এপাড়া ওপাড়া
নবোদয় হাউজিং, মোহাম্মদপুরনিভু নিভু গ্যাসের চুলাআল-আমিন হক ‘প্রতিদিন দুপুরের খাবার সকালেই রান্না করতে হয়, তাও আবার সকাল আটটা-নয়টার মধ্যে। নইলে দুপুরে খাবার নিয়ে বিপাকে পড়তে হয়।’ বলছিলেন নবোদয় হাউজিংয়ের ২ নম্বর সড়কের ৩২ নম্বর বাড়ির বাসিন্দা আমজাদ হোসেন।মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায় তীব্র গ্যাস-সংকট রয়েছে। সকাল নয়টা থেকে চুলায় গ্যাসের চাপ কমতে শুরু করে। বেলা তিনটার আগে আর চাপ বাড়ে না। তাই দিনের মূল রান্নার সময়টায় ওই এলাকার অনেকেই কেরোসিনের স্টোভে রান্না সারেন। কেউ কেউ রাইস কুকার দিয়ে ভাত রান্না করেন।নবোদয় হাউজিংয়ের একাধিক বাসিন্দা জানালেন, এ এলাকায় গ্যাসের সমস্যা প্রায় আট মাস ধরে চলছে। তিন মাস ধরে সমস্যা প্রকট আকার ধারণ করেছে। সমস্যা সমাধানে তিতাসের ঊর্ধ্বতন পর্যায়ে ধরনা দিয়েও কোনো কাজ হচ্ছে না। তারা কেবল আশ্বাস দিচ্ছেন।এলাকার প্রধান সড়কের ব্লক ‘এ’-এর ৩/১ নম্বর বাড়ির বাসিন্দা এম মনছুর আলী জানান, তাঁদের বাসায় রান্নার কাজটি সকালের মধ্যে শেষ করতে হচ্ছে। কেরোসিনের চুলায়ও মাঝেমধ্যে রান্না করতে হয়। রাইস কুকারই তাঁদের শেষ ভরসা।তিনি আরও বলেন, ‘শুনেছিলাম, রিং রোড থেকে একটি বড় গ্যাসের লাইন আসার কথা, কিন্তু কবে আসবে তা আমাদের জানা নেই। তাই গ্যাস-সংকটের মধ্যেই কোনো রকমে দিন কাটছে।’গ্যাসের টানা সংকটের কারণে রাইস কুকারের ওপর নির্ভরতা বাড়ছে এলাকাবাসীর। আবার বিদ্যুতের অবিরাম যাওয়া-আসার কারণে সেটাতেও স্বাচ্ছন্দ্যে ভাত রান্না করা যাচ্ছে না। ৩ নম্বর সড়কের বাসিন্দা তারেক সারওয়ান জানান, তাঁদের বাসায় অন্যান্য বাসার তুলনায় গ্যাস অনেক কম থাকে। তিনি আরও বলেন, ‘পানি, গ্যাস ও বিদ্যুৎ ছাড়া ঢাকা শহরে চলা অসম্ভব। আর সেটিই যদি ঠিকমতো না পাওয়া যায়, তাহলে চলব কী করে। ধোঁয়া হয় এ জন্য লাকড়িও ব্যবহার করতে পারছি না। বাড়িওয়ালা নিষেধ করেন। গ্যাসের চাপ দিন দিন কমছেই। কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।’৩ নম্বর সড়কের ১০ নম্বর বাসার বাসিন্দা মোহাম্মদ নুরুল ইসলাম জানালেন, গ্যাসের চাপ কম হওয়ায় স্কুল থেকে আসার পর বাচ্চাদের সময়মতো খেতেও দেওয়া যায় না।এখানকার বহুতল ভবন বিলাস কুঞ্জের ফ্ল্যাটমালিক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘এখন যে গ্যাসের পাইপলাইনটি আছে, তা দুই ইঞ্চি ব্যাসের। এটি চার ইঞ্চি করা দরকার। তা হয়তো এই মুহূর্তে সম্ভব নয়, তবে দ্রুত গ্যাসের এই সমস্যার সমাধান দরকার।’এ বিষয়ে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক ও পরিচালক (অপারেশন) মো. নওশাদ ইসলাম জানান, তিনি খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেবেন। মোহাম্মদপুরের নবোদয় হাউজিং আবাসিক এলাকার গ্যাস-সংকট বিষয়ে অভিযোগ নম্বর: ৯৫৬৩৬৭১, ০১১৯৯৮১৯১৭৪ (তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেড)। সোনারগাঁও জনপথ রোড, উত্তরাসড়ক না ব্যবসাকেন্দ্র?আসাদুজ্জামান ‘ফুটপাতে দোকান বসানোর ফলে এখানে যে ফুটপাত বলতে কিছু একটা আছে, তা আর বোঝার উপায় নেই। নিরুপায় হয়ে আমাদের মূল সড়ক দিয়ে হাঁটতে হয়।’ বলছিলেন উত্তরা ১১ নম্বর সেক্টরের বাসিন্দা মান্নান মিয়া।উত্তরা ১১ নম্বর সেক্টরের চৌরাস্তা থেকে ১২ নম্বর সেক্টর পর্যন্ত জনপথ রোডের একাংশ দখল করে বসেছে দোকানপাট, বিশেষ করে চৌরাস্তার পাশেই ১৩ নম্বর সেক্টরের কাঁচাবাজারের একাংশ চলে এসেছে ওই সড়কের ফুটপাতে। কাঁচাবাজারের পাশাপাশি রয়েছে হোটেল, টং দোকান ও ভাঙ্গারির দোকান। ফুটপাত বেদখলে থাকায় পথচারীদের পা বাড়াতে হচ্ছে মূল সড়কে।