এনজিওগুলোর দায়বদ্ধ হওয়া উচিত জনগণের কাছে: গওহর রিজভী
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, বেসরকারি সংস্থাগুলো (এনজিও) মনে করে, তাদের দায়বদ্ধ হওয়া উচিত দাতাদের কাছে। কিন্তু প্রকৃত অর্থে তাদের দায়বদ্ধ হওয়া উচিত জনগণের কাছে।গওহর রিজভী প্রশ্ন রাখেন, কতগুলো এনজিও জনগণের কথা বুঝতে পারে? জনগণের কথা ভেবে কাজ করে? কতগুলো এনজিওতে তৃণমূল থেকে উঠে আসা মানুষের কাজের সুযোগ মেলে? তিনি বলেন, ‘আমার মনে হয়, এ প্রশ্নগুলোর উত্তর এনজিওগুলোর খুঁজে বের করা উচিত।’প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, কোনো বিশেষজ্ঞ বা পরামর্শক সমস্যার সমাধান দিতে পারবে না। সমস্যার সমাধান দিতে পরবে জনগণ। কাজেই জনগণের কাছে ফিরে যেতে হবে। মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত এনজিও গভর্নেন্স স্টাডি বিষয়ে মতবিনিময় ও প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনজিগুলোর আর্থিক কার্যক্রমকে আরও স্বচ্ছ করার দাবি জানিয়ে বলেন, বছর শেষে এনজিওগুলো দাতাদের হিসাব দেয়। সরকারের এনজিও ব্যুরোর কাছেও হয়তো তারা হিসাব দাখিল করে। কিন্তু একই সঙ্গে জনগণকে সব তথ্য জানানো উচিত। কাজেই জনগণের দেখার সুবিধার্থে এনজিওগুলোর খরচ ও উন্নয়নের বাজেট ওয়েবসাইটে প্রকাশ করা উচিত।অনুষ্ঠানে এনজিও ব্যুরোর মহাপরিচালক নুরুন্নবী তালুকদার বলেন, দেশে যেমন ভালো এনজিও আছে, তেমন খারাপ কিছু এনজিও আছে। এনজিওগুলোর উচিত নির্বাহী কমিটির মাধ্যমে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া। সরকার এনজিওগুলোকে উন্নয়নকাজের অংশীদার মনে করে।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, অস্তিত্বের প্রয়োজনে এনজিওগুলোকে আরও ভালোভাবে কাজ করতে হবে।