এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের নিয়োগ ও পদে থাকা অবৈধ
সৈয়দ ইউসুফ হোসেনের বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ এবং ওই পদে থাকা অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন।রায়ে বলা হয়, অতীতে চেয়ারম্যানসহ কমিশনের সদস্য পদে নিয়োগের আগে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান চেয়ারম্যানের ক্ষেত্রে তা করা হয়নি। নিয়োগ হয়েছে সংগোপনে অস্বচ্ছ প্রক্রিয়ায়, যা প্রচলিত রীতির পরিপন্থী।জানা যায়, বর্তমান চেয়ারম্যান ২০০২ সালে মহা হিসাবনিরীক্ষকের পদ থেকে অবসর নেন। পরে ২০০৯ সালের ১১ অক্টোবর এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান হিসেবে তাঁকে নিয়োগ দেওয়া হয়। সংবিধানের ১২৯ অনুচ্ছেদ অনুসারে মহা হিসাবনিরীক্ষকের পদ থেকে অবসরের পর প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে তিনি নিয়োগের অযোগ্য—এই যুক্তিতে আইন গবেষণা ও সহায়তা প্রতিষ্ঠান ল অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান তসলিম উদ্দিন আহমেদ হাইকোর্টে ওই সময় একটি রিট করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত রিটের প্রাথমিক শুনানি শেষে ওই বছরের সেপ্টেম্বরে রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ এ রায় দেওয়া হয়। আদালতে আবেদনকারীর পক্ষে শাহদীন মালিক এবং চেয়ারম্যানের পক্ষে এম আমীর-উল ইসলাম মামলা পরিচালনা করেন।