এপাড়া ওপাড়া
দক্ষিণখান ইউনিয়নবেহালে গাওয়াইর মাদ্রাসা রোডআসাদুজ্জামান‘গত পাঁচ বছরে একবারও এই রাস্তায় কাজ হয়নি। ইট বিছানো এই রাস্তার ইট উঠে গিয়ে এখন কাদা-মাটির রাস্তা হয়ে গেছে। চলাচলের উপযোগী করার জন্য কিছুদিন আগে এলাকাবাসীর কাছ থেকে চাঁদা তুলে রাস্তায় রাবিশ ফেলা হয়েছে।’ বলছিলেন দক্ষিণখান ইউনিয়নের গাওয়াইর মাদ্রাসা সড়কের বাসিন্দা আবুল হোসেন। দীর্ঘদিন ধরে এ সড়কটি সংস্কার না করায় দুর্ভোগ পোহাতে হচ্ছে এ এলাকার বাসিন্দাদের। ঘুরে দেখা গেছে, দক্ষিণখান ইউনিয়নের গাওয়াইর মাদ্রাসা সড়কটি বেলায়েত আলী হাজির বাড়ি হয়ে চালাবন দিয়ে উত্তরখান গিয়ে পৌঁছেছে। চার কিলোমিটার এ সড়কটির বেশির ভাগ অংশই ভাঙাচোরা আর খানাখন্দে ভরা। দীর্ঘদিন আগে এ সড়কে বিছানো ইট বিভিন্ন জায়গায় ভেঙে গেছে। কোথাও ইটের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। এ সড়কটি দেখে কেউ যদি গ্রামের মেঠোপথের সঙ্গে তুলনা করে তবে তাকে কিছুতেই দোষ দেওয়া যাবে না। এ সড়কে নেই পানি নিষ্কাশনের নালা। ফলে একটু বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতা দেখা দেয়। এ বিষয়ে মাদ্রাসা রোডের বাসিন্দা সৈয়দ আলী জানান, এ সড়কটির জন্য এলাকার বাসিন্দাদের ভোগান্তির শেষ নেই। অফিসগামী আর ছাত্রছাত্রীদের এ সড়ক দিয়ে নিত্যদিন যাতায়াতের সময় ভাঙা অংশে জমে থাকা কাদা-পানির জন্য নাকাল হতে হয়। দক্ষিণখান ইউনিয়নটি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের নির্বাচনী এলাকায়। অথচ এলাকার রাস্তাঘাটের অবস্থা বেহাল। এ বিষয়ে গাওয়াইর এলাকার বাসিন্দা প্রভাতচন্দ্র দাশ বলেন, ‘ক্ষমতায় দলবদল হয় কিন্তু রাস্তাঘাটের কোনো উন্নতি হয় না। স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা হওয়া সত্ত্বেও রাস্তার উন্নয়নে কোনো গতি নেই।’ মাদ্রাসা রোডের আরেক বাসিন্দা তারাজ উদ্দিন ভূইয়া জানান, সড়কটির সংস্কার না হওয়ার কারণে এ এলাকার বাসিন্দাদের নিত্যদিনের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটছে। এবড়োখেবড়ো সড়কের জন্য বেশি ভাড়ার আশ্বাসেও এ সড়কে রিকশা প্রবেশ করতে চায় না।মাদ্রাসা রোডের মুদি ব্যবসায়ী চাঁদপুর ট্রেডার্সের স্বত্বাধিকারী আবদুস সামাদ বলেন, ‘একটু বৃষ্টি হলেই এ রাস্তায় হাঁটুপানি জমে যায়। এখান দিয়ে গাড়ি যাওয়ার সময় দোকানে নোংরা কাদা-পানি ছিটে আসে। অন্যদিকে ভাঙা সড়কের খানাখন্দ পেরিয়ে দোকানে কাস্টমার আসতে পারে না।’