এপাড়া ওপাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সেক্টর ৪, উত্তরাসড়কে পিচ ঢালাই হবে কবে?ঢাকায় থাকি প্রতিবেদক‘এক বছরেরও বেশি সময় ধরে রাস্তা খুঁড়ে রাখা হয়েছে। গেল বর্ষায় কাদাপানির কারণে এ রাস্তা দিয়ে হাঁটারও কোনো উপায় ছিল না। এখনো রাস্তার জায়গায় জায়গায় কাদাপানি জমে আছে। বলছিলেন উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের বাসিন্দা খোরশেদ মিয়া। তাঁর মতো এ সেক্টরের অনেক বাসিন্দার এ সড়ক নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। কেননা বছর খানেক আগে ওয়াসা ৪ নম্বর সেক্টরের বিভিন্ন সড়কে তাদের ভূগর্ভস্থ পয়োনালা মেরামতের জন্য সড়কের মাঝ বরাবর খুঁড়ে নতুন নল বসায়। ওয়াসার নল বসানোর কাজ শেষ হলেও হয়নি সড়ক মেরামতের কাজ। ফলে সড়কের মাঝ বরাবর খোঁড়াখুঁড়ি করে রাখা অংশ অস্থায়ীভাবে মাটি দিয়ে ভরাট করায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। ঘুরে দেখা গেছে, ৪ নম্বর সেক্টরের ২, ৩, ৯ ও ১৬ নম্বর সড়কের ভূগর্ভস্থ নালা মেরামতের জন্য এসব সড়ক খোঁড়াখুঁড়ি করে রাখা হয়েছে। কিন্তু সময়মতো সড়কের খনন করা অংশ পিচ ঢালাই দিয়ে মেরামত করা হয়নি। গর্তগুলো কোনোমতে মাটি, বালু ও সুরকি দিয়ে ভরাট করা হয়েছে। ফলে এবড়োখেবড়ো হয়ে থাকা সড়কগুলো এলাকাবাসীর চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করছে। এ বিষয়ে ৯ নম্বর রোডের বাসিন্দা আমির হোসেন জানান, ওয়াসা নাগরিকসেবা বাড়ানোর জন্য পয়োনালা বসাতে গিয়ে তাঁদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। ভাঙাচোরা এ সড়ক দিয়ে তাঁদের যাতায়াত করতে বেকায়দায় পড়তে হচ্ছে। রিকশায় করে এ সড়ক দিয়ে যাতায়াত করতে ঝাঁকুনি খেতে হয়। এদিকে ১৬ নম্বর সড়কের মুদি-মনিহারি ব্যবসায়ী মা-বাবা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জসিম হোসেন বলেন, ‘রাস্তার মাঝ বরাবর কেটে ওয়াসার পাইপ বসানোর এত দিন পার হলেও রাস্তা মেরামতের কাজ হয়নি। খানাখন্দের কারণে দোকানের মালামাল পরিবহনে অসুবিধা হচ্ছে। এতে ব্যবসায়িক ক্ষতি হচ্ছে।’ ৪ নম্বর সেক্টরের অনেক বাসিন্দার অভিযোগ, ওয়াসা ও ডিসিসির সমন্বয়হীনতার জন্য সড়কের এ হাল। এ বিষয় ২ নম্বর রোডের বাসিন্দা ইউনূস আলী বলেন, ‘ওয়াসা তাদের কাজ শেষ করে গেছে, অথচ ডিসিসি রাস্তা সংস্কারের ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। ওয়াসা ও ডিসিসির সমন্বয়হীনতাই এর জন্য দায়ী।’ ওয়াসা আর ডিসিসির সমন্বয়হীনতা থাকুক আর না-ই থাকুক, খোঁড়াখুঁড়ি করে রাখা এসব সড়ক দিয়ে চলাচলকারীদের দুর্ভোগ কিন্তু সহজে শেষ হচ্ছে না। এমন আভাস পাওয়া গেল ডিসিসি (উত্তর) অঞ্চল-১০-এর নির্বাহী প্রকৌশলী মনসুর আহমেদের কথায়। তিনি জানান, প্রশাসনিক জটিলতার কারণে ওয়াসার খনন করে রাখা এসব সড়কের কাজ আটকে আছে। শিগগির এসব জটিলতা কাটিয়ে সড়ক মেরামতের কাজ শুরু করা হবে বলে তিনি আশ্বাস দেন। টিঅ্যান্ডটি স্কুল রোড, কড়াইলঅবহেলিত এক সড়ক!