এনপিটি চুক্তিতে স্বাক্ষর করার আহ্বান প্রত্যাখ্যান করল ইসরায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষরকারী দেশগুলোর এক ঘোষণাকে গতকাল শনিবার ইসরায়েল ‘ত্রুটি ও ভণ্ডামিপূর্ণ’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করে। দেশগুলো ইসরায়েলের প্রতি এনপিটিতে স্বাক্ষর করা ও তার পারমাণবিক স্থাপনাগুলোকে জাতিসংঘের পরিদর্শন কর্মসূচির আওতাধীন করার আহ্বান জানায়।মার্কিন যুক্তরাষ্ট্রসহ এনপিটিতে স্বাক্ষরকারী ১৮৯টি দেশের সবাই শুক্রবার এক ঘোষণায় মধ্যপ্রাচ্যে গণবিধ্বংসী অস্ত্র নিষিদ্ধ করার লক্ষ্যে ২০১২ সালে অনুষ্ঠেয় এক সম্মেলনে ইসরায়েলকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়।এক ই-মেইল বার্তায় ইসরায়েলি সরকার জানায়, এনপিটিতে স্বাক্ষর করেনি এমন একটি দেশ হিসেবে ইসরায়েল পরমাণু অস্ত্র বিস্তার রোধ সম্মেলনের সিদ্ধান্ত মানতে বাধ্য নয়, কেননা ইসরায়েলের ওপর তার কোনো কর্তৃত্ব নেই। ই-মেইল বার্তায় আরও বলা হয়, প্রস্তাবটিকে বিকৃত প্রকৃতি বিবেচনা করে ইসরায়েলের পক্ষে তার বাস্তবায়নে অংশগ্রহণ করা সম্ভব নয়।সম্মেলন শেষে ২৮ পৃষ্ঠার এক ঘোষণায় বলা হয়, জাতিসংঘের মহাসচিব বান কি মুন এবং প্রধান কয়েকটি দেশ ইসরায়েল, ইরানসহ মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের একটি সম্মেলনের আয়োজন করবে।ধারণা করা হয় যে ইসরায়েলের একটি বড় আকারের পরমাণু অস্ত্রভান্ডার রয়েছে। তবে দেশটি বিষয়টি স্বীকার বা অস্বীকার কিছুই করেনি। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে একমাত্র ইসরায়েলই এনপিটিতে স্বাক্ষর করেনি। —রয়টার্স