এপাড়া ওপাড়া
কামরাঙ্গীরচরপ্রতিদিনই যানজটমাহমুদ উল্লাহঢাকার অন্যান্য এলাকায় যেতে কামরাঙ্গীরচর বেড়িবাঁধ সড়কের মধ্যে থাকা ছয়টি সেতু ব্যবহার করে স্থানীয় বাসিন্দারা। তবে বেশির ভাগ বাসিন্দা সিকশন সেতুটি ব্যবহার করে। তাই এই সেতুতে সকাল-সন্ধ্যা যানজট লেগে থাকে। এভাবে কামরাঙ্গীরচর থেকে ঢাকার অন্যান্য এলাকায় চলাচল করতে সবাইকে কম-বেশি যানজটের ভোগান্তির মধ্যে পড়তে হয়।সুলতানগঞ্জ (কামরাঙ্গীরচর) ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, কামরাঙ্গীরচরের আয়তন ছয় বর্গ কিলোমিটার। একে ঘিরে আছে বুড়িগঙ্গা নদী। এখানে বাস করে সাত লাখ লোক। এসব মানুষের অনেকেই প্রতিদিন পড়াশোনা কিংবা কর্মসূত্রে ঢাকার বিভিন্ন এলাকায় যাতায়াত করে। ঘুরে দেখা গেছে, কামরাঙ্গীরচর সিকশন সেতুতে সকালে আর সন্ধ্যায় পথচারী ও যাত্রীর ভিড়ে জটলা তৈরি হয়।স্থানীয় বাসিন্দারা জানালেন, যেসব সেতু আছে, সেগুলোর চওড়া কম। যদি প্রশস্ত সেতু হতো, তাহলে যানজট কমে যেত। বর্তমানে কেল্লার মোড়ের লোহার ব্রিজের পাশের পাকা সেতুটি বেশ চওড়া। এদিকে নবাবগঞ্জ ২ নম্বর সেতুটির অর্ধেক কাঠ আর অর্ধেক পাকা। প্রথমে ব্রিজটি কাঠের ছিল, পরে তা পাকা করা হয়। কিন্তু পুরোটা আর পাকা করা হয়নি। সেভাবেই রয়ে গেছে বলে জানালেন পূর্ব রসুলপুরের স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন। তিনি আরও বলেন, ‘আমাদের চলাচলের জন্য যদি ব্রিজটি ঠিক করে দেওয়া হয়, তাহলে আমাদের অনেক উপকার হয়।’ গিয়ে দেখা গেছে, কোম্পানীঘাট ব্রিজটির পুরো অংশের আশপাশে ময়লা-আবর্জনা জমে আছে। এ কারণে পথচারী ও যাত্রীদের বেশ দুর্ভোগে পড়তে হচ্ছে।কামরাঙ্গীরচরের যানজট নিয়ে সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ সরকার বলেন, ‘যানজট নিয়ন্ত্রণে আমরা কমিউনিটি পুলিশের ছয়জন সদস্য নিয়োগ করেছি। তাঁরা সিকশন সেতুর ওখানে কাজ করেন।’ কামারাঙ্গীরচর ও বেড়িবাঁধ সড়কের যানজট বিষয়ে অভিযোগ নম্বর: ৮৩৩১০২৮ (ট্রাফিক দক্ষিণ বিভাগ, ডিএমপি)। মিল ব্যারাক, ফরিদাবাদনদীর পাড় রোড না ডাস্টবিন?ঢাকায় থাকি প্রতিবেদকরাস্তার একপাশে বড় বড় গাছ, আরেক পাশে বুড়িগঙ্গা নদী। চুপচাপ, শান্ত-সুনিবিড় পরিবেশ। তাই শহরের যান্ত্রিক কোলাহল থেকে বাঁচতে সুযোগ হলেই অনেকে ছুটে আসে এই পরিবেশে মুক্ত হাওয়া নিতে। কিন্তু এই শান্ত পরিবেশে বাদ সাধে আশপাশের এলাকার কিছু অসচেতন লোকের খামখেয়ালিপনা। আশপাশে ডাস্টবিন না থাকার কারণে তারা দৈনন্দিন গৃহস্থালির উচ্ছিষ্ট ফেলে রাখে রাস্তার পাশেই। তাই যারা একটু কোলাহলমুক্ত পরিবেশ খুঁজতে এখানে আসে, তারা পড়ে বিপাকে। তাদের এই পরিবেশে মানিয়ে নিতে হয় নাকে রুমালচাপা দিয়ে। এমনি একজন বললেন, ‘আমি প্রায় প্রতিদিনই আসি। কিন্তু দুর্গন্ধের কারণে বড় কষ্ট হয়। কিন্তু কী করব, জায়গাটার মায়ায় পড়ে গেছি।’গোসাইবাড়ির (এনসিজি রোড) বাসিন্দা মোহাম্মদ সাগর জানান, ১০ নম্বর গলির মুখে একটি সুতার কারখানার কাছে প্রায় সাত মাস ধরে ময়লার স্তূপ হয়ে আছে। তাঁরা কয়েকবার নিজেদের খরচে পরিষ্কার করালেও আবার জমা হয়ে যায়। সিটি করপোরেশনের লোক আসে না। গিয়ে দেখা গেছে, রাস্তার দুই পাশে ময়লার স্তূপ রয়েছে। শেষ কবে সিটি করপোরেশনের লোকজন আবর্জনা নিয়ে গেছে, তা কেউ বলতে পারল না। আলীগঞ্জ রোডের সুমন হোসেন বলেন, এই এলাকার অবস্থা আরও নোংরা ছিল। কিছুদিন আগে মামা মাজারের বাৎসরিক ওরশের জন্য রোডটি পরিষ্কার করা হয়েছে, তাতেই এ অবস্থা। কিন্তু এরপর অনেক দিন চলে গেছে। আর কোনো উদ্যোগ কারও চোখে পড়েনি। আর ঢাকা সিটি করপোরেশনের কোনো সেবা এখানে নেই বললেই চলে।