ঢাকায়থাকি প্রতিবেদকনগরের অবহেলিত এলাকার মধ্যে মহাখালীর কড়াইল অন্যতম। নগরের নিম্নবিত্ত মানুষের বসবাস এখানে। নগরের অন্যান্য বস্তির মতো কড়াইল বস্তিতেও সুবিধাবঞ্চিত মানুষের দেখা মেলে। এ এলাকার বাসিন্দাদের আবাসনের দৈন্যদশার পাশাপাশি এখানকার যোগাযোগব্যবস্থারও বেহাল চিত্র ফুটে ওঠে। মহাখালীর টিঅ্যান্ডটি মাঠ থেকে কড়াইলের বেলতলী, টিঅ্যান্ডটি কলোনি ও কড়াইল বস্তিতে যাওয়ার একমাত্র সড়ক টিঅ্যান্ডটি স্কুল রোড। সংস্কারের অভাবে দীর্ঘদিন এ সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। এ বিষয়ে কড়াইলের বাসিন্দা বিদ্যুৎ মিত্র বলেন, ‘পাঁচ বছরের বেশি সময় ধরে এলাকায় রয়েছি। শুরু থেকেই দেখছি রাস্তাটি খারাপ। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে। তখন পচা গন্ধযুক্ত পানি দিয়ে হাঁটতে হয়। বৃষ্টি হলে এ এলাকায় রিকশাও আসতে চায় না।’ এখানকার আরেক বাসিন্দা জাকির হোসেন জানান, সড়কটি শুরুতে পিচ ঢালাই দিয়ে তৈরি ছিল। পানিনিষ্কাশন-ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে একটু একটু করে সড়কের পিচ উঠতে থাকে। এভাবে পিচ উঠতে উঠতে সড়কটি এখন ভাঙাচোরা, এবড়োখেবড়ো সড়কে পরিণত হয়েছে। এখন আর বোঝার উপায় নেই যে এটি একসময় পাকা রাস্তা ছিল। ঘুরে দেখা গেছে, টিঅ্যান্ডটি মাঠ থেকে শুরু হওয়া সড়কটির একটি অংশে রয়েছে বাংলাদেশের অন্যতম উপগ্রহ ভূকেন্দ্র কম্পাউন্ড। এখানকার কর্মীরা প্রতিদিন এই সড়ক দিয়েই যাতায়াত করেন। অথচ দিনের পর দিন পার হলেও কারোরই যেন কোনো ভ্রুক্ষেপ নেই। সড়কটি যখন তৈরি করা হয়, তখন সড়কের পানি নিষ্কাশনের জন্য কোনো নালা রাখা হয়নি। এ কারণে বর্ষার সময় জলাবদ্ধতার কারণে সড়কটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে টিঅ্যান্ডটি কলোনির বাসিন্দা আশরাফ হোসেন বলেন, ‘রাস্তাটি মেরামতের জন্য এ এলাকার ওয়ার্ড কমিশনারকে একাধিকবার জানানো হয়েছিল। দিই-দিচ্ছি করে তিনি শুধু ফাঁকা বুলি আওড়িয়েছেন, রাস্তার কোনো সদগতি হয়নি।’ বেলতলীর বাসিন্দা মোজাম্মেল মিয়া জানান, এ সড়কটি মূলত টিঅ্যান্ডটির (বর্তমান বিটিসিএল) অধীন। তাই এ সড়কটির দায়িত্বও তাদের। টিঅ্যান্ডটির একাধিক কার্যালয়ে এ সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। অথচ তারা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না।টিঅ্যান্ডটি স্কুল রোডের মুদি দোকানি হুমায়ুন কবীর বলেন, ‘রাস্তার পাশে দোকান দেওয়ায় বেশ বেকায়দায় আছি। বর্ষাকালে কাদাপানিতে নাকাল হয়েছি। এখন শীতের মৌসুমে ধুলার কবলে পড়েছি।’