এনামুলের ৮ দিনের রিমান্ড মঞ্জুর (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হুমায়ুন কবির ওরফে এনামুলের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার র‌্যাব-২ তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান আটদিন মঞ্জুর করেন।র‌্যাবের গোয়েন্দাপ্রধান লে. কর্নেল জিয়াউল আহসান সকালে জানিয়েছিলেন, আজ সকালে রিমান্ড আবেদন জানিয়ে এনামুলকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠিয়েছে র‌্যাব-২। আলোচিত এ হত্যাকাণ্ডের এক বছরের মাথায় এসে সাগর-রুনির ভাড়াবাড়ির নিরাপত্তাকর্মী হুমায়ুন কবির ওরফে এনামুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শনিবার সকালে এ নিয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়। এতে র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান বলেন, ঢাকা থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে গতকাল ভোর পাঁচটার দিকে র‌্যাব এনামুলকে গ্রেপ্তার করে।

গত বছরের ১০ অক্টোবর এনামুলকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। এর আগে এনামুলকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পুলিশের কাছ থেকে এই হত্যাকাণ্ড তদন্তের দায়িত্ব নেওয়ার পর থেকে এনামুলকে খোঁজা হচ্ছিল। এনামুল সবচেয়ে গুরুত্বপূর্ণ আসামি বলে এত দিন দাবি করে আসছিল র‌্যাব। তবে গতকাল গ্রেপ্তারের পর থেকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা এনামুল স্বীকার করেননি বলে র‌্যাবের কর্মকর্তারা জানিয়েছেন।সাগর-রুনি হত্যাকাণ্ডের এক বছর পার হলেও এখন পর্যন্ত এর কোনো কূলকিনারা করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে সাংবাদিকসহ বিভিন্ন মহলের মধ্যে ক্ষোভ রয়েছে।এ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ও সন্দেহভাজন ১৬ জনের ডিএনএ পরীক্ষা করা হলেও ঘটনাস্থলে পাওয়া আলামতের সঙ্গে কারোরই নমুনা মেলেনি।