এনটিসিকে আফ্রিকান ইউনিয়নের স্বীকৃতি
লিবিয়ার বিদ্রোহীদের ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলকে (এনটিসি) স্বীকৃতি দিয়েছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে গতকাল মঙ্গলবার এনটিসির প্রধান মুস্তফা আবদেল জলিলের বৈঠকের পর এইউ এ স্বীকৃতি দিল। নিউইয়র্কে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।এইউ জানিয়েছে, তারা কার্যকর একটি সরকার গঠনে এনটিসিকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। এইউর প্রধান টেডোরো ওবিয়াং নগুয়েমা গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের প্রাক্কালে বলেন, ‘ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ লিবিয়া গঠনে দেশটির জনগণকে সহায়তা করছে এইউ।’এনটিসি প্রধানের সঙ্গে বৈঠকে ওবামা বলেছেন, ত্রিপোলির মার্কিন দূতাবাস আবার কাজ শুরু করতে যাচ্ছে। এ জন্য মার্কিন রাষ্ট্রদূত ইতিমধ্যে ত্রিপোলিতে ফেরার পথে রয়েছেন। এনটিসি প্রধান আবদেল জলিল বলেন, গাদ্দাফি এখনো লিবিয়াতে অবস্থান করছেন। তিনি শুধু লিবীয়দের জন্য নয়, গোটা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকি।বিদ্রোহীদের একজন কমান্ডার বলেছেন, ক্ষমতাচ্যুত গাদ্দাফি বাহিনী এখনো ভাড়াটে সেনা নিয়োগ অব্যাহত রেখেছে।এদিকে লিবিয়ায় আগামী ১০ দিনের মধ্যে নতুন সরকার গঠন করা হতে পারে বলেছেন এনটিসির প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিল। তিনি গতকাল জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে এক সম্মেলনে বলেন, ‘আমি আশা করছি, সর্বোচ্চ ১০ দিনের মধ্যে নতুন সরকারের ঘোষণা আসতে পারে।’ বিবিসি অনলাইন ও রয়টার্স।