এপাড়া ওপাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 কৃষি মার্কেট সড়ক, মোহাম্মদপুররাস্তা না ফাঁদ?মাসুদা লাবনীমোহাম্মদপুর তাজমহল রোডের কৃষি মার্কেটের সামনের অংশটি কৃষি মার্কেট সড়ক নামে পরিচিত। এই সড়ককে সড়ক না বলে মরণফাঁদ বলাই ভালো। কেননা, এখানে কিছু দূর পরপর রয়েছে ঢাকনাবিহীন ম্যানহোল। এ ছাড়া পুরো সড়ক খানাখন্দে ভরপুর। এখানে যাত্রী ও পথচারীদের নিত্যসঙ্গী ভোগান্তি।কৃষি মার্কেট সড়কের পাশে জননী ফার্মেসির ব্যবস্থাপক হারুন অর রশিদ জানালেন, বছর খানেক হলো ম্যানহোলগুলো ঢাকনাবিহীন অবস্থায় রয়েছে। এ জন্য প্রতিদিন একাধিক যানবাহন দুর্ঘটনায় পড়ছে। আহতও হচ্ছে অনেকে। কিন্তু কর্তৃপক্ষের কোনো বিকার নেই এটি নিয়ে। তিনি আরও বলেন, আধঘণ্টা দাঁড়িয়ে থাকলেই দেখা যাবে কোনো না কোনো যানবাহনের চাকা ম্যানহোলে আটকা পড়ছে। রিকশার চাকা পড়ে বেশি। এখানে আহত হয়ে তাঁর দোকানে প্রতিদিন দু-একজন যাত্রী প্রাথমিক চিকিৎসা নিতে আসে।পাশেই রূপালী জুয়েলার্সের সামনে ঢাকনাবিহীন বড় একটি ম্যানহোল। জুয়েলার্সের স্বত্বাধিকারী শামীম হোসেন বলেন, এই ম্যানহোলগুলোয় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। অনেক পথচারী হাঁটার সময় অসাবধানতার কারণে পড়ে যায়। অনেকেই হাত, পা ও মাথায় আঘাত পাচ্ছে। ম্যানহোলে আটকে পড়ে দাঁত ভাঙার ঘটনাও ঘটেছে। ব্যবসায়ীরা ম্যানহোল ঢাকনা লাগানোসহ সড়কটি মেরামত করতে অনেকবার কর্তৃপক্ষের কাছে ধরনা দিয়েছেন। কিন্তু কর্তৃপক্ষের গা-ছাড়া ভাবের কারণে এর ঢাকনা লাগানো হচ্ছে না। দুই-তিন মাস আগে সড়ক খুঁড়ে নালা বসানো হয়েছে। তখনো ম্যানহোলগুলোর ঢাকনা লাগানো হয়নি।ম্যানহোলে চাকা আটকে যাওয়ার পর রিকশাচালক জমির বলছিলেন, ‘এমনেই রাস্তা ভাঙাচুরা, এর ওপর আবার ম্যানহোলের ঢাকনা নাই। একটু বেসামাল হইলেই রিকশার চাকা আটকায়া যায়। রিকশা চালাইতে অনেক কষ্ট অয়।’পাশেই দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশাচালক আমিনুর বলেন, ‘ম্যানহোলের ঢাকনা না থাকায় প্রায়ই চাকা আটকে যায়। এতে চাকা পাংচারও হয়।’পথচারী আমির হোসেন বলেন, ‘বৃষ্টি হলে তো কথাই নেই, পা দিয়ে মাটি খুঁজে খুঁজে হাঁটতে হয়। প্রতিদিন কৃষি মার্কেটে অসংখ্য লোক বাজার করতে যায়। অথচ এখানকার রাস্তার কী করুণ অবস্থা!’কৃষি মার্কেটের সামনের সড়কের মেরামতকাজ ও ঢাকনাবিহীন ম্যানহোল বিষয়ে জানতে চাইলে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) অঞ্চল-৬-এর নির্বাহী প্রকৌশলী মেসবাহুল করিম বলেন, ‘এই সড়ক অন্য একটি প্রকল্পের আওতায় রয়েছে। তাই এটির রক্ষণাবেক্ষণের কাজ নিয়মিত বরাদ্দের আওতায় আমরা করতে পারছি না।’ মোহাম্মদপুরের তাজমহল রোড (কৃষি মার্কেট রোড) বিষয়ে অভিযোগ নম্বর: ৯১১৮৬৬০ (নির্বাহী প্রকৌশলী, অঞ্চল-৬, ডিসিসি)। সিআইডি কলোনি, উত্তরা-৮ভরসা যখন ‘টানা পাম্প’ঢাকায় থাকি প্রতিবেদকউত্তরার ৮ নম্বর সেক্টরের সিআইডি কলোনিতে দীর্ঘদিন ধরে চলছে পানির সংকট। ওয়াসার নলে পর্যাপ্ত পানির প্রবাহ নেই। তাই স্বাভাবিক গতিতে পানি আসছে না কলোনির ভবনগুলোর নিচের ট্যাংকে। তাই এই কলোনির বাসিন্দারা নিরুপায় হয়ে গাঁটের পয়সা খরচ করে ব্যক্তিগত উদ্যোগে বসিয়েছেন টানা পাম্প (সাংসান পাম্প)। তবুও স্বস্তিতে নেই তাঁরা। কারণ, ওয়াসার নলেও সব সময় মিলছে না পানি। এর ওপর ঘন ঘন লোডশেডিংয়ের কারণে টানা পাম্প নিরবচ্ছিন্নভাবে ওয়াসার নল থেকে পানি টানতে পারছে না।এ বিষয়ে সিআইডি কলোনির বাসিন্দা আবুল কালাম বলেন, ‘কয়েক বছর ধরে এ কলোনিতে পানির সমস্যা হচ্ছে। রমজান মাসে সপ্তাহ খানেক পানি ছিল না। তখন নানা ঝক্কি-ঝামেলা করে ঢাকা ওয়াসার গাড়ির পানি কিনতে হয়েছে। ওয়াসার লাইন থেকে পানি না আসায় কলোনিবাসী চাঁদা তুলে মোটর বসিয়েছেন। তাতেও পানির সমস্যার সমাধান হয়নি।’এ কলোনির নিরাপত্তাকর্মী আমীর হোসেন জানান, আশপাশের কোনো কলোনিতে পানির সমস্যা নেই। কারণ ওই সব কলোনিতে নিজস্ব পাম্প রয়েছে। তাঁদের এখানে দিনে অল্প সময় ধরে কয়েকবার মেলে ওয়াসার পানি, তা-ও নিয়মিত নয়।টানা পাম্প দিয়ে ওয়াসার নল থেকে পানি টানা তো অবৈধ—এ প্রসঙ্গে কলোনিবাসী জানালেন, দৈনন্দিন গৃহস্থালির কাজর জন্য পানি না পেয়ে তাঁদের টানা পাম্প ব্যবহার করতে হচ্ছে। ওয়াসা যদি ঠিকমতো পানির সরবরাহ করত, তবে তাঁদের অবৈধ টানা পাম্প ব্যবহার করতে হতো না। ফেরদৌসি নামের এক গৃহিণী জানান, যখন কলে পানি আসে না, তখন ভবনের নিচের ট্যাংক থেকে বালতি ভরে পানি তুলতে হয়। এরপর সেই পানি সিঁড়ি ভেঙে বাসা পর্যন্ত নিয়ে আসতে অনেক কষ্ট করতে হয়। রোজার মধ্যে ট্যাংকেও পানি ছিল না। তখন পানি কিনে খেতে হয়েছে। সিআইডি কলোনিবাসীর দাবি, এ কলোনিতে একটি পানির পাম্প বসিয়ে তাঁদের পানির সমস্যার স্থায়ী সমাধান করা হোক।সিআইডি কলোনির পানির সমস্যার বিষয়ে ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী সৈয়দ কামরুল আহসান জানান, সিআইডি কলোনির পানির সমস্যার সমাধানে তিনি খোঁজখবর নিয়ে সংশ্লিষ্ট বিভাগকে সমস্যার সমাধানে নির্দেশ দেবেন। সিআইডি কলোনির পানির সমস্যা বিষয়ে অভিযোগ নম্বর: ৮৯১২৪১১ (মডস জোন-৯, ঢাকা ওয়াসা)। তল্লাবাগরান্নায় বিকল্প উপায়জিয়াউর