এনায়েতপুরে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির আয়োজনে ২০০৪ সাল থেকে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে মহাকাশ ভবন প্রাঙ্গণে বিশ্ব মহাকাশ সপ্তাহ পালিত হয়ে আসছে। প্রতিবারের মতো এবারও ৬ ও ৭ অক্টোবর পালিত হলো দুই দিনব্যাপী বিশ্ব মহাকাশ সপ্তাহ ২০১০। এতে সিরাজগঞ্জ জেলার প্রায় ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেয়। এ আয়োজনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য ছাত্রছাত্রীদের কাছে বিজ্ঞান ও মহাকাশসম্পর্কিত নানা জ্ঞান পৌঁছে দেওয়া। দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে সকাল থেকে আগত ছাত্রছাত্রীদের মধ্যে মহাকাশ বিষয়ে চিত্রাঙ্কন ও ওয়াটার রকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মূল অনুষ্ঠানটি ৭ অক্টোবর মহাকাশ ভবনে অনুষ্ঠিত হয়, যা মহাকাশবিষয়ক বক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়। মহাকাশ বিষয়ে আলোচনায় অংশ নেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি ড. এ আর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পানিবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ড. খুরশীদ আলম, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম হাসান, গাইবান্ধা কলেজের সহকারী অধ্যাপক এম এ কাদের এবং সোসাইটির সাধারণ সম্পাদক এফ আর সরকার। ড. খুরশীদ আলম ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, ‘তোমরা হয়তো দেখবে মানুষ একদিন মহাকাশে বসবাস করবে। সেই লক্ষ্যে মহাকাশবিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’ তিনি ছাত্রছাত্রীদের এখন থেকে মহাকাশ বিষয়ে জ্ঞান ও গবেষণা করার কথা বলেন। ড. এ আর খান মহাকাশে বসবাসের সম্ভাবনা ও সুযোগ-সুবিধার নানা দিক সম্পর্কে অবহিত করেন। বিশেষ করে এনায়েতপুরের মহাকাশ ভবনকে বিশ্বে পরিচিত ও এর বিভিন্ন কার্যক্রম পরিচালনার কথা উল্লেখ করেন। এ ছাড়া ছাত্রছাত্রীদের মহাকাশ সম্পর্কে কৌতূহল বিশেষভাবে সৌরমণ্ডল, গ্যালাক্সি, বিভিন্ন গ্রহ-উপগ্রহবিষয়ক জ্ঞান ও চিন্তা-চেতনা বাড়ানোর আহ্বান জানান। তিনি আরও জানান যে এশিয়া প্যাসিফিক সোসাইটির আয়োজনে মহাকাশ বিষয়ে আলোচনার জন্য আগামী বছরের জানুয়ারির ১৭, ১৮ ঢাকায় ও ১৯ তারিখে এনায়েতপুরে জাপান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সদস্যরা আসবেন।এতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণের মাধ্যমে সপ্তাহ পালনের সমাপ্তি হয়।আয়োজনে সার্বিক সহযোগিতার দায়িত্ব পালন করেন বিশ্ব মহাকাশ সপ্তাহ ২০১০-এর সমন্বয়কারী ওয়াহিদুজ্জামান এবং মহাকাশ ভবনের স্বেচ্ছাসেবকেরা। মো. আবদুল্লাহ আল রাশেদ