এনায়েতপুরে মহাকাশ সপ্তাহ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির আয়োজনে ২০০৪ সাল থেকে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে মহাকাশ ভবন প্রাঙ্গণে বিশ্ব মহাকাশ সপ্তাহ পালিত হয়ে আসছে। প্রতিবারের মতো এবারও সেখানে ৩ থেকে ৫ অক্টোবর পালিত হলো তিন দিনের বিশ্ব মহাকাশ সপ্তাহ-২০১১। ইউনাইটেড ন্যাশনস অব আউটার স্পেস অ্যাফেয়ার্সের সহযোগী দেশ হিসেবে বাংলাদেশ এ সপ্তাহটি উদ্যাপন করে থাকে। অতীত কর্মসূচি উদ্যাপনে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশি প্রশংসিত হওয়ায় এবং সর্বসাধারণের মধ্যে মহাকাশ বিষয়কে জনপ্রিয় করার লক্ষ্যে জাতিসংঘ থেকে দুজন খ্যাতিমান জ্যোতির্বিজ্ঞানীকে এ অনুষ্ঠানে যোগদানের জন্য পাঠানো হয়। তাঁরা হলেন নর্থ আয়ারল্যান্ডের স্পেস সেন্টারের পরিচালক রবার্ট হিল এবং ফক্স টেলিস্কোপ প্রজেক্টের প্রধান সারাহ রবার্ট। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান এ আর খান, বিশিষ্ট বিজ্ঞানী ও লেখক আলী আসগর, বিজ্ঞান লেখক ও অ্যাস্ট্রোনমি স্কুলের সংগঠক ফারসীম মান্নান মোহাম্মদী এবং অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক এফ আর সরকারসহ বাংলাদেশের খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। তিন দিনের অনুষ্ঠানের প্রথম দুদিন ছিল মহাকাশ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া, তথ্যপ্রযুক্তি ও জ্যোতির্বিজ্ঞানের ব্যবহার, বিভিন্ন সফটওয়্যার প্রশিক্ষণ, শিক্ষকদের মহাকাশবিষয়ক কর্মশালা এবং তৃতীয় দিন ছিল স্কুল-কলেজ পর্যায়ের ছাত্রছাত্রীদের নিয়ে প্রশ্নোত্তর, কুইজ আয়োজন এবং সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। বিভিন্ন পর্বের বিজয়ীদের ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হয়।