এ বিষয়ে ডিসিসি (উত্তর) অঞ্চল-৯-এর নির্বাহী কর্মকর্তা রওনক মাহমুদ জানান, শিগগিরই খোঁজ নিয়ে সড়কটির সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নর্থব্রুক হল রোডমুখোমুখি দুই ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মীরাইমরান উজ-জামানবেলচা, কোদাল, ময়লা বহনের ঠেলাগাড়ি ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে এদিক সেদিক। চার-পাঁচজন ঝগড়া করছেন। কাছে গিয়ে ঝগড়ার কারণ জানা গেল। বাংলাবাজারের নর্থব্রুক হল রোডের দুই পাশ পড়েছে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) দুই ওয়ার্ডে। দুই পাশের ময়লা যখন রাস্তার মাঝামাঝি চলে আসে, তখন দুই ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মীরা তা পরিষ্কার না করে রেখে দেন। এ নিয়ে প্রায়ই লেগে থাকে ঝগড়া। নর্থব্রুক হল রোডের পূর্ব পাশ পড়েছে ডিসিসির ৭৯ নম্বর ওয়ার্ডে। অন্যদিকে পশ্চিম পাশ পড়েছে ৭৩ নম্বর ওয়ার্ডে। এই ঝগড়া বন্ধে ৭৩ নম্বর ওয়ার্ডকে নর্থব্রুক হল রোডের দুই পাশের পরিচ্ছন্নতার দায়িত্ব দেওয়া হয়। তার পরও ঝগড়া বন্ধ হয়নি। পরিচ্ছন্নতাকর্মী রতন বলেন, ৭৯ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মীরা ইচ্ছা করে চিপা রোডের ময়লা নর্থব্রুক হল রোডে ঠেলে দেন, তাই ঝগড়া লাগে। আবার ৭৯ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী বলেন, ৭৩ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা ঠেলে চিপা রোডে ফেলে রাখেন, তাই ঝগড়া লাগে। নর্থব্রুক হল রোডের বাসিন্দা আফসারউদ্দিন আহমেদ বলেন, ময়লা কে ঠেলে রাখল, আর কে রাখল না, এ নিয়ে তো আমাদের জীবন অতিষ্ঠ। প্রতিদিন সকালে উঠে এই ঝগড়া আর ভালো লাগে না। এই ঝগড়া বন্ধ হোক। তিনি আরও বলেন, আমরা আছি মহা সমস্যার মধ্যে। ঝগড়ার সমস্যা তো আছেই। তার ওপর নর্থব্রুক হল রোডে কোনো পয়োনিষ্কাশনের পাইপ নেই। এলাকার সব বাড়ির পায়খানার ময়লার পাইপ রাস্তার পাশের উন্মুক্ত ড্রেনে ছেড়ে দেওয়া হয়েছে। এটা জনস্বাস্থ্যের জন্য খারাপ।নর্থব্রুক হল রোডের সমস্যা নিয়ে কথা হয় ডিসিসির ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম এ সামাদের সঙ্গে। তিনি বলেন, ময়লা পরিষ্কার করা নিয়ে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে ঝগড়া হয়, এটা আমার জানা ছিল না। আমি ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সহিদের সঙ্গে আলাপ করে এটার একটা সমাধান করার চেষ্টা করব। পায়খানার পাইপ সরাসরি ড্রেনের সঙ্গে সংযুক্ত করা আছে রাস্তার পূর্ব পাশে। এ ব্যাপারে জানতে চাইলে এম এ সামাদ বলেন, পূর্ব পাশটা যেহেতু আমার ওয়ার্ডের আওতায় নয়, এ ব্যাপারে আমি কিছু বলতে পারব না।