নৌপথে ট্রানজিট ফি ছাড় দিয়ে আদেশ জারি করেও তা আবার প্রত্যাহার করে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল বুধবার এ-সংক্রান্ত একটি এসআরও জারি করেও কিছুক্ষণ পরই তা প্রত্যাহার করে নেওয়া হয়।অধিকতর সংশোধনের জন্য এসআরওটি প্রত্যাহার করা হয়েছে বলে এনবিআর বলছে। তবে একটি সূত্র জানায়, ট্রানজিট ও ট্রানশিপমেন্ট নিয়ে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণেই গতকাল এমনটি ঘটেছে।ট্রানজিট নিয়ে সরকারি সংস্থাগুলোর কাজের সমন্বয়হীনতার বিষয়ে একমত প্রকাশ করেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান। গতকাল প্রথম আলোকে তিনি বলেন, ট্রানজিট বিষয়টি শুধু এনবিআরের বিষয় নয়। এর সঙ্গে জড়িত রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, রেল, সড়ক বিভাগ ও কাস্টম বিভাগ। পরস্পরের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া উচিত। এখন পর্যন্ত ট্রানজিট বিষয়ে সরকারের কোনো সংস্থার পক্ষ থেকে ট্যারিফ কমিশনের কোনো মতামত নেওয়া হয়নি বলেও তিনি জানান। উল্লেখ্য, ৭ নভেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেছিলেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে ট্রানজিট ফি চূড়ান্ত করা হবে। ইতিমধ্যে বিভিন্ন দেশের ট্রানজিট ফি কত, তা সংগ্রহ করা হয়েছে। এদিকে, গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানের সভাপতিত্বে ট্রানজিট-সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে অর্থ, বাণিজ্য, নৌপরিবহন, যোগাযোগ, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। সেই বৈঠকে ট্রানজিট-প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে সিদ্ধান্ত উপনীত হওয়ার পরামর্শ দেওয়া হয়।এর আগে গত সেপ্টেম্বর মাসে ভারতীয় দুটি পণ্যবাহী জাহাজকে ভারতীয় হাইকমিশনের হস্তক্ষেপে ট্রানজিট ফি ছাড়াই বাংলাদেশের নৌপথ ব্যবহার করতে দেওয়া হয়। গত ২২ সেপ্টেম্বর কলকাতা থেকে নৌপথে দক্ষিণাঞ্চলের শেখবাড়িয়ায় ৭৫০ মেট্রিক টন ফ্লাইঅ্যাশ নিয়ে গৌরীগঙ্গা ও কাবেরী নামে ভারতীয় দুটি জাহাজ আসে। ভারতীয় কর্তৃপক্ষ ট্রানজিট ফি না নেওয়ার অনুরোধ করে। কিন্তু কাস্টম কর্তৃপক্ষ ট্রানজিট ফি আদায়ে অনড় থেকে আটকে দেয় জাহাজ দুটি। পরে ভারতীয় হাইকমিশন ট্রানজিট ফি ছাড়াই শুল্কায়ন-প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এনবিআরকে অনুরোধ জানিয়ে চিঠি দেয়। চিঠিতে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার বরাত দিয়ে ভারতীয় হাইকমিশন জানায়, ট্রানজিট ফি প্রত্যাহারের বিষয়টি যেহেতু বিবেচনাধীন রয়েছে, তাই অন্তর্বর্তীকালীন সময়ে যেন ট্রানজিট ফি আদায় না করা হয়।পরে ব্যাংক গ্যারান্টি নিয়ে পণ্যবাহী জাহাজকে ট্রানজিট দেওয়া হয়। ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান নৌ-প্রটোকলের আওতায় ট্রানজিট ফি ছাড়াই নৌপথে ভারতীয় পণ্য পরিবহনের সুযোগ দেওয়া ছিল। কিন্তু গত ১ জুলাই থেকে ট্রানশিপমেন্ট ও ট্রানজিট বিধিমালা ২০১০ কার্যকর করা হয়। তবে নৌ-প্রটোকল বাতিল কিংবা স্থগিত করা হয়নি। এমনকি নৌপথে ট্রানজিট ফি নির্ধারণের ক্ষেত্রে নৌপরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলেও একাধিক কাস্টমস কর্মকর্তা জানান।গত ১ জুলাই জারি হওয়া ট্রানশিপমেন্ট ও ট্রানজিট পণ্যের কাস্টমস বিধিমালা অনুযায়ী, নৌপথে আসা প্রতি টন পণ্যে এক হাজার টাকা ট্রানজিট ফি নেওয়ার বিধান রাখা হয়েছে। একই বিধিমালা অনুযায়ী, সড়কপথে বা রেলপথে প্রতি ২০ ফুট কনটেইনারের জন্য ১০ হাজার টাকা, কাভার্ড ভ্যান বা ট্রাকে প্রতি টনে এক হাজার টাকা এবং বাল্ক পণ্যে প্রতি টনে এক হাজার টাকা ট্রানজিট ফি রয়েছে। ট্রানজিট ফি ছাড়াও স্ক্যানিং চার্জ, শুল্ক ব্যতীত অন্য চার্জ বা টোল প্রযোজ্য হবে।