রাজধানীর মোহাম্মদপুরে একটি বেসরকারি সংস্থার (এনজিও) আশ্রয়কেন্দ্রে অভিযান চালিয়ে সংস্থার প্রধানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। সেখান থেকে আট শিশুকে উদ্ধার করে তারা।গত মঙ্গলবার বেলা সোয়া তিনটায় র্যাব এই অভিযান চালায় এবং গতকাল বুধবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলন করে তা গণমাধ্যমকে জানায়। র্যাব দাবি করে, তারা মোহাম্মদপুরের একটি বাসায় অভিযান চালিয়ে পাচারের উদ্দেশে জড়ো করা আট শিশুকে উদ্ধার এবং পাঁচ পাচারকারীকে গ্রেপ্তার করেছে।অবশ্য র্যাবের ওই সংবাদ সম্মেলনেই গ্রেপ্তার হওয়া এনজিওটির প্রধান কাজী আহমেদ জাকী সাংবাদিকদের বলেছেন, তাঁরা ভাসমান শিশুদের নিয়ে কাজ করেন। তাঁর বিরুদ্ধে র্যাবের আনা অভিযোগ সঠিক নয়।র্যাবের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, কাজী আহমেদ জাকী স্বাস্থ্য অধিদপ্তরের অধীন জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা।ওই এলাকায় ঘুরে জানা গেছে, ওই বাসাটি যুক্তরাজ্যভিত্তিক এনজিও রেস্টলেস বিয়িংয়ের আশ্রয়কেন্দ্র। এনজিওটির পক্ষ থেকে দাবি করা হয়, এখানে তারা ভাসমান শিশুদের আশ্রয় ও বিভিন্ন বিষয়ে শিক্ষা-প্রশিক্ষণ দেয়। এনজিওটির ওয়েবসাইটে দেখা যায়, প্রতিষ্ঠানটি বাংলাদেশের পথশিশু, মিয়ানমারের রোহিঙ্গা, কিরগিজস্তানের উইঘুর সম্প্রদায় ও যুক্তরাজ্যে রোমা ভবঘুরেদের নিয়ে কাজ করে। বাংলাদেশের ভাসমান পথশিশুদের আশ্রয়, শারীরিক ও মানসিক চিকিৎসা ইত্যাদি দিয়ে থাকে সংস্থাটি।পুলিশ সূত্র জানায়, এনজিওটি বাংলাদেশে নিবন্ধিত নয়। শিশুরা ওই এনজিও কর্মকর্তাদের সম্পর্কে খারাপ কিছু বলেনি। কী হিসেবে তাদের পাচারকারী বলা হলো, তা স্পষ্ট করেনি র্যাব। তাই এনজিওটি শিশু পাচারকেন্দ্র কি না, তা তদন্তের আগে বলা যাবে না।গতকাল র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্রে র্যাব জানতে পারে যে ওই বাসায় কিছু শিশুকে মিথ্যা প্রলোভন দিয়ে পাচারের উদ্দেশে জড়ো করেছে কয়েকজন মানবপাচারকারী। এরপর র্যাব-২-এর একটি দল গিয়ে আট শিশুকে উদ্ধার করে ও পাঁচজনকে গ্রেপ্তার করে।মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে র্যাব-২-এর একটি দল মোহাম্মদপুরের বিজলী মহল্লার ২২/২০ জান্নাতবাগ জয়েন্ট কোয়ার্টারের বাসাটি থেকে ওই শিশুদের উদ্ধার করে। এ সময় র্যাব রেস্টলেস বিয়িং নামের এনজিওটির বাংলাদেশ শাখার পরিচালক কাজী আহমেদ জাকী (৩৭), কর্মী মিলন সরকার (২৬), সাহেরা বেগম (৩৯), জালালউদ্দীন (২৬) ও সুফিয়া খাতুনকে (৫৭) গ্রেপ্তার করে। এঁদের মধ্যে জালাল রোহিঙ্গা শরণার্থী। এ বিষয়ে র্যাবের উপসহকারী পরিচালক ওয়াহিদ মিয়া বাদী হয়ে এই পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেন। গতকালই পুলিশ তাঁদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক সিহাবউদ্দীন প্রথম আলোকে বলেন, আটটি শিশুর কোনো অভিভাবক পাওয়া যায়নি। এদের মধ্যে মেয়েশিশুটিকে টঙ্গী কিশোর শোধনাগারে ও বাকি ছেলেশিশুকে গাজীপুরের কিশোর শোধনাগারে নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়েছে। তিনি জানান, শিশুরা পুলিশকে জানিয়েছে কমলাপুর স্টেশন থেকে খাবার, আশ্রয়, লেখাপড়া করানোর কথা বলে তাদের এখানে আনা হয়েছে। এখানে আসার পর কেউ শিশুদের সঙ্গে খারাপ ব্যবহার করেনি।এদিকে রেস্টলেস বিয়িং এনজিওর দুই স্বেচ্ছাসেবক শিক্ষকের সঙ্গে প্রথম আলোর কথা হয়। তাঁরা র্যাবের হয়রানির ভয়ে নাম প্রকাশ করতে রাজি হননি। তাঁরা জানান, গত এক-দেড় বছর প্রতিষ্ঠানটি শিশুদের নিয়ে কাজ করে আসছে। তাঁরা মূলত কমলাপুর রেলস্টেশন থেকে অভিভাবকহীন শিশুদের এনে আশ্রয় ও শিক্ষাসেবা দিয়ে থাকেন। কিছু তরুণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শিশুদের শিক্ষা দেন। এনজিওটির প্রধান জাকী পেশায় একজন চিকিৎসক। তাঁর মা-বাবা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। যে বাড়িতে প্রতিষ্ঠানটি চলত, তা জাকীর নিজস্ব সম্পত্তি।