চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) অপারেটর নিয়োগের প্রাক-দরপত্রের প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বন্দর ব্যবহারকারীরা। গতকাল সোমবার চট্টগ্রাম বন্দর ভবনে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ব্যবহারকারীরা এ ক্ষোভ প্রকাশ করেন।বৈঠকে সভাপতিত্ব করেন বন্দরের চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ। এতে ব্যবসায়ীরা অভিযোগ করেন, দুই বছরেও প্রাক-দরপত্রের প্রক্রিয়া শেষ হয়নি। এনসিটির পরামর্শক প্রতিষ্ঠানের সুপারিশ উপেক্ষা করে প্রাক-দরপত্রের শর্ত সংশোধন এবং বারবার জমাদানের সময় পিছিয়ে দেওয়া হচ্ছে। ফলে বর্তমান সরকারের আমলে টার্মিনাল চালু নিয়ে সংশয় দেখা দিয়েছে।বৈঠকে এফবিসিসিআইয়ের পরিচালক এস এম নুরুল হক বলেন, এনসিটির প্রাক-দরপত্রের প্রক্রিয়া শেষ করার আগেই দুই বছর পেরিয়ে গেছে। নতুন করে দরপত্র জমাদানের সময় পিছিয়ে দেওয়া হচ্ছে। অথচ প্রতিবেশী দেশকে বন্দর ব্যবহারের সুযোগ দিতে হলে দ্রুত এনসিটি চালুর বিকল্প নেই। এ টার্মিনালের পরামর্শক প্রতিষ্ঠান অপারেটর নিয়োগে যেসব শর্ত দিয়েছিল, সেগুলো সংশোধন করায় আন্তর্জাতিক মানের অপারেটর নিয়োগে সংশয় দেখা দিয়েছে।বন্দরের চেয়ারম্যানকে উদ্দেশ করে নুরুল হক বলেন, ‘আপনি সঠিক সিদ্ধান্ত নিতে চাইলে এই ফোরামই যথেষ্ট। এনসিটি চালু হলে আমদানি-রপ্তানি বাণিজ্যে গতি বাড়বে। জাহাজকে বহির্নোঙরে দাঁড়িয়ে থাকতে হবে না। ফলে ব্যবহারকারীদের খরচও কমবে।শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি কামাল হায়াত বলেন, বন্দরের ছয়টি কনটেইনার জেটি বেসরকারি খাতে দিতে গিয়ে বন্দর ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এনসিটির ক্ষেত্রে যেন এমন না হয়।বন্দরের চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ বলেন, দেশি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে দরপত্রের শর্ত শিথিল করা হয়েছে। এ টার্মিনালে যন্ত্রপাতি প্রতিস্থাপন করে অপারেশন শুরু করতে অন্তত ২০ মাস সময় লাগবে।বন্দরের অত্যাধুনিক নিউমুরিং কনটেইনার টার্মিনালে অপারেটর নিয়োগের জন্য প্রাক-দরপত্রের প্রক্রিয়া শুরু হয় ২০০৮ সালে। গত বছর চারটি প্রতিষ্ঠানকে প্রাকযোগ্য প্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্তও করা হয়।অভিযোগ উঠেছে, বিশেষ একটি প্রতিষ্ঠানকে কাজ দিতে আগের প্রাক-দরপত্র বাতিল এবং শর্ত সংশোধন করে গত ২৭ জুন নতুন দরপত্র আহ্বান করা হয়। ১০ নভেম্বর দরপত্র জমা দেওয়ার শেষ সময় থাকলেও তা পিছিয়ে ২৯ নভেম্বর নির্ধারণ করা হয়। এ সময় আবার বাড়ানো হতে পারে বলে এখন আলোচনা চলছে।বৈঠকে কর্ণফুলী কনটেইনার টার্মিনাল নির্মাণের প্রক্রিয়া দ্রুত শেষ করা এবং একটি ফাংশনাল কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়। আগামী ডিসেম্বরে উপদেষ্টা কমিটির বৈঠকে এসব বিষয় আলোচ্যসূচি হিসেবে থাকবে বলে বৈঠকে জানানো হয়।বৈঠকে আরও বক্তব্য দেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এ এম মাহবুব চৌধুরী, শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের প্রতিনিধি জসীম ইউ আহমেদ, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন প্রমুখ।