রহমান চৌধুরীপ্রতিদিন সকালবেলা দোকান থেকে কলা-পাউরুটি কিনে খেতে খেতে স্কুলের দিকে রওনা হয় সাদমান জারিফ ও অনন্যা ইসলাম। ওরা দুজনই সানিডেল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী। আবার এ সময় তল্লাবাগ-পশ্চিম রাজাবাজার রোডে প্রায়ই ব্যায়াম করেন অবসরপ্রাপ্ত চাকরিজীবী রফিকুল ইসলাম। সাদমান ও অনন্যার প্রতিদিনকার এ দৃশ্য বেশ উপভোগ করেন তিনি। তাঁর ধারণা, সাদমান ও অনন্যা কলা-পাউরুটি খেতে খুব পছন্দ করে। ‘কলা পাউরুটি কি খুব পছন্দ করো?’ একদিন জিজ্ঞাসা করলেন রফিকুল ইসলাম। উত্তরে তারা জানাল, তাদের বাসায় সকাল সাড়ে সাতটার দিকে গ্যাস চলে যায়, আসে বেলা দুইটার পর। গ্যাস না পাওয়ায় বেশির ভাগ দিনই সকালে তাদের বাসায় রান্না হয় না। এ কারণেই প্রতিদিন সকালে কলা-পাউরুটি খেয়ে স্কুলে যেতে হয়। এ রকম দৃশ্য এখন পুরো তল্লাবাগে। প্রতিদিন সকালে এখানে শুরু হয় গ্যাসের জন্য হাহাকার। গ্যাসের বর্তমান এ দুরবস্থায় অতিষ্ঠ তল্লাবাগবাসী। গ্যাস-সংকট সম্পর্কে এখানকার বাসিন্দা ইমরান হাসান বলেন, ‘প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চুলা ধরাতে গেলে দেখি, হয় চুলায় গ্যাস নেই, না হলে গ্যাসের চাপ খুবই কম। বাসায় রান্না না হওয়ায় প্রায় প্রতিদিনই বাইরে নাশতা করতে হয়। মাঝেমধ্যে হোটেলেও খাবার পাওয়া যায় না। আর এ অবস্থায় সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা ব্যাচেলররা।’ তল্লাবাগে পরিবারের সঙ্গে থাকেন ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী জেরিন তাসনিম। গ্যাসের এ সমস্যা সমাধানে একদিন সকালে তাঁদের বাসায় গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। গ্যাস না পাওয়ায় এখন ইলেকট্রনিক রাইস কুকারে রান্না করেন তাঁরা। আর আগের দিনের রান্না করে ফ্রিজে রাখা তরকারি মাইক্রোওয়েভ ওভেনে গরম করে সারেন সকালের নাশতা। আবার গ্যাস নিয়মিত না থাকায় বিপাকে পড়েছেন তল্লাবাগ এলাকার গৃহকর্মীরা। আফরোজা বানু নামের এক গৃহকর্মী বলেন, ‘আগে পাঁচ-ছয় বাসায় কাজ করতাম। এখন গ্যাস না থাকায় দু-এক বাসায় কাজ করতেই হিমশিম খেতে হয়।’ তল্লাবাগের গ্যাস-সমস্যা নিয়ে জানতে চাইলে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মো. নওশাদ ইসলাম বলেন, ‘গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে ফারাক থাকায় এ সমস্যা হচ্ছে। বিভিন্ন এলাকার গ্যাসের সমস্যা সমাধানে লিংক লাইনের কাজ চলমান রয়েছে।’ তল্লাবাগ এলাকার গ্যাস-সমস্যা বিষয়ে অভিযোগ নম্বর: ৯৫৬৩৬৭১, ০১১৯৯৮১৯১৭৪ (তিতাস গ্যাস)।