মিল ব্যারাকের নদীপাড়ের আবর্জনা অপসারণ করা হচ্ছে না কেন, জানতে চাইলে ডিসিসি অঞ্চল-১-এর পরিচ্ছন্নতা কর্মকর্তা নুরুল হোসেন খান বলেন, ‘আমরা বিষয়টা জানি না। খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেব।’ মিল ব্যারাকের নদীরপাড় রোডের আবর্জনা বিষয়ে অভিযোগ নম্বর: ৭৫৪৪৫০৫ (আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, অঞ্চল-১, ডিসিসি)। কদমতলা সড়কসংস্কার হবে কবেআল-আমিন হকএকটু আগেই বৃষ্টি হয়ে গেছে। থমকে দাঁড়ানো মানুষ আবার চলতে শুরু করেছে। মায়ের হাত ধরে যাচ্ছিল কদমতলা শিশুনিকেতন আদর্শ বিদ্যালয়ের ছাত্রী ইয়াসমিন জামান। পথে জমে আছে কাদাপানি। পাশ দিয়ে যাচ্ছিল একটি প্রাইভেট কার। তড়িঘড়ি করে প্রাইভেট কারটিকে জায়গা দিতে গিয়ে অল্পের জন্য গর্তে পড়ে যাওয়া থেকে রক্ষা পেল দুজনই। বৃষ্টি হলেই এমন চিত্র দেখা যায় পূর্ব বাসাবো-কদমতলা সড়কে।দীর্ঘদিন ধরেই বেহাল কদমতলা সড়ক। সড়কের কোথাও ঢালাই অবশিষ্ট নেই, তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। বৃষ্টির দিনে এসব গর্ত ভরে যায় কাদাপানিতে। শুকনো মৌসুমেও কম যায় না, ধুলোর রাজ্যে পরিণত হয় এই সড়ক। সড়কের শুরু থেকে শেষ পর্যন্ত একই অবস্থা। এই সড়কের পাশের ‘বুক প্যালেস’-এর স্বত্বাধিকারী সাইফুল আলম জানান, বৃষ্টি হলেই তাঁর দোকানে আর কোনো ক্রেতা খুঁজে পাওয়া যায় না। কারণ, তাঁর দোকানের সামনেই রয়েছে বড় বড় কয়েকটি গর্ত। আর বৃষ্টি এলে এসব গর্ত ডোবায় পরিণত হয়, যে কারণে কেউ ঝুঁকি নিয়ে তাঁর দোকানে কলম-পেনসিল কিনতে আসে না। তিনি আক্ষেপ করে বলেন, ‘১৫ বছর ধরে শুনছি, এই সড়কের সংস্কার হবে, কিন্তু হচ্ছে না।’ স্থানীয় বাসিন্দা আনোয়ারুজ্জামান জানান, এই সড়ক প্রশস্ত হওয়ার কথা শুনছিলাম। যদি হয়, তাহলে তো সেটা একটা দীর্ঘমেয়াদি কাজ হবে। কেননা, সড়ক ঘেঁষে থাকা সব ভবন-দোকানপাট ভাঙতে হবে। যদি তা-ই হয়, তাতে আনোয়ারুজ্জামানের ভবনের একাংশও ভাঙতে হতে পারে। তবে তাতে তিনি অখুশি নন। তবু এমন সড়কের হাত থেকে নিস্তার তো পাওয়া যাবে! শোচনীয় এই সড়কের উন্নয়নে কর্তৃপক্ষ কখনোই ভাবে না বলে মনে করেন স্থানীয় বাসিন্দা প্রশান্ত কুমার দে। এই সড়কের পাশে রয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিদিন অনেক শিক্ষার্থীকে শুকনো মৌসুমে পায়ে ধুলো মাখিয়ে আর বর্ষার সময় কাদা মাড়িয়ে যাওয়া-আসা করতে হয়। স্বপন চন্দ্র রায় নামের একজন পথচারী জানান, কোনো রিকশাচালক এই সড়ক দিয়ে যেতে চান না। যাঁরা রাজি হন, তাঁরা বেশি টাকা দাবি করেন। তাই অনেককেই হেঁটে যেতে হয়। এলাকাবাসী সবারই দাবি, দ্রুত এই সড়কের সংস্কার করা হোক। এ সম্পর্কে ২৮ নম্বর ওয়ার্ডের কমিশনার মোশারফ হোসেন বলেন, ‘আমরাও চাই, যেন এই সড়কের কাজ দ্রুত হয়; কিন্তু বরাদ্দ না থাকায় কিছু করা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি।’ কদমতলা সড়ক বিষয়ে অভিযোগ নম্বর: ৭২১৪৬৮২ (নির্বাহী প্রকৌশলী, অঞ্চল-৪, ডিসিসি)।