এনটিভি, বাংলাভিশন, সকালের খবরের কর্মকর্তাকে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যমে বিজ্ঞাপন প্রকাশ ছাড়া তেজগাঁও শিল্প এলাকায় প্লট বরাদ্দ পাওয়া ২০ জনকে তলব করেছেন হাইকোর্ট। এ বিষয়ে ব্যাখ্যা জানাতে আগামী ১২ জুন তাঁদের সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে।আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।২২ মে হাইকোর্ট আইনি প্রক্রিয়া ও বিজ্ঞাপন ছাড়া প্লট বরাদ্দ পাওয়া ব্যক্তিদের তালিকা আদালতে দাখিল করতে সময় বেঁধে দিয়েছিলেন। এ নির্দেশনা অনুসারে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে আজ একটি তালিকা দাখিল করা হয়।রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন তালিকাটি তুলে ধরেন। সংক্ষিপ্ত শুনানির পর আদালত ২০ জনকে হাজির হওয়ার নির্দেশ দেন। সাংবাদিকদের এ বি এম আলতাফ হোসেন জানান, ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত বরাদ্দ পাওয়া ব্যক্তিদের তালিকা আদালতে তুলে ধরা হয়েছে। তালিকায় রয়েছেন শ্যামল বাংলা লিমিটেডের (বাংলাভিশনের) চেয়ারম্যান আবদুল হক; ব্রাদার্স গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান আমিনুল ইসলাম; গ্রিন ওয়েজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী; সাপ্তাহিক রোববারের প্রকাশক সাজু হোসেন; দৈনিক সকালের খবরের মালিক, প্রকাশক ও সম্পাদক বেগম তাহমিনা শওকত; ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক; দৈনিক পথযাত্রার প্রকাশক ও সম্পাদক কে এম শহীদুল্লাহ; এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এম এনায়েতুর রহমান; দৈনিক পূর্বাভাষ মিডিয়া অ্যান্ড পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক কে ওয়াই মো. কামাল; প্যাসিফিক কেমিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক; মেসার্স উম্মে খান ফ্যাশন লিমিটেডের উম্মে এ জে খান।২০০৬ সালে পাওয়া এ বরাদ্দের তালিকায় ফোকাস ফ্যাশন লিমিটেডের পরিচালক নাজমা ইসলামের নামও রয়েছে। এ ছাড়া তালিকায় চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুনের নাম থাকলেও নিরাপত্তার কথা বিবেচনা করে তাঁকে ডাকা হয়নি বলে জানিয়েছেন এ বি এম আলতাফ হোসেন।প্লট বরাদ্দ পাওয়াদের তালিকায় আরও আছেন ডাইপার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লুত্ফর রহমান; রূপালী সোয়েটার্স ইন্ডাট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিক উল্লাহ; খবরপত্রের প্রকাশক হাফিজ ইব্রাহিম। বাংলাদেশ টেলিকম লিমিটেডের পরিচালক এম শাহজাদ আলী; অটো ফ্লাওয়ার লিমিটেডের স্বত্বাধিকারী বি ইউ চৌধুরী; আশাপোলি অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের প্রোপাইটার নাসির উদ্দিন আহমেদ; শ্যাম ট্যাক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালন মো. শাহ আলম; মেসার্স জাহিদ ট্রেডার্স অ্যান্ড সোয়ামিলের মো. রুহুল আমিন ভূঁইয়া।২০০৪ সালে প্লট বরাদ্দ পাওয়াদের মধ্যে দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসমত আলীও রয়েছেন।জানা যায়, তেজগাঁও শিল্প এলাকায় প্লট বরাদ্দ বিষয়ে ‘রাস্তাকে প্লট বানিয়ে ভাগাভাগি’ এবং ‘সড়ক প্রকল্প রাতারাতি হয়ে গেল শিল্প প্লট’ শিরোনামে দুটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এটা আদালতের নজরে আনা হলে ৯ মে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুল জারি করেন। পাশাপাশি ব্যাখ্যা জানতে বিএনপির নেতা ও সাবেক দুই প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া ও মেজর (অব.) কামরুল ইসলাম ও তাঁর স্ত্রী নাজমা ইসলাম ও জিয়াউল হক জিয়ার ছেলে জয় ১৬ মে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন।এ ছাড়া রাজউকের চেয়ারম্যান, গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও দৈনিক সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খানকে আসতে বলা হয়।২২ মে হাতিরঝিল-বেগুনবাড়ী ও তেজগাঁও শিল্প এলাকায় প্লট বরাদ্দে অনিয়ম হয়েছে কি না, তা তদন্তে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আবু আলম শহীদ খান, আইনসচিব আশীষ রঞ্জন দাশ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইকবাল মাহমুদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাজিম উদ্দিন চৌধুরীকে রাখতে বলা হয়েছে।