সামাজিক উন্নয়ন বাড়বে। তিনি বলেন, বিভিন্ন সময়ে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে। উন্নয়নের ক্ষেত্রে এটিও একটি সমস্যা।সামাজিক উন্নয়নে নারীদের অংশগ্রহণের বিষয়ে আরেক দর্শক জানতে চাইলে রাশেদা কে চৌধুরী বলেন, সব জায়গায় নারীর অংশগ্রহণ থাকলেও অংশীদারি নেই। কিন্তু উন্নয়নের জন্য অংশীদারি ও অধিকার বাড়াতে হবে। মহীউদ্দীন খান আরও বলেন, যেভাবে মেয়েরা শিক্ষিত হয়ে আসছে, তাতে একদিন এ সমস্যা কেটে যাবে। তিনি বলেন, এ দেশের হিন্দু নারীরা এখনো সম্পত্তিতে অধিকার পান না। সংস্কারমূলক পদক্ষেপ নিয়ে এই বিষয়গুলো সংশোধন করতে হবে। এ জন্য সরকার কোনো নিয়ম করতে চায় না, বরং হিন্দু পুরুষদেরই এগিয়ে আসতে হবে। মঈন খান বলেন, পুরুষশাসিত সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়নি। এ জন্য প্রয়োজন শিক্ষা। আনু মুহাম্মদ বলেন, একজন নারীর ক্ষমতায়ন হলে বা তিনি সম্পত্তিতে অধিকার পেলে এতে পুরুষেরই লাভ। কারণ, প্রত্যেক নারীই কারও বোন, কারও মা, কারও স্ত্রী।জঙ্গি তত্পরতা সামাজিক উন্নয়নকে কতটা বাধাগ্রস্ত করছে—এমন প্রশ্নের জবাবে মহীউদ্দীন খান বলেন, ধর্মীয় অনুশাসনের ভয় দেখিয়ে জঙ্গিবাদ সামাজিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে। রাশেদা কে চৌধুরী বলেন, জঙ্গিবাদ ও উগ্রবাদের কারণে সমাজের পিছিয়ে পড়া মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।