এ বিষয়ে দক্ষিণখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জানান, খুব শিগগিরই এ সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এ সড়কটি সংস্কারে অর্থ বরাদ্দের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। গাওয়াইর মাদ্রাসা রোড বিষয়ে অভিযোগ নম্বর: ৭৪৪১৯১৩ (কর্মকর্তা, তেজগাঁও সার্কেল)। দিগুবাবু বাজার রোড, নারায়ণগঞ্জরাস্তা না ডাস্টবিন?ঢাকায় থাকি প্রতিবেদকরাস্তার মাঝখানে ট্রাক রেখে ময়লা সরানোর কাজ করছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। তাই রাস্তার শেষ মাথা পর্যন্ত গাড়ির যানজট লেগে গেছে। যতক্ষণ না ট্রাক বোঝাই হচ্ছে, ততক্ষণ এভাবেই আটকা থাকতে হবে গাড়িগুলোকে। এটা নারায়ণগঞ্জ দিগুবাবু বাজার রোডের প্রতিদিনের দৃশ্য। রাস্তার পাশে দেয়ালেঁঘষে ময়লার বিশাল স্তূপ। তার আশপাশেই পশরা নিয়ে বসেছেন তরকারি, গুড়, চিঁড়া-মুড়ির দোকানিরা। যাঁরা এ রাস্তার নতুন পথিক, তাঁরা ময়লার স্তূপের পাশে দোকানদারি দেখে অবাক হবেন। কিন্তু এখানকার যাঁরা নিয়মিত দোকানি, তাঁদের কাছে ব্যাপারটা স্বাভাবিক। ময়লার সামনে বসে বেচাকেনা করলেও তাঁদের ক্রেতা কিন্তু কমে না। ময়লার সামনে দাঁড়িয়ে গুড় কিনছিলেন হুমায়ুন কবির। এমন পরিবেশে বেচাকেনা হচ্ছে, তা কিনে নিয়ে খাবেন কীভাবে? জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘কিছু তো করার নাই, খেতে তো হবে। আমরা আর কী করতে পারি? যাঁদের করার কথা, তাঁরা তো আর কখনো বাজার করেন না। আমাদের সমস্যা বুঝবেন কী করে।’ দিগুবাবু বাজারের ৩৪ নম্বর গলির মুদি দোকানি কৃষ্ণ পাল বলেন, ‘অনেক দিন আমরা এ ডাস্টবিন সরিয়ে অন্য জায়গায় নেওয়ার কথা বলেছি, কিন্তু নেয় না। খুব কষ্টে আছি ভাই।’ তিনি জানান, প্রতিদিনই পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা সরিয়ে নিয়ে যান। কিন্তু যে তুলনায় ময়লা নিয়ে যান, তার চেয়ে বেশি জমা হয়ে যায়।দিগুবাবু বাজারের ময়লা নিয়ে এনসিসির ১৫ নম্বর ওয়ার্ডের সদ্য নির্বাচিত কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, ‘গত মেয়রের সময় নারায়ণগঞ্জের রাস্তার সল্পতা কমাতে এবং শহরের যানজট কমিয়ে আনতে দিগুবাবু বাজারঘেঁষে এই লিংক রোড করা হয়। লিংক রোড দিয়ে গাড়ি চলাচল করতে পারছে না নির্বিগ্নে। যে উদ্দেশ্যে রাস্তাটি করা হয়েছিল, তা হচ্ছে না। ময়লার কারণে রাস্তার অর্ধেক সব সময় বন্ধ থাকে। ময়লা ফেলার জায়গাটি আসলে উঠিয়ে দেওয়া উচিত। আমার দায়িত্ব পাওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে এর একটা সুষ্ঠু সমাধান করব।’ ফরিদাবাদবেহাল সড়কে কুপোকাতঢাকায় থাকি প্রতিবেদকগেন্ডারিয়া থানা থেকে ঢাকা কটন মিল পর্যন্ত সড়কটির জায়গায় জায়গায় খোয়া উঠে গেছে। হোঁচট খেয়ে, ঝাঁকুনি সয়ে পথ চলতে হচ্ছে এখানকার বাসিন্দাদের। এদিকে গেন্ডারিয়া থেকে পোস্তাগোলা যাওয়ার সহজ পথ এটিই। ফলে বাধ্য হয়েই খানাখন্দের এই সড়কে পথ চলতে হচ্ছে গেন্ডারিয়া, ফরিদাবাদ আর করিমুল্লারবাগ এলাকার বাসিন্দাদের।ফরিদাবাদের বিটিসিএল কার্যালয়ের সামনের সড়কের খোয়া উঠে গেছে। বেরিয়ে এসেছে লালরঙা ইট। আবার কোথাও সৃষ্টি হয়েছে এবড়োখেবড়ো গর্তের। বিটিসিএলের কর্মকর্তা হারুন-আর-রশিদ জানান, পথের এই খানাখন্দ অবস্থা অনেক দিনের। অথচ কর্তৃপক্ষ কোনো উদ্যোগই নেয়নি। বর্ষার পর সড়কটি আরও বেহাল হয়ে পড়েছে।‘রাতের বেলা পথ চলতে বেগ পেতে হয়। এবড়োখেবড়ো পথে হোঁচট খেয়ে বেশ কয়েক দিন অফিসও কামাই করতে হয়েছে।’ বলেন ফরিদাবাদের ব্যাংক কলোনি এলাকার মোশতারী বেগম।এদিকে ফরিদাবাদ ব্যাংক কলোনির বাসিন্দা সালমা বেগম অভিযোগ করেন, দিনের বেলা সড়কটিতে ট্রাক চলাচল নিষিদ্ধ। অথচ রাতের বেলা পোস্তাগোলা ও বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা বালুমহালের বালু ট্রাকে করে ঢাকার বিভিন্ন জায়গায় আনা-নেয়া হয়। আবার বুড়িগঙ্গা নদীর ঘাটে আসা ইটের বড় বড় চালান ট্রাকে করে পার হয় এ পথ দিয়ে। ফলে পথের খোয়া উঠে যায়। এতে হরিচরণ রায় রোডের বেশির ভাগ পথই চলাচলের উপযুক্ততা হরিয়েছে।ঢাকা কটন মিল উচ্চবিদ্যালয়ের সামনের সড়কও ভাঙাচোরা। এখানকার শিক্ষার্থী আলিম উল্লাহ জানায়, লক্ষ্মীবাজার থেকে স্কুলে আসি হিউম্যান হলারে চড়ে। গেন্ডারিয়া থানা পার হলেই টের পাই ঝাঁকুনি। ঝাঁকুনির তোড়ে মাঝেমধ্যে গেন্ডারিয়ায় নেমে যাই। বাকি পথ হেঁটে আসি।এলাকা ঘুরে দেখা গেছে, হরিচরণ রায় রোড, ফরিদাবাদ আর করিমউল্লারবাগের সড়কগুলোর বেহালদশা। খোয়া উঠে সেগুলো অসমান হয়ে পড়েছে। কোথাও আবার এলাকার বাসিন্দারা সমান করার জন্য ভবন ভাঙা রাবিশ এনে ফেলেছে। পোস্তাগোলা চৌরাস্তা থেকে পোস্তাগোলা শ্মশান পর্যন্ত সড়কটি ঢাকা সিটি করপোরেশনের উদ্যেগে সম্প্রতি কার্পেটিং করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা ফরিদাবাদের সড়কটির সংস্কার চান বলে জানান।এ বিষয়ে ঢাকা সিটি করপোরেশনের অঞ্চল-১-এর নির্বাহী প্রকৌশলী (পুর) ড. আবদুর রাজ্জাক জানান, দাপ্তরিক সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গেন্ডারিয়া-ফরিদাবাদের ভাঙাচোরা সড়কটি আগামী দুই মাসের মধ্যে সংস্কার করে হবে। গেন্ডারিয়া এলাকার রাস্তা, ফুটপাত ও নর্দমা (ড্রেন) বিষয়ে অভিযোগ নম্বর: ৭৫৪৯৩৯৮ (নির্বাহী প্রকৌশলী, অঞ্চল ১, ডিসিসি)।