বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ঢাকা বিভাগের কমান্ড্যান্ট এনামুল হকের বিরুদ্ধে অর্থের বিনিময়ে নিয়োগসহ বিভিন্ন অনিয়ম এবং সরকারি বাসা ভাড়া দেওয়ার অভিযোগে তদন্ত চলছে। চলতি বছরের শুরুতে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সিপাহি পদে ৩৩৮ জনকে নিয়োগ দেওয়া হয়।বিপুল টাকাসহ রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএসের যে গাড়িটি ১০ এপ্রিল রাতে পিলখানায় ঢুকে পড়েছিল, তাতে অন্যদের মধ্যে এনামুল হকও ছিলেন। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ছয় বিভাগীয় কমান্ড্যান্টের মধ্যে এনামুল হক চাকরিতে সবার কনিষ্ঠ। রেলের একাধিক কর্মকর্তা দাবি করেন, রাজনৈতিক প্রভাবে ঢাকার মতো গুরুত্বপূর্ণ বিভাগের কমান্ড্যান্টের চলতি দায়িত্ব পান তিনি। রেলের বাকি পাঁচ কমান্ড্যান্টের মধ্যে তিনজন এনামুলের কাছের আত্মীয়। এনামুলের ছোট ভাই রেলওয়ে হাসপাতালের গবেষণাগার সহকারী মোজাম্মেল হক। গত সপ্তাহে তাঁর বিরুদ্ধে রেলওয়ের একটি বাসা দখলের অভিযোগে মতিঝিল থানায় মামলা করেছেন রেলের সংশ্লিষ্ট কর্মকর্তা।রেলের মহাপরিচালকের কাছে রেল নিরাপত্তা বাহিনীর ঢাকা বিভাগের সদস্যদের পক্ষে করা এক অভিযোগে বলা হয়, চলতি বছরের শুরুতে ৩৩৮টি সিপাহি পদে নিয়োগের ক্ষেত্রে জেলা কোটা, পোষ্য কোটা ও শারীরিক উচ্চতার সীমা মানা হয়নি। এই নিয়োগের জন্য প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও তুলেছেন তাঁরা। এনামুল হক পাঁচ সদস্যের ওই নিয়োগ কমিটির প্রধান ছিলেন।নিয়মানুযায়ী রেলওয়ের চতুর্থ শ্রেণীর নিরাপত্তা বাহিনীর সিপাহি পদের নিয়োগের ক্ষেত্রে কমিটির প্রধান হন সংশ্লিষ্ট বিভাগের সহকারী কমান্ড্যান্ট। কিন্তু এবারের কমিটির প্রধান করা হয় কমান্ড্যান্ট এনামুল হককে। নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের জন্য গত মার্চ মাসের শেষ দিকে রেলওয়ের পরিচালক (সংস্থাপন) মো. ইব্রাহিম খলিলকে প্রধান করে দুই সদস্যের কমিটি গঠন করা হয়।জানতে চাইলে ইব্রাহিম খলিল গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘এ-সংক্রান্ত কিছু দলিলপত্র সংগ্রহ করা হয়েছে। তদন্তের কিছু বিষয়ও চিহ্নিত করা হয়েছে। আরও কিছু কাগজপত্র সংগ্রহ করার পর প্রতিবেদন জমা দেওয়া হবে।’সূত্র জানায়, এনামুল হক শাহজাহানপুর এলাকায় রেলওয়ের ‘দোহা লজ’ নামের একটি বাড়িতে বসবাস করেন। দোতলা ওই বাড়ির ওপরের তলায় রেলের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) পদমর্যাদার একজন কর্মকর্তা থাকেন। নিচের তলায় থাকেন এনামুল হক। অভিযোগ আছে, বাসার একটি অংশ এক দর্জি দোকানদারকে ভাড়া দেন। এ ব্যাপারে রেলের পরিচালক (পরিবহন) সরদার সাহাদাত আলীকে প্রধান করে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়।জানতে চাইলে সাহাদাত আলী প্রথম আলোকে বলেন, ‘সরকারি বাসা ভাড়া দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। ওই আবেদনে এ ছাড়া আরও কিছু বিষয় ছিল। সব ব্যাপারে তদন্ত হচ্ছে।’ রেলের প্রশাসন সূত্রে জানা গেছে, পার্বতীপুর বিভাগের সহকারী কমান্ড্যান্ট থাকার সময় এনামুল হক ২০০৮ সালের এপ্রিল থেকে টানা প্রায় দুই বছর বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাঁকে নোটিশ দেওয়া হলেও তিনি এর জবাব দেননি। এরপর তাঁর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য রেলওয়ে সদর দপ্তরে সুপারিশ করা হয়। কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপরন্তু, দুই বছরের স্থগিত বেতন নিয়মিত করে ২০১০ সালে ঢাকায় কমান্ড্যান্ট পদে পদায়ন করা হয় তাঁকে।সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, এনামুল হক অসুস্থ ছিলেন দাবি করে চিকিৎসার ব্যবস্থাপত্র জমা দিয়ে বেতন-ভাতা নিয়মিত করিয়ে নিতে সক্ষম হন।এনামুল হকের ভাই রেলওয়ে হাসপাতালের গবেষণাগার সহকারী মোজাম্মেল হক গত সপ্তায় শাহজাহানপুর রেলওয়ে কোয়ার্টারের একটি বাসা তালা ভেঙে দখল করেন। সি টাইপের ওই বাসা জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ পাওয়ার পর রেলওয়ের ঢাকা বিভাগীয় প্রকৌশল কার্যালয় থেকে বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলা হয়। এ ব্যাপারে মতিঝিল থানায় মামলা করা হয়েছে। জানতে চাইলে রেলের ঢাকা বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা (ডিএমও) আনোয়ার হোসেন বাসায় ওঠা ও ব্যবস্থা নেওয়ার কথা স্বীকার করেন। তাঁরা চার কমান্ড্যান্ট নিকটাত্মীয়: রেলওয়ের ছয়জন কমান্ড্যান্টের চারজনই এনামুল হকের নিকটাত্মীয়। তিনি নিজে ঢাকার কমান্ড্যাান্ট। তাঁর আপন ভায়রা ফাত্তাহ ভূঁইয়া লালমনিরহাট বিভাগের কমান্ড্যান্ট। রাজশাহী বিভাগের কমান্ড্যান্ট শাহ আলম ভূঁইয়া এনামুলের স্ত্রীর বড় ভাই। আর শাহ আলমের স্ত্রীর বড় ভাই হলেন পাকশী বিভাগের কামান্ড্যান্ট ইকবাল হোসেন। কমান্ড্যান্ট শাহ আলম ভূঁইয়া, ফাত্তাহ ভূঁইয়া ও এনামুল হকের বাড়ি কিশোরগঞ্জের সরারচরে।গত রাতে টেলিফোনে জানতে চাইলে ফাত্তাহ ভূঁইয়া আত্মীয়তার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘ভাই, আমি থাকি লালমনিরহাটে, ঘটনা হয়েছে ঢাকায়। এখন আত্মীয়তার সূত্র ধরে আমাকে নিয়ে লেখালেখি করবেন না।’ এনামুল তাঁর কেমন আত্মীয়, জানতে চাইলে ফাত্তাহ বলেন, ‘এনাম সাহেবকেই জিজ্ঞাসা করেন।’সংশ্লিষ্ট সূত্র জানায়, এই চার প্রভাবশালী কর্মকর্তা তাঁদের পরিবারের এক ডজনেরও বেশি সদস্যকে রেলের নিরাপত্তা বাহিনীতে চাকরি পাওয়ার ব্যবস্থা করেছেন। ইকবাল হোসেন দুই চাচাতো ভাইকে চাকরি দেন। এর মধ্যে ইসরাফিল মৃধা বর্তমানে চট্টগ্রামে উপপরিদর্শক পদে আছেন। এনামুল হকের আপন ভগ্নিপতি হাবিলদার শহীদ ও চাচাতো ভাই আবুল হাশেম ভান্ডারি ময়মনসিংহে ও সিপাহি এনাম খান ভৈরবে আছেন। শাহ আলম ভূঁইয়ার ভাই হাবিলদার জালাল আছেন ছাতক বাজার স্টেশনে। এসব বিষয়ে জানতে গতকাল রাতে মুঠোফোনে যোগাযোগ করলে এনামুল হক বলেন, ‘সাংবাদিকতা অত্যন্ত সম্মানের বিষয়। কিন্তু এখন যা হচ্ছে...।’ এই পর্যায়ে পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন এনামুল। কিন্তু পরে অন্তত ১০ বার তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।