একাধিক বিক্রেতার দাবি, ফুটপাত কাঁচাবাজারেরই একটা অংশ। তাঁরা বাজার ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই এখানে বসেছেন। তবে ১৩ নম্বর কাঁচাবাজারের ব্যবস্থাপনা কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য বিষয়টি অস্বীকার করেন। তিনি দাবি করেন, মাঝেমধ্যে পুলিশ এসে রাস্তার দোকানপাট উচ্ছেদ করে দেয়। এরপর তারা আবারও এখানে বসে যায়।ফুটপাতের কাঁচাবাজার পেরিয়ে ১২ নম্বর সেক্টরের দিকে খানিকটা এগিয়ে গিয়ে দেখা যায়, সড়কের উভয় পাশের ফুটপাতে বিক্রির জন্য স্তূপ করে রাখা আছে ইট-বালু। এ বিষয়ে ১৩ নম্বর সেক্টরের বাসিন্দা মুজাহিদুল ইসলাম জানান, ফুটপাত দখল করা এই অবৈধ দখলকারীদের উচ্ছেদ করা উচিত। এর জন্য সড়কে যানজট হচ্ছে। রিকশায় করে এখান দিয়ে যাওয়ার সময় চলন্ত ট্রাক থেকে বালু উড়ে এসে চোখে-মুখে পড়ে।এ বিষয়ে ফুটপাতের ইট-বালু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে চাইলে কেউ কথা বলতে রাজি হননি। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের কিছু অসাধু কর্মী এদের কাছ থেকে সুবিধা নিয়ে নীরব থাকছে।এ বিষয়ে উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার রেজাউল হাসান জানান, ফুটপাতের অবৈধ দোকানপাট বেশ কয়েকবার উচ্ছেদ করেছেন তাঁরা। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। উচ্ছেদের কিছুদিন পর আবারও তারা ফুটপাতে অবৈধ দোকানপাট বসায় বলে তিনি জানান। উত্তরার রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বিষয়ে অভিযোগ নম্বর: ৮৯১৪১২৬ (উত্তরা থানা)। নিউ ইস্কাটন পানি নেই ওয়াসার নলেজিয়াউর রহমান চৌধুরী ঘড়িতে তখন দুপুর দুইটা। নিউ ইস্কাটনের ১০১ নম্বর বাড়ির সামনে চোখে পড়ল দৃশ্যটি। দুই লিটারের একটি পানির বোতল নিয়ে বাসার গেট দিয়ে ভেতরে ঢুকছিল নটর ডেম কলেজের শিক্ষার্থী নাজমুস সাকিব। এক বছর ধরে সে এ বাড়িতে আছে। প্রায় প্রতিদিন দুপুরবেলা তাকে বোতলজাত পানি নিয়ে বাসায় ঢুকতে হচ্ছে।এর কারণ জানতে চাইলে সাকিব বলে, ‘নিউ ইস্কাটনের এ এলাকায় দেড় বছর ধরে পানি নিয়ে ইঁদুর-বিড়াল দৌড় চলছে। মাঝেমধ্যে টানা ১০-১৫ দিন পানি পাওয়া যায় না। আবার দীর্ঘ সময় পর পানি এলেও সারা দিন পানি পাওয়া যায় না। রাতে পানি এলে তা সর্বোচ্চ পরদিন দুপুর ১২টা পর্যন্ত পাওয়া যায়। এরপর আবার ১২ ঘণ্টা পানি পাওয়া যায় না।’খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় দুই বছর ধরে এ রকম পানির সংকটে আছেন নিউ ইস্কাটন এলাকার বাসিন্দারা। এতে বিপাকে পড়েছেন ফ্ল্যাটমালিক ও বাড়িওয়ালারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাড়ির মালিক বলেন, ‘পানির সমস্যায় জীবন অতিষ্ঠ হয়ে গেল। প্রতিদিন ভাড়াটেদের কথা শুনতে হচ্ছে। ওয়াসার লোকজনের কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি। এ মুহূর্তে বাড়িভাড়া দেওয়া বিপদ হয়ে দাঁড়িয়েছে। একদিকে ভাড়াটেদের পানির ব্যবস্থা করে দিতে পারছি না, আবার মাস শেষে ভাড়া আদায় করতে গেলে কটু কথা শুনতে হচ্ছে। সাময়িক সমস্যা সমাধানের জন্য মাঝেমধ্যে ওয়াসা থেকে পানি কিনে আনি। কিন্তু তাও সব সময় পাওয়া যায় না।’একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুন নাহারের ভাষ্য, ‘নিউ ইস্কাটন এলাকায় প্রায় এক যুগেরও বেশি সময় ধরে থাকছি। দুই বছর ধরে পানি নিয়ে খুব সমস্যায় আছি।’নিউ ইস্কাটনের পানিসংকটের কারণ জানতে চাইলে ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী সৈয়দ কামরুল হাসান বলেন, ‘সাধারণত যাঁদের বাড়ি পাম্প থেকে বহু দূরে, তাঁদের বাড়িতে এ ধরনের সমস্যা হয়ে থাকে। ওই এলাকার সমস্যা একবার সমাধান করা হয়েছিল। এখন আমাদের বিভিন্ন লাইনের সার্ভিসিংয়ের কাজ চলছে। আশা করি, নিউ ইস্কাটন এলাকার পানি সমস্যার সমাধান হবে।’ নিউ ইস্কাটন এলাকার পানিসংকট বিষয়ে অভিযোগ নম্বর: ৯৩৫৮৬১৫ (মডস জোন-৬, ঢাকা ওয়াসা)।