এপাড়া ওপাড়া
জসীমউদ্দীন এভিনিউ, দলিপাড়াঅবহেলিত এক সড়ক!ঢাকায় থাকি প্রতিবেদক‘বিমানবন্দরের বাউন্ডারি-ওয়ালঘেঁষে নতুন রাস্তা হওয়ার পর থেকেই এটি সংস্কারের জন্য কারও মাথাব্যথা নেই। অথচ দলিপাড়ার বিভিন্ন মহল্লায় যাওয়ার জন্য এ রাস্তার কোনো বিকল্প নেই।’ বলছিলেন হরিরামপুর ইউনিয়নের দলিপাড়ার বাসিন্দা আহমেদ নোমান।যে সড়ক নিয়ে কথা হচ্ছে, সেটি হরিরামপুর ইউনিয়নের দলিপাড়ার জসীমউদ্দীন এভিনিউ। সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে এটি বেহালে রয়েছে। এ কারণে এই সড়ক দিয়ে চলাচলকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঘুরে দেখা গেছে, উত্তরা ৩ নম্বর সেক্টরের জসীমউদ্দীন রোডের এক প্রান্ত পাকার মাথা থেকে শুরু হয়েছে দলিপাড়ার জসীমউদ্দীন এভিনিউ। যখন সড়কটি তৈরি করা হয়, তখন এটি ছিল পিচ দিয়ে ঢালাই রাস্তা। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এখন সড়কটি দেখে বোঝার কোনো উপায় নেই যে সড়কটি একসময় পাকা ছিল। সড়কের ঢালাই বহুদিন আগেই লাপাত্তা। কঙ্কালের মতো হাড্ডিসার এ রাস্তা যেন রিকশা চলাচলে মরণফাঁদ। এ সড়কে নেই পানি নিষ্কাশনের নালা। এ বিষয়ে দলিপাড়ার বাসিন্দা ফারুক মিয়া জানান, দ্বিগুণ ভাড়ার আশ্বাস দিলেও রিকশাচালকেরা এ সড়কে আসতে চান না। তখন হেঁটেই পথটুকু পাড়ি দিতে হয়। দলিপাড়ার আরেক বাসিন্দা রয়েল রহমান বলেন, তিন বছরে একাধিকবার রাস্তাটি সংস্কারের নামে প্রশাসনের প্রহসন চলেছে। তা না হলে এটি চলাচলের উপযোগী হতো। বেহাল রাস্তা বিষয়ে অর্কিড এমব্রয়ডারির একজন কর্মী জানান, দিন-রাতে একাধিকবার তাঁদের কারখানায় মালামাল সরবরাহ করতে হয়। ভাঙাচোরা সড়কের কারণে পণ্য পরিবহনে বাধার সৃষ্টি হচ্ছে। এতে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। জসীমউদ্দীন এভিনিউয়ের বাসিন্দা গৃহিণী সুফিয়া খাতুন বলেন, ভাঙা রাস্তার কারণে স্কুলপড়ুয়া ছেলেমেয়েরাও ঝক্কি-ঝামেলা পোহায়। এবড়োখেবড়ো রাস্তা দিয়ে স্কুল-কোচে আসতে তারা ঝাঁকুনি খায়।’ বেহাল রাস্তাটি নিয়ে কথা হয় তেজগাঁও সার্কেলের কর্মকর্তা নিরোদচন্দ্র মণ্ডলের সঙ্গে। তিনি বলেন, এ সড়কের সংস্কারের জন্য দরপত্রের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। খুব শিগগির কার্যাদেশ দেওয়া হবে। এরপর কাজ শুরু হবে। দলিপাড়ার জসীমউদ্দীন এভিনিউ বিষয়ে অভিযোগ নম্বর: ৭৪৪১৯১৩ (কর্মকর্তা, তেজগাঁও সার্কেল)। মোহাম্মাদীয়া হাউজিং প্রধান সড়ক, মোহাম্মদপুরভাঙা সড়কে ধুলার রাজত্বআল-আমিন হকযাঁদের পকেটে রুমাল ছিল, তাঁরা চটপট তা বের করে নাকে চেপে ধরেছেন। মেয়েরা ওড়নার একাংশ কিংবা শাড়ির আঁচল; আর যাঁর কিছুই নেই, তিনি খালি হাত দিয়েই নাকটাকে আড়াল করেছেন। ধুলা থেকে বাঁচতেই এমন ব্যবস্থা সবার। ধুলা থেকে বাঁচতে এই জায়গাটুকু যে দ্রুত পাড়ি দেবেন, তারও কোনো উপায় নেই। কেননা, ভাঙা সড়কে স্থবির হয়ে আছে সব যান। এমন দৃশ্যের দেখা মেলে মোহাম্মদপুর শিয়া মসজিদের সামনে মোহাম্মাদী হাউজিং প্রধান সড়কে। দীর্ঘদিন আগে শিয়া মসজিদ মোড় থেকে এই সড়কে শুরু হয়েছিল ওয়াসার সংস্কারকাজ। ড্রেনেজ-ব্যস্থার উন্নয়নের জন্য মূল সড়কের একপাশের কার্পেটিং তুলে ফেলা হয়। অনেক দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত সড়কের কার্পেটিং করা হয়নি। এবড়োখেবড়ো সড়ক থেকে সরানো হয়নি বালু। আর এ জন্য সড়কের একপাশ দিয়েই সব যানবাহন যাতায়াত করে। এতে যেমন যানজটের কবলে পড়তে হয় সবাইকে, তেমনি ধুলার হাত থেকেও কেউ রেহাই পায় না। মোহাম্মাদী হাউজিংয়ের বাসিন্দা মশিউর রহমান বলেন, ‘শুধু এই সড়কটুকু পার হওয়ার জন্য অফিসে যাওয়ার সময় আমাকে আগের চেয়ে আধা ঘণ্টা আগে বের হতে হয়। আর শীতকাল হওয়ায় ধুলাবালুর মাত্রা আরও বেড়ে গেছে। সড়ক কার্পেটিং করলে এ থেকে বাঁচা যেত।’ মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ছাত্র জোবায়ের জানান, রিকশাচালকেরা এই সড়ক দিয়ে যেতে চান না। তাই অনেক সময় হেঁটেই বাসায় যেতে হয়। মিরপুর থেকে উড়ালপাখি নামের লেগুনা এই সড়ক ধরে মোহাম্মদপুর ঢাকা উদ্যানে যাতায়াত করে। প্রতিদিন এগুলোর যাওয়া-আসায় এই জায়গায় যানজটের কারণে এক ঘণ্টার মতো সময় ব্যয় করতে হয়। এতে ট্রিপের সংখ্যা কমে গেছে বলে জানান লেগুনাচালক জুলহাস মিয়া। তাঁর দাবি, যেন দ্রুত এই সড়কের সংস্কার করা হয়। কয়েক বছর আগে যখন জাপান গার্ডেন সিটির কাজ শুরু হয়, তখন থেকেই এই এলাকায় ধুলার মাত্রা বেড়ে গেছে। এ বিষয়ে ডিসিসির অঞ্চল-৬ এর নির্বাহী প্রকৌশলী মেসবাহুল করিম বলেন, ‘ওয়াসার কাজ চলায় কার্পেটিংয়ের কাজ করা যাচ্ছেনা।’ মোহাম্মদপুরের মোহাম্মাদীয়া হাউজিং প্রধান সড়ক সম্পর্কে অভিযোগ নম্বর: ৯১১৮৬৬০ (নির্বাহী প্রকৌশলী, অঞ্চল-৬, ডিসিসি)।