এনসিটিবি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে অনিয়মের অভিযোগ উত্থাপন করেছে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি। অভিযোগে বলা হয়েছে, চেয়ারম্যান বিশেষ ছয়টি প্রতিষ্ঠানকে এবতেদায়ী ও দাখিল-স্তরের বই ছাপার কাজ পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে অপ্রয়োজনীয় শর্ত আরোপ করে দরপত্র আহ্বান করেছেন।আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মুদ্রণ শিল্প সমিতির অভিযোগ নিয়ে আলোচনা হয়। কমিটি এনসিটিবির চেয়ারম্যানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তের জন্য কমিটির সদস্য শাহ আলমকে আহ্বায়ক এবং হুইপ মির্জা আজম ও কাজী ফারুক কাদেরকে সদস্য করে একটি উপকমিটি গঠন করেছে। আগামী এক মাসের মধ্যে উপকমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।বৈঠক শেষে কমিটির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, এনসিটিবি যে দরপত্র আহ্বান করেছে, তাতে একতরফাভাবে কয়েকটি প্রতিষ্ঠান লাভবান হবে, ক্ষতিগ্রস্ত হবে বেশির ভাগ প্রতিষ্ঠান। সে জন্য কমিটি বর্তমান দরপত্র বাতিল করে নতুন করে দরপত্র আহ্বানের সুপারিশ করেছে।মুদ্রণ শিল্প সমিতির অভিযোগে বলা হয়েছে, এনসিটিবির দরপত্রে ওয়েব প্রিন্টার্সের মাধ্যমে বই ছাপানোর কথা বলা হয়েছে। এই শর্তের কারণে দুই হাজার প্রতিষ্ঠানের পক্ষে দরপত্রে অংশ নেওয়া সম্ভব হবে না। দুই হাজার মুদ্রণ প্রতিষ্ঠান কাজ না পেলে বেকার হয়ে যাবে দুই লাখ শ্রমিক।এ বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ওয়েব প্রিন্টার্স একটি আধুনিক প্রযুক্তি। এনসিটিবির দরপত্রের শর্ত অনুযায়ী এই মেশিন যাদের আছে, তারা দরপত্রে অংশ নিতে পারবে। যথাসময়ে বই ছাপা এবং বিতরণের কাজ শেষ করার জন্য এই শর্ত আরোপ করা হয়েছে। বিশেষ কোনো প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার জন্য এটি করা হয়নি।রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মির্জা আজম, কাজী ফারুক কাদের ও শাহ আলম অংশ নেন।