এপাড়া ওপাড়া
মোতালিব প্লাজা, হাতিরপুলবিপাকে ফ্ল্যাট ক্রেতারাতানজিল আহমদ‘এত টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছি একটু আরামের জন্য। কিন্তু কোথায় আরাম! উল্টো ঝামেলায় আছি।’ বলছিলেন মোতালিব প্লাজা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাসিন্দা নূর মোহাম্মদ। এই অ্যাপার্টমেন্টে এখনো দেওয়া হয়নি আবাসিক বৈদ্যুতিক সংযোগ। অস্থায়ী বাণিজ্যিক সংযোগের মাধ্যমে সামান্য বিদ্যুৎ পাচ্ছেন তাঁরা।এ অভিযোগ নিয়ে মোতালিব প্লাজার আবাসিক বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করা হলে বের হয় আরও বড় সমস্যা। তা হচ্ছে, এখনো ফ্ল্যাট ক্রয়ের কোনো বৈধ কাগজপত্র হাতে পাননি তাঁরা।মোতালিব প্লাজা অ্যাপার্টমেন্টের একাধিক বাসিন্দা জানান, ১৫ বছর আগে ভবন নির্মাণের সময় যে অস্থায়ী বাণিজ্যিক বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছিল, তাই দিয়েই চলছে ৮৫টি পরিবার। যার ফলে তাঁরা বৈদ্যুতিক বাতি আর পাখা ছাড়া ফ্রিজ কিংবা অন্য কিছু চালাতে পারছেন না। বিদ্যুতের সংযোগ দিতে রাজি আছে ডিপিডিসি। কিন্তু রাজউকের নিষেধাজ্ঞা থাকায় তারা বিদ্যুৎ-সংযোগ দিতে পারছে না। রাজউকের দাবি, এই ভবনটি নাকি অবৈধ নকশায় হয়েছে।এ বিষয়ে মোতালিব প্লাজা ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি নাসিরুল হক খান বলেন, ‘আমি যখন ফ্ল্যাট কিনি, তখন নির্মাণাধীন প্রতিষ্ঠান গুডলাক রিয়েল এস্টেট লিমিটেড রাজউকের অনুমোদিত একটা নকশা দেখায়। কাগজপত্র বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও নিবন্ধন ছাড়া আর কোনো কাগজপত্র আমাদের হাতে দেওয়া হয়নি। খোঁজ নিয়ে জানতে পারি, আমাদের দেখানো নকশাটি ছিল ভুয়া।’এদিকে গুডলাক রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপক মোহাম্মদ আলী দাবি করেন, মোতালিব প্লাজার সব অ্যাপার্টমেন্ট ক্রেতাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। যাঁরা সম্পূর্ণ টাকা পরিশোধ করেননি, শুধু তাঁদের নিবন্ধন করে দেওয়া হয়নি। আর রাজউকের অনুমোদনের বিষয়ে তিনি বলেন, ‘নকশাসহ সব বৈধ অনুমোদন রয়েছে আমাদের।’ বিদ্যুতের প্রসঙ্গ তুলতেই মোহাম্মদ আলী বলেন, ‘আমরা চেষ্টা করছি আবাসিক বিদ্যুৎ-সংযোগ দেওয়ার জন্য। কিছু জটিলতা থাকায় তা এখন সম্ভব হচ্ছে না। এতে আমাদেরও তো প্রতি মাসে ক্ষতিপূরণ দিতে হচ্ছে।’ উত্তর যাত্রাবাড়ীচুলায় গ্যাসের অভাবইমরান উজ-জামানউত্তর যাত্রাবাড়ীর ৭২/৪সি নম্বর বাড়ির বাসিন্দা রুমা খান। স্বামী আর দুই মেয়ে নিয়ে তাঁর সংসার। বিশ্ববিদ্যালয়-পড়ুয়া দুই মেয়ে বাসা থেকে বের হয়ে যায় সকাল আটটায়। রুমার স্বামী বাসা থেকে বের হন সকাল নয়টায়। তাঁদের বাসায় সকাল সাতটা থেকেই চুলায় গ্যাস থাকে না। ওই সময় থেকে দুপুর দুইটা পর্যন্ত চুলা জ্বালানো যায় না। তাই প্রতিদিন রুমাকে ভোররাতে উঠে রান্না করতে হয়।এভাবে যাত্রাবাড়ীর কলার আড়তের গলি, বউবাজার, সূর্যমুখী কিন্ডারগার্টেন এলাকা ঘুরে গ্যাস-সংকটের খবর পাওয়া গেল। যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে সুতিখালপাড় পর্যন্ত সব বাসাবাড়িতে একই অবস্থা। অনেকেই দুপুরের খাবারের জন্য এখন রেস্তোরাঁর ওপর নির্ভরশীল।উত্তর যাত্রাবাড়ীর (বাড়ি-৯৪) বাসিন্দা রাবেয়া বেগম জানান, তাঁর তিন ছেলেমেয়ে বাসি খাবার ছুঁয়েও দেখে না। তিনি মাটির চুলা বানিয়ে নিয়েছেন। সিঁড়িতে বসে সেই চুলায় দুপুরের রান্না সারেন।