এনবিআরের চিঠির পরিপ্রেক্ষিতে গ্রামীণফোনের উৎসে কর জমা
দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স নবায়ন ফি ও স্পেকট্রাম চার্জের উৎসে কর হিসেবে ২৩৯ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে গ্রামীণফোন। আজ মঙ্গলবার বিকেলে এ অর্থ জমা দিয়েছে গ্রামীণফোন। গত রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাঠানো এক তাগাদাপত্রের পরিপ্রেক্ষিতে এ অর্থ জমা দিয়েছে তারা।বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) ভ্যাট সূত্রে জানা গেছে, পাওনা টাকা চেয়ে বারবার তাগাদা দেওয়ার পরও গ্রামীণফোন টাকা জমা দেয়নি। তাই ওই তাগাদাপত্র পাঠায় এনবিআর। অন্যথা গ্রামীণফোনের ব্যাংক হিসাব জব্দ ও জব্দ করা ব্যাংক হিসাব থেকে সরকারের পাওনা অর্থ কেটে রাখা হবে বলে চিঠিতে জানানো হয়।দ্বিতীয় প্রজন্মের লাইসেন্স নবায়ন করতে গত বছর ১৭ অক্টোবর লাইসেন্স নবায়ন ও স্পেকট্রাম বরাদ্দ ফি বাবদ গ্রামীণফোনকে তিন হাজার ৬২৪ কোটি টাকা পরিশোধ করতে চিঠি দেয় বিটিআরসি। এর পরিপ্রেক্ষিতে বিটিআরসির পাওনা অর্থ থেকে গ্রামীণফোন উেস কর বাবদ ২৩৯ কোটি টাকা কেটে রেখে বাকি অর্থ জমা দেয়। একইভাবে লাইসেন্স নবায়নের অপেক্ষায় থাকা অন্য অপারেটরগুলোও উেস কর কেটে রেখে বাকি টাকা জমা দেয়।এ বিষয়ে জানতে চাইলে গ্রামীণফোনের করপোরেট-কমিউনিকেশন বিভাগের প্রধান সৈয়দ তাহমিদ আজিজুল হক ‘প্রথম আলো’কে জানান, এনবিআরের চিঠির পরিপ্রেক্ষিতে গ্রামীণফোন আজ ২৩৯ কোটি ৭৩ লাখ টাকা জমা দিয়েছে। বাকি পাওনা যদি আদালতের রায়ে দিতে বলা হয়, তবে সেটাও পরে জমা দিয়ে দেওয়া হবে। তিনি বলেন, আদালতের কাছে এ বিষয়ে গ্রামীণফোন একটি আবেদন করেছে। সেটার এখনো কোনো ফয়সালা হয়নি।উল্লেখ্য, এনবিআর ২৬৩ কোটি ৭০ লাখ টাকা চেয়ে গ্রামীণফোনের কাছে চিঠি পাঠায়। ওই চিঠিতে বলা হয়, ‘১৩ ফেব্রুয়ারি রায়ের পর গত ১৮ মার্চ সুদ-আসলে ২৬৩ কোটি ৭০ লাখ ১০ হাজার ২০০ টাকা সাত দিনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে অনুরোধ জানিয়ে চিঠি দেয় এনবিআর। কিন্তু নির্ধারিত সময়ে টাকা জমা দেয়নি গ্রামীণফোন। এ চিঠির পর গত ২৫ মার্চ আবারও চিঠি পাঠানো হয়। তাতে বলা হয়, সরকারের পাওনা অর্থ আদালতের আদেশ অমান্য করে নিজ এখতিয়ারে সংরক্ষণ করছে গ্রামীণফোন, যা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। চিঠিতে এনবিআর গ্রামীণফোনকে স্মরণ করিয়ে দেয় যে তারা গত বছরের ১৭ নভেম্বর লাইসেন্স নবায়ন ও তরঙ্গ ফির বিপরীতে ২৩৯ কোটি টাকা কেটে রেখেছে, কিন্তু তা সরকারি কোষাগারে জমা করেনি। এরপর টাকা আদায়ে প্রথমে গত বছরের ২৬ ডিসেম্বর সাধারণ নোটিশ এবং পরে ১০ জানুয়ারি গ্রামীণফোনকে চূড়ান্ত নোটিশ পাঠায় এনবিআর।’এদিকে ওই চূড়ান্ত নোটিশ পেয়ে আদালতের শরণাপন্ন হয় গ্রামীণফোন। উভয় পক্ষের শুনানি শেষে গত ১৩ ফেব্রুয়ারি আদালত এ মামলার চূড়ান্ত রায় দেন। তাতে উৎসে কর এনবিআরকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।