এপাড়া ওপাড়া
বীর উত্তম এ টি এম হায়দার সড়ক, উত্তর যাত্রাবাড়ীফুটপাতে মৃত্যুফাঁদ আজহার হোসেন‘জায়গায় জায়গায় কংক্রিটের স্লাবগুলো ভাঙা। ভয় হয়, কখন ফোকর গলে পা ভেতরে চলে যায়।’ বলছিল যাত্রাবাড়ী আইডিয়েল হাইস্কুলের শিক্ষার্থী আনোয়ার হোসেন।শুধু আনোয়ার নয়, আরও অনেকেই এমন অভিযোগ করলেন। যাত্রাবাড়ী মোড় পেরিয়ে একটু উত্তর দিকে এগোলেই বীর উত্তম এ টি এম হায়দার সড়ক। সড়কটির ফুটপাতে থাকা বেশির ভাগ স্লাব ভেঙে গেছে। ফলে ফুটপাতের নিচ দিয়ে যাওয়া নর্দমা (ড্রেন) বেরিয়ে এসেছে। এতে সেগুলোর পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে পথচারীদের। আবার ফুটপাতের একাংশে কংক্রিট-ব্লকগুলো উঁচু-নিচু হয়ে থাকায় হোঁচট খেতে হয় অনেক পথচারীকে।বীর উত্তম এ টি এম হায়দার সড়কের পাশের আসবাবের দোকানের কর্মচারী শাহাবুদ্দিন বলেন, ‘প্রায় সময় পথচারীরা পথ চলতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ছে। আবার কখনো বা দেবে যাওয়া স্লাবের ফোকরে পা গিয়ে জখম হচ্ছে পথচারীরা।’এলাকা ঘুরে জানা যায়, আশপাশের দোকানের মালিকেরা নিজ নিজ দোকানের সামনে ভাঙা স্লাব নতুন করে মেরামত করিয়েছেন। কেউ নিজের খরচায় বসিয়েছেন নতুন স্লাব। পাশে থাকা বেশ কয়েকটি করাতকলের মালিকেরাও বসিয়েছেন কাঠের পাটাতন।উত্তর যাত্রাবাড়ীর আসবাব দোকানের মালিক নাসিরউদ্দিন জানান, স্লাবগুলো ভেঙে গেলে নিচের পয়োনিষ্কাশনের ড্রেন উন্মুক্ত হয়ে পড়ে। তখন পথচারীদের চলাফেরায় ঝুঁকিও থাকে বেশি। আরেক দোকানের মালিক রহমতউল্লাহ জানান, বছর তিনেক আগে বসানো স্লাবগুলো ভেঙে যায় বসানোর ছয় মাসের মধ্যেই। তখন ঢাকা সিটি করপোরেশন থেকে ভাঙা স্লাবগুলো তুলে আলাদা স্লাব বসানো হয়। সেগুলো ভেঙে যাওয়ার পর ডিসিসি আর কোনো খোঁজ নেয়নি।উত্তর যাত্রাবাড়ীর মেসার্স মা টিম্বার অ্যান্ড স মিলের কর্মচারী বিল্লাল হোসেন জানান, সপ্তাহখানেক আগে ভাঙা স্লাবের ফোকরে পা পড়ে ভুগতে হয় তাঁকে। বিল্লালের অপর সহকর্মী শেখ তরিকুল্লাহ বলেন, ‘রাতের বেলা পথ চলতে দুর্ঘটনা বেশি ঘটে। তাই সন্ধ্যার পরে অনেকে মূল সড়ক দিয়ে হাঁটেন। তখন আর কেউ ফুটপাতে পা বাড়ান না।’ফুটপাত ঘেঁষে রয়েছে বায়তুল রহমত জামে মসজিদের ফটক। সেখানে কথা হয় উত্তর যাত্রাবাড়ীর আশরাফ আলীর সঙ্গে। তিনি বলেন, ‘শহীদ ফারুক সড়ক আর বীর উত্তম এ টি এম হায়দার সড়কের ফুটপাতটি মরণফাঁদ হয়ে উঠেছে। সিটি করপোরেশনের উচিত যত দ্রুত সম্ভব স্লাবগুলো মেরামত করা।’অন্যদিকে যাত্রাবাড়ী আইডিয়েল হাইস্কুল মার্কেটের ফুটপাতে স্লাবের বদলে বসানো হয়েছে কংক্রিটের ব্লক। ব্লকগুলো জায়গায় জায়গায় বসে গেছে। ফলে ফুটপাতটি উঁচু-নিচু হয়ে উঠেছে। এবড়োখেবড়ো ফুটপাতে পথ চলতে বেগ পেতে হয় অনেককে।উত্তর যাত্রাবাড়ীর বীর উত্তম এ টি এম হায়দার সড়কের বেহাল ফুটপাত প্রসঙ্গে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) অঞ্চল-১-এর নির্বাহী প্রকৌশলী বলেন, ‘ডিসিসির একজন পরিদর্শক নিয়মিত পরিদর্শনের দায়িত্বে আছেন। তাঁর পরিদর্শনের পর বার কয়েক বেহাল ফুটপাতটিতে স্লাব বসানো হয়েছে। পরিদর্শকের নজর এড়িয়ে কোনো স্লাব ভাঙা থাকতে পারে। এ ক্ষেত্রে এলাকাবাসী ভাঙা সড়কে স্লাব বসানোর জন্য আবেদন করলে এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।’