উত্তর যাত্রাবাড়ীর কলার আড়তের গলিতে গড়ে উঠেছে অসংখ্য স্টিল আর ঢালাই লোহার কারখানা। অনুসন্ধানে জানা গেছে, এই কারখানাগুলোর কর্মঘণ্টা সকাল আটটা থেকে বিকেল পাঁচটা। এই সময়ে কারখানার গ্যাসনির্ভর কাজগুলো নির্বিঘ্নে চলে। গ্যাসের প্রবাহে কোনো কমতি থাকে না। এলাকার কোনো কোনো বাসিন্দা মনে করেন, আবাসিক এলাকা থেকে এসব কারখানা সরিয়ে দিলে গ্যাস-সংকট কমে যেত।উত্তর যাত্রাবাড়ীর গ্যাস-সংকট কমাতে কোনো পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) মোহাম্মদ আতিকুজ্জামান জানান, ওই এলাকার সরবরাহ-ব্যবস্থা উন্নয়নে এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই। তবে এলাকাবাসী যদি তাঁদের সমস্যা নিয়ে তিতাস গ্যাসের জোন-১-এ (টিকাটুলী) লিখিত অভিযোগ দেন, তখন সেই অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হবে। তারপর গ্যাস-সংকট কমাতে পরিকল্পনা নেওয়া হবে। উত্তর যাত্রাবাড়ীর আবাসিক গ্রাহকদের গ্যাস-সংকটের অভিযোগ নম্বর: ৭১২৪০৭৪, ৭১২৪১৭৪ (টিকাটুলী, জোন-১, তিতাস গ্যাস)। শংকর, পশ্চিম ধানমন্ডিকাদায় কাঁদে পথচারী!আল-আমিন হকশিক্ষার্থী বহনকারী একটি মাইক্রোবাস থেকে নামবে এক শিক্ষার্থী, কিন্তু নামবে কোথায়? গাড়ির দরজা খুলে যেখানেই নামতে চাইছে, সেখানেই কাদা। ‘আংকেল, আরেকটু সামনে নেন।’ গাড়ি আরেকটু এগিয়ে যায়, কিন্তু সেখানেও কাদা। অবশেষে বিরক্ত হয়ে কাদা মাড়িয়েই নামতে দেখা গেল ওই শিক্ষার্থীকে। পশ্চিম ধানমন্ডির শংকরের একটি রাস্তার চিত্র এটি।বেশ কিছুদিন আগে ঢাকা ওয়াসা রাস্তার এক পাশ খুঁড়ে পাইপ সংযোগের কাজ করেছে। কিন্তু কাজ শেষ হলেও রাস্তার ওপর আর ঢালাই দেওয়া হচ্ছে না। তাই যেখানে-সেখানে তৈরি হয়েছে গর্ত। বৃষ্টি হলেই এসব গর্ত কাদাপানি ধারণ করে পথচারীদের বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। আর চলতে গেলেই কাদাপানি ছিটকে এসে পথচারীদের গায়ে লাগে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন মাছ ব্যবসায়ী বলেন, ‘কিছু গর্ত ভরার জন্য কন্ডাক্টরের লোকেরা মাটি ফালাইছে। কিন্তু সে মাটিগুলান ভালো করে বসাই দেয় নাই। হেই জন্য কাদা আরও বেশি হচ্ছে।’ এই পথের শেষ মাথায় রয়েছে ‘নর্থ ব্রিজ স্কুল’। তাই প্রতিদিন অনেক শিক্ষার্থী ও অভিভাবককে এ পথে যেতে হয়। তানিয়া জামান নামের এক অভিভাবক বললেন, ‘বাচ্চাদের অনেক কষ্ট হয়, মাঝেমধ্যে ওদের গায়ে কাদাও লেগে যায়।’ কয়েকজন শিশুশিক্ষার্থীকে সাবধানে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখা গেল। কোনো যানবাহন গেলে কাদা লাগার ভয়ে দাঁড়িয়ে পড়েন পথচারীরা।স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মাহবুব বলেন, ‘পাইপলাইনের কাজ করায় আমাদের ভালো হয়েছে। কিন্তু এখন কাদার জন্য বিপত্তি বেড়েছে। সড়কের ওপরের কাজ দ্রুত না করলে ভালোর চেয়ে ভোগান্তিই বেশি হবে।’রিকশাচালক নুরউদ্দিন বলেন, ‘যাত্রী লইয়া এই রোডে যাইতে বহুত কষ্ট পাইতে হয়।’ যাত্রীরা ভাড়া দেওয়ার সময় কয়েক টাকা বেশি হাতে ধরিয়ে দেন বলে জানালেন তিনি। সব মিলিয়ে সড়কের এই কাদায় নাকাল এলাকাবাসী। এ বিষয়ে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) অঞ্চল-৬-এর নির্বাহী প্রকৌশলী মেসবাহুল করিম বলেন, ‘কিছুদিন আগে ঢাকা ওয়াসা এই সড়কের পাইপলাইন সংযোগের কাজ শেষ করেছে। সড়কের ওপরের কাজ আমাদের করার কথা, আমরা ১৫ দিনের মধ্যেই কাজ শেষ করতে পারব।’ শংকরের রাস্তা, ফুটপাত ও নর্দমা বিষয়ে অভিযোগ নম্বর: ৯১১৮৬৬০ (নির্বাহী প্রকৌশলী, অঞ্চল-৬, ডিসিসি)।