এপাড়া ওপাড়া
পোস্তগোলা মোড়, শ্যামপুর ইউনিয়নসড়কে আবর্জনার স্তূপ!ঢাকায় থাকি প্রতিবেদকপোস্তগোলা মোড়ে (রাজাবাড়ী চৌরাস্তা) বাংলাদেশ অক্সিজেন কোম্পানির ডিপোর সামনে ঢাকা নারায়ণগঞ্জ সড়কের এক পাশের ফুটপাত দখল করে আবর্জনা ফেলা হচ্ছে। ময়লার উৎকট দুর্গন্ধে বাতাস ভারী হয়ে উঠছে। এতে পথচারীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে।দেখা গেছে, ময়লার স্তূপ বাড়তে বাড়তে সড়কের একাংশ দখল হয়ে গেছে। এতে পথচারী ও যান চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। প্রায়ই যানজটের কবলে পড়তে হয়। পানি নিষ্কাশনের জন্য এই সড়কে নেই কোনো নালা। সেই সঙ্গে উটকো ঝামেলা হিসেবে আবর্জনার স্তূপের কারণে সড়কের পানি বের হতে পারছে না। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় পরিণত হচ্ছে। পানির সঙ্গে আবর্জনা পচে গিয়ে দুর্গন্ধ আরও প্রকট আকার ধারণ করছে। সড়ক দিয়ে যেতে পথচারীদের নাকে রুমাল ধরতে দেখা গেছে।শ্যামপুরের আলীবহর এলাকার বাসিন্দা গুলজার হোসেন অভিযোগ করেন, এই এলাকার বিভিন্ন শিল্পকারখানার বর্জ্য ও ভবনের উচ্ছিষ্ট এখানে ফেলা হয়। এ ছাড়া জুরাইন বাজারসহ আশপাশের বিভিন্ন ফলের আড়তের মালিকেরা মৌসুমি ফলের বর্জ্যও ফেলছেন। শ্যামপুর ঢাকা সিটি করপোরেশনের বাইরে হওয়ায় এই এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় নেই তেমন কোনো ব্যবস্থা। প্রয়োজনের তুলনায় ডাস্টবিনের সংখ্যাও অপ্রতুল। তাই এই এলাকার পরিচ্ছন্নতা কর্মীরাও গৃহস্থালির ময়লা সংগ্রহ করে এখানে ফেলছেন। আবার ডিসিসির বর্জ্যবাহী একটি ভ্যানকেও দেখা গেল এখানে বর্জ্য ফেলতে। ডিসিসির বর্জ্য এখানে কেন ফেলছেন—এই প্রশ্ন ভ্যানচালককে করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।ময়লার স্তূপের উল্টো পাশে লোহালক্কড়ের কারবারি বনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কাজী মাসুদ অভিযোগ করেন, এলাকাবাসী, পরিচ্ছন্নতা কর্মীসহ সবাই এখানে ময়লা ফেলছে। এখন এটা বিশাল এক ডাস্টবিনে পরিণত হয়েছে, যা কখনো কেউ পরিষ্কার করে না। উৎকট দুর্গন্ধ সহ্য করে দিনের পর দিন তাঁরা এখানে ব্যবসা করছেন। পাশেই ফুটপাতের চা-বিক্রেতা ইউনুস বলেন, ‘এইহানে দুর্গন্ধের লইগ্যা মোর দোকানে কাস্টমাররা বেশিক্ষণ দাঁড়াইতে চায় না, মোর বেচাকিনা কইম্যা গ্যাছে।’আবর্জনার স্তূপ সম্পর্কে শ্যামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, শ্যামপুর ইউনিয়নবাসীর কাছে নির্বাচনের আগে তিনি প্রতিজ্ঞা করেছেন, সড়কটি আবর্জনামুক্ত করবেন। তিনি আরও বলেন, আবর্জনার স্তূপ সরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এতে একটু সময় লাগবে। ডিসিসির কর্মীদের এখানে আবর্জনা ফেলার ব্যাপারেও তিনি মেয়রের সঙ্গে কথা বলবেন বলে জানান। পোস্তগোলা মোড়ের ফুটপাত ও সড়কের বিষয়ে অভিযোগ নম্বর: ৭৪৪১৯১৩ (সার্কেল অফিসার, তেজগাঁও সার্কেল)। সেনপাড়া পর্বতা, মিরপুর-১০সড়কে ঢালাই হবে কবে?