এনামুলের খোঁজ মেলেনি, বাবাও নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনির বাসার নিরাপত্তাকর্মী হুমায়ুন ওরফে এনামুলের বাবাও নিখোঁজ। গত ২৭ সেপ্টেম্বর চার ব্যক্তি একটি মাইক্রোবাসে করে এনামুলের বাবা কাঠমিস্ত্রি মকবুল হোসেন ওরফে কালা মিয়াকে তাঁর গ্রাম থেকে ধরে নিয়ে গেছে।মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দহলিয়া গ্রামে সরেজমিন ঘুরে এ তথ্য জানা গেছে। এনামুলকে ধরার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলেও র্যা ব-পুলিশ তাঁর কোনো খোঁজ পায়নি। গ্রামের লোকজন বলেন, হুমায়ুন নয়, তাঁর নাম আসলে এনামুল। গ্রামে কথা হয় এনামুলের মা আয়াতুন্নেসার সঙ্গে। তিনিও বলেন, তাঁর ছেলের হুমায়ুন নামটা তিনি নিজেও জানতেন না।যেভাবে নিখোঁজ হন কালা মিয়া: এ বিষয়ে বড়লেখা থানায় একটি ‘নিখোঁজের’ সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কালা মিয়ার দ্বিতীয় স্ত্রী ফাতেমা বেগম। জিডিতে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বর দোকানে যাওয়ার কথা বলে বের হয়ে তিনি আর ফেরেননি।ফাতেমা বেগম প্রথম আলোকে বলেন, ওই দিন দক্ষিণভাগ বাজারে দোকানে যাওয়ার জন্য টর্চলাইট ও মুঠোফোন হাতে প্রতিদিনের মতোই বের হন কালা মিয়া। এরপর দক্ষিণভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের সামনে থেকে তাঁকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা।এলাকার লোকজন জানান, ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে স্বাস্থ্যকেন্দ্রের সামনে একটি কালো মাইক্রোবাসে চড়তে দেখা যায় কালা মিয়াকে।স্বাস্থ্যকেন্দ্রের পাশেই থাকেন জামিলা বেগম। তিনি বলেন, সকাল নয়টা-সাড়ে নয়টার দিকে স্বাস্থ্যকেন্দ্রের কাছে একটি কালো রঙের বড় মাইক্রোবাস এসে দাঁড়ায়। মাইক্রোবাসের দুই যাত্রী স্বাস্থ্যকেন্দ্রের সিঁড়িতে বসে ছিলেন। আর চালক তাঁর আসনেই বসা ছিলেন। গ্রামের একজন এখানে দাঁড়ানোর কারণ জানতে চাইলে তাঁরা গাড়ি নষ্ট হওয়ার কথা বলেন। একজনকে গাড়ির নিচে মেরামত করতেও দেখা যায়। এ সময় আরেকজন গ্রামবাসী কাছে গিয়ে জিজ্ঞেস করলে তাঁদের একজন বলেন, তাঁরা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের কাছে এসেছেন। গ্রামবাসীর একজন বলেন, চিকিৎসক তো প্রতি রোববার আসেন।প্রত্যক্ষদর্শী কয়েকজন গ্রামবাসী জানান, গাড়িটির রং ছিল কালো। সিলেট অঞ্চলে ভাড়ায় চালিত অনেক মাইক্রোবাসের রং কালো ও ছাদের রং হলুদ হয়। কিন্তু এই গাড়ির ছাদও ছিল কালো। গাড়িটি দীর্ঘ সময় স্বাস্থ্যকেন্দ্রের মাঠে দাঁড়িয়ে থাকায় অনেকেই কৌতূহলী হয়ে ওঠে। তাঁরা জানান, কোনো জবরদস্তি ছাড়াই গাড়িতে ওঠেন কালা মিয়া।বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, গ্রামবাসীর কাছ থেকে একটি গাড়ির নম্বর পাওয়া গেছে। সেটি যাচাইয়ের জন্য থানার একজন কর্মকর্তাকে ঢাকায় পাঠানো হলেও ওই নম্বরের কোনো গাড়ি পাওয়া যায়নি। নম্বরপ্লেটটি ভুয়া হতে পারে।গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কালা মিয়ার তিন স্ত্রী ও ১০ সন্তান। প্রথম স্ত্রী এনামুলের মা আয়াতুন্নেসা। কালা মিয়া দ্বিতীয় স্ত্রী ফাতেমা বেগমকে নিয়ে থাকেন। বাকি দুই স্ত্রী আলাদা বাড়িতে থাকেন।এনামুল সম্পর্কে জানা যায়, ছোটবেলা থেকেই তিনি দুষ্ট প্রকৃতির। বাসাবাড়িতে চুরি করার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। বাবা তাঁকে তবলীগে দিয়ে শোধরানোর চেষ্টা করে বিফল হয়ে ঢাকায় পাঠিয়ে দেন। এনামুল খুব কম গ্রামে যেতেন। গ্রামের মানুষ তাঁর কথা ভুলেই গেছে প্রায়। সাগর-রুনি হত্যাকাণ্ডের পর এনামুলকে আটক করেছিল পুলিশ। তখন টিভিতে সাক্ষাৎকার দেখে গ্রামের অনেকে তাঁকে চেনেন। আর স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার ঘোষণার পর এনামুল এখন গ্রামে আলোচিত বিষয়।বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, এনামুলের বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল বলে তিনি গ্রামবাসীর কাছে শুনেছেন। তবে থানায় কোনো মামলা নেই।এনামুলকে নিয়ে রহস্য: সাগর-রুনির ভাড়া বাসাটির নিরাপত্তা রক্ষায় চুক্তিবদ্ধ ছিল শেরেখোদা সিকিউরিটি সলিউশন্স নামের একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানটি এনামুল ও পলাশ রুদ্র পালকে নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেয়। তবে এনামুল ঢাকায় হুমায়ুন নামে পরিচিত।সাগর-রুনি হত্যাকাণ্ডের পর শেরেখোদা সিকিউরিটি ও এনামুলের কাছ থেকে স্থায়ী ঠিকানা সংগ্রহ করে ডিবি। সেখানে এনামুলের স্থায়ী ঠিকানা দেওয়া রয়েছে কুড়িগ্রামের উলিপুর।র্যা ব সূত্র জানায়, গত ১৮ এপ্রিল হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার পেয়ে র্যা ব এনামুলের অতীত সম্পর্কে খোঁজ নিতে শুরু করে। উলিপুরে খোঁজ নিয়ে দেখা যায় ঠিকানাটি ভুয়া। এরপর র্যা ব এনামুলের কয়েকটি মুঠোফোন সিমের নিবন্ধনে দেওয়া ঠিকানার সূত্র ধরে আসল ঠিকানা বের করে। সেখানে গিয়ে র্যা ব খুঁজে পায় তাঁর বাবা কালা মিয়াকে। কালা মিয়া ছবি দেখে ছেলেকে শনাক্ত করেন।