এপাড়া ওপাড়া
বর্ণমালা স্কুল রোড, দনিয়াস্কুলে যেতে গামবুট...ইমরান উজ-জামানবর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের ফটকে পা থেকে গামবুট খুলছিল এক শিক্ষার্থী। এ সময় পাশ থেকে তার বাবা স্কুলের কেডস এগিয়ে দিচ্ছিলেন। শিক্ষার্থীটি গামবুট খুলে পায়ে পরছিল সাদা রঙের স্কুল কেডস। কথা হয় শিক্ষার্থীর বাবা মোখলেসুর রহমানের সঙ্গে। তিনি জানান, প্রায় সময়ই স্কুলের সামনের সড়কে পানি জমে থাকে। মেয়ের স্কুল যাতে কামাই না হয়, সে জন্য মেয়েকে গামবুট কিনে দিয়েছেন। বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের পাশে আছে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। আছে বেশ কিছু কিন্ডারগার্টেন স্কুলও। এ কারণে সড়কে পানি জমলে ভুগতে হয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের। বর্ণমালা স্কুলের অভিভাবক ছাউনিতে থাকা ইয়াসমিন বেগম জানালেন, তাঁর মেয়ে স্কুলে আসার পথে জুতো আর পায়জামা ভিজিয়েছে। ভেজা কাপড় আর জুতো পরেই ক্লাস করেছে সে।সড়কটিতে দেখা হয় হনুফা বেগমের সঙ্গে। তিনি তাঁর নাতনিকে কোলে চড়িয়ে জলাবদ্ধ পথটুকু পার হচ্ছিলেন। হনুফা বেগম বলেন, ‘এমন রাস্তা দিয়া আমরাই যাইতে পারি না, বাচ্চাগুলো কীভাবে যায়?’ রাস্তায় পানি জমে থাকার ব্যাপারে দনিয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান জাহাঙ্গীর জানান, পয়োনিষ্কাশনের নালাগুলো প্রয়োজনের তুলনায় সরু। এ কারণে অল্প বৃষ্টি হলেই পানি জমে যায়। এদিকে, দনিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জুম্মন মিয়া বলেন, ‘ব্যাপারটা আমার জানা নেই। রাস্তার পয়োনিষ্কাশনের নালায় কোনো সমস্যা থাকার কথা না। কোথাও নালা বন্ধ হয়ে যেতে পারে। নালা পরিষ্কার করে দিলেই পানি নেমে যাবে। বর্ণমালা স্কুল সড়কের জমে থাকা পানির সমস্যা যত দ্রুত সম্ভব দূর করা হবে।’ দনিয়ার বর্ণমালা স্কুল রোড বিষয়ে অভিযোগ নম্বর: ৭৪৪১৯১৩ (কর্মকর্তা, তেজগাঁও সার্কেল)। সেক্টর-৩, উত্তরাড্রেনের ওপর বাজারআসাদুজ্জামান‘এখানকার ড্রেন ও ফুটপাত দোকানিদের দখলে। যেটুকু জায়গা ফাঁকা আছে, সেটুকু দিয়ে হাঁটার উপায় নেই। ক্রেতাদের ভিড় সব সময় লেগেই থাকে।’ বলছিলেন উত্তরার বাসিন্দা ইমরান হোসেন। উত্তরার ৩ নম্বর সেক্টরের জসীমউদ্দীন রোড সম্পর্কে এ মন্তব্য করেন তিনি।সরেজমিনে ঘুরে দেখা গেছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কার্যালয়ের সীমানাদেয়াল ঘেঁষে ফুটপাতের লাগোয়া ড্রেনে অবৈধ কাঁচাবাজার বসেছে। বাজারের পরিধি বাড়তে বাড়তে ছড়িয়েছে বহুদূর। এখানে আরও আছে মাছ-মাংস আর মুদির দোকান। আছে ভাঙারির দোকানও।এ কারণে এখানকার ফুটপাত দিয়ে হাঁটার উপায় নেই। দখলে থাকা ফুটপাতে হাঁটতে না পেরে পথচারীরা পা বাড়ায় মূল সড়কে। বিষয়টি ঝুঁকিপূর্ণ। আবার কাঁচাবাজারে আসা ক্রেতাদের গাড়ি রাখার কারণে মূল সড়কে সৃষ্টি হয় যানজট। এখানকার বাসিন্দা ইউসুফ আলী জানান, ফুটপাতে হাঁটতে গেলে বেশ কসরত করে হাঁটতে হয়। একটু এদিক-সেদিক হলে মাছের নোংরা পানি এসে গায়ে লাগে। আবার কপাল বেশি খারাপ হলে জবাই করা মুরগির রক্তের ছিটা এসে গায়ে লাগে। মুরগির এসব দোকানের জন্য পথটুকু সব সময়ই অপরিচ্ছন্ন হয়ে থাকে। পথ চলতে নাকে লাগে দুর্গন্ধ।এদিকে, ফুটপাতের কাঁচাবাজারের ভাঙারির দোকানিরা ফুটপাত ছাপিয়ে মালামাল স্তূপ করেছেন মূল সড়কে। এ কারণে সেখানেও যান চলাচলে বিঘ্ন ঘটছে। ফুটপাতের বাজারে মাছবিক্রেতা খুরশেদ হোসেন জানান, এখানকার বিক্রেতারা বছর কয়েক আগে ডিআইটিতে দোকান দিয়ে বসেছিলেন। সেই দোকানগুলো ডিসিসি ভেঙে দেয়। তার পর থেকে তাঁরা এখানে দোকান বসিয়েছেন। এখানে বাজার করতে আসা আওলাদ হোসেন জানান ভিন্ন কথা। তিনি বলেন, ‘এখানে বাজার বসায় পথচারীদের হাঁটাচলায় সমস্যা হচ্ছে। কিন্তু বাজার বসাতে এলাকাবাসীর লাভই বেশি হচ্ছে। জসীমউদ্দীন রোডের আশপাশে কোনো কাঁচাবাজার নেই। বাজার করতে যেতে হয় রাজলক্ষ্মী কিংবা আজমপুর চৌরাস্তার বাজারে।’ আবার এমন কথা মানতে রাজি নন ৩ নম্বর সেক্টরের ফয়সাল আফসারী। তিনি জানান, উত্তরার মতো এমন পরিকল্পিত আবাসিক এলাকায় কাঁচাবাজার বসাতে পথচারীদের হাঁটা-চলার সমস্যার পাশাপাশি এলাকার পরিবেশও নষ্ট করেছে।ফুটপাতে অবৈধ বাজার নিয়ে উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান জানান, জসীমউদ্দীন রোড উত্তরা থানার আওতাধীন নয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদ জানান উল্টো কথা। তাঁর দাবি, সড়কের ওই অংশ পড়েছে উত্তরা থানায়। উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন জানান, জসীমউদ্দীন রোডের একটি অংশ উত্তরা থানায় পড়েছে, অন্য অংশ বিমানবন্দর থানায়। সড়কের যে অংশে অবৈধ কাঁচাবাজার বসেছে, সেটা বিমানবন্দর থানার আওতাধীন। কোন থানা উচ্ছেদ অভিযান পরিচালনা করবে, সে বিষয়ে তিনি কোনো কথা বলেননি। অননুমোদিত বাজারটির বিষয়ে অভিযোগ নম্বর: ৮৯৫১২৮১ (বিমানবন্দর থানা)। সাত মসজিদ রোড, ধানমন্ডিসড়কে কেন বাজার?ঢাকায় থাকি প্রতিবেদক‘এই যে খালাম্মা, এই দিকে আহেন, একেবারে নদীর পাঙাশ, স্যার, দেশি মুরগি আছে নিয়ে যান, খেয়ে স্বাদ পাবেন’—এমন হাঁকডাক শোনা যায় ধানমন্ডির সাত মসজিদ রোডে। এলাকা ঘুরে দেখা গেছে, ধানমন্ডির সাত মসজিদ রোডের ৭১৮ নম্বর বাড়ির পাশে বসেছে এমন বাজার।ওই বাড়ির মালিক জিয়াউল হক জানালেন, তিনি কয়েকবার বাজারটি উঠিয়ে দিয়েছেন। আবার বসে যায়। তাঁর বাসার ফটক আটকে দিয়ে বসে বলে অতিথিরা বাসার ভেতর গাড়ি নিয়ে ঢুকতে পারে না। ভাড়াটেরাও এই বাজার নিয়ে আপত্তি করে বলে তিনি জানান।বাজারটি সকালে বসে শেষ হয় সন্ধ্যায়। দোকানি জামিল জানান, পুলিশকে নিয়মিত টাকা দিয়ে তাঁরা রাস্তায় দোকান করছেন। টাকা দিলে তবেই মেলে বসার অনুমতি।আবার মুরগিওয়ালারা সড়কের ওপরই মুরগি জবাই করছেন। মুরগি জবাইয়ের পরে উচ্ছিষ্টও ফেলছেন সড়কের ওপর। এগুলো থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে সহজেই। পাশেই রয়েছে একটি বাসস্ট্যান্ড। বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীরাও এখানে ভোগান্তিতে পড়ে। ধানমন্ডির বাসিন্দা রাজেনা খাতুন বলেন, ‘পথচারীদের অসুবিধা সৃষ্টি করে যেন কোনো বাজার না বসে।’পুলিশের চাঁদাবাজি প্রসঙ্গে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দাবি করেন, পুলিশ কখনো চাঁদা নেয় না। প্রায়ই রাস্তা থেকে বাজারটি উচ্ছেদ করা হয়। স্থানীয় প্রভাবশালী নেতাদের কারণে আবার বাজার বসে যায় বলে তিনি জানান। ধানমন্ডির সাত মসজিদ রোডের দুর্ভোগ বিষয়ে অভিযোগ নম্বর: ৮৬৩১৯৪১ (ধানমন্ডি থানা)। মৌলভীরটেক, খিলগাঁওপানির সংকটে নাকালঢাকায় থাকি প্রতিবেদক‘গেল রমজানে ২০ দিন পানি ছিল না। সমস্যাটি এখনো আছে। বাইরে থেকে পানি কিনে খেতে হয়। এ সমস্যা চলছে বছরের পর বছর ধরে।’ বলছিলেন মৌলভীরটেকের বাসিন্দা জাকির হোসেন। জাকির হোসেনের কথার সত্যতা মেলে এলাকার প্রবীণ বাসিন্দা হযরত আলীর কথায়। তিনি জানান, মৌলভীরটেক এলাকায় পানির কোনো পাম্প নেই। এলাকার অদূরে খিলগাঁও তালতলা মার্কেটের দিকে আছে একটি পাম্প। সেখান থেকে সরবরাহ করা পানির খুব সামান্য অংশই জোটে মৌলভীরটেকের বাসিন্দাদের ভাগে।এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, মৌলভীরটেকের পানির সংকট নিরসনে বছর খানেক আগে মৌলভীরটেক আর নতুনবাগের মাঝামাঝি জায়গায় একটি পানির পাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর পেরিয়ে গেছে অনেকটা সময়। সেই প্রকল্প আলোর মুখ দেখেনি।ঘুরে দেখা গেছে, এ এলাকায় বসতি বলতে একতলা টিনশেড বাড়ি। এসব বাড়িতে ওয়াসার পানির সংযোগ নলের সঙ্গে নলকূপ বসানো আছে। এসব নলকূপ থেকেই বাসিন্দারা পানি সংগ্রহ করেন। এখানকার বাসিন্দা সরোয়ার মিয়া জানান, পানি আনতে প্রায়ই রামপুরার বনশ্রী প্রজেক্টে ছুটতে হয়।মৌলভীরটেকের বিভিন্ন বস্তি ঘুরে দেখা গেছে, সব ঘরেই ড্রাম, বালতি কিংবা বোতলে পানি জমিয়ে রাখা হয়েছে। বস্তির বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, হরদমই এ এলাকায় দিনের পর দিন পানি থাকে না। তখন জমানো পানি ব্যবহার করতে হয়। খিলগাঁওয়ের মৌলভীরটেক এলাকার পানির সমস্যা নিয়ে ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী (মডস জোন-৬) কে এস সিং জানান, যেখানে গভীর নলকূপ বসানো হবে, সেই জায়গাটি এখন পানিতে ডুবে আছে। তাই ভূমি সংস্কার ও উন্নয়নের পর নলকূপ বসানো হবে। খিলগাঁও মৌলভীরটেক এলাকার পানির সমস্যা নিয়ে অভিযোগ নম্বর: ৯৩৫৮৬১৫ (মডস জোন-৬, ঢাকা ওয়াসা)।