ঢাকায় থাকি প্রতিবেদকদুজন ব্যক্তি একটা গাড়িকে ধাক্কা দিচ্ছেন। চালকও চেষ্টার ত্রুটি করছেন না। গাড়ির পেছনের একটি চাকা বালুতে আটকে গেছে। কোনোভাবেই চাকা সেখান থেকে উঠছে না। উল্টো ধাক্কায় চাকা থেকে ছিটকে আসা একগাদা কাদাপানি একজনের জামায় পড়ে একাকার হয়ে গেছে। এমনটি দেখা গেল মিরপুর ১০ নম্বর সেক্টরের সেনপাড়া পর্বতায়। এখানকার সেক্টর ১০ থেকে ১৪ নম্বরে যাওয়ার ভেতরের সড়কটির বেহাল দশা অনেককে ভোগান্তিতে ফেলেছে।কিছুদিন আগে সড়কজুড়ে খোঁড়াখুঁড়ি করা হয়েছে। পয়োনিষ্কাশন নালা বসানো শেষ হলেও সড়কে ঢালাই করা হয়নি, কেবল বালু ফেলা হয়েছে। এতে দুর্ভোগ আরও বেড়েছে। সামান্য বৃষ্টি হলে কাদাপানির জন্য চলাফেরা করা যায় না। সড়কে পয়োনিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এ কারণে বৃষ্টির পানি নামতে পারে না। যেখানে খোঁড়া হয়েছে, সেখানে পানি ঢেউ খেলে যায়। ‘সড়কে গাড়ির চাকা ফাঁইসা যায়। এ জন্য গাড়ি চলে না। মেইন রোড দিয়ে চলে, কিন্তু যাদের বাড়ি ভেতরে, তাদের তো এই সড়ক দিয়াই যাইতে হয়।’ বললেন পূর্ব সেনপাড়া পর্বতার বাসিন্দা মোরশেদ আলম। তিনি জানান, এখন রিকশাচালকও রিকশা চালাতে চান না। যাঁরা চালান, তাঁদের খুব কষ্ট হয়। শরিফুল নামের এক রিকশাচালক বলেন, ‘এইভাবে কি রিকশা চালানো যায়! সারা রাস্তায় ইট-মাটি জমে আছে। এক জায়গায় টিলা আরেক জায়গায় গাতা (গর্ত)।’ সড়কের পাশেই রয়েছে সেনপাড়া পর্বতা কেন্দ্রীয় জামে মসজিদ এবং বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান। বৃষ্টি হলে মুসল্লি ও শিক্ষার্থীদের হাঁটাচলায় বেশ বেগ পেতে হয়। সাবধানে পা ফেলে সামনে এগোতে হয়। সামান্য অসাবধানতায় কাদাপানি লেগে কাপড় নোংরা হয়ে যায়। সড়কের খোঁড়া অংশে তো হাঁটাই যায় না। এর দুই পাশেও ইট, ইটের খোয়া, মাটির ভাগাড় দেখা গেছে। কাজ শেষ হয়েছে, কিন্তু সড়কে ঢালাই করা হচ্ছে না কেন, জানতে চাইলে ডিসিসির অঞ্চল-৭-এর নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান জানান, সড়কে ঢাকা ওয়াসা কাজ শেষ করেছে। কিন্তু পুরো সড়কে এখনো তারা বালু ফেলেনি। অতিরিক্ত মাটি পরিষ্কার করেনি। তিনি আরও জানান, ঢাকা ওয়াসা ৩০ জুন পর্যন্ত সময় চেয়েছিল সড়কের মাটি পরিষ্কার করার জন্য। কিন্তু ওই সময় পেরিয়ে গেলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ ব্যাপারে ঢাকা ওয়াসার পয়োনিষ্কাশন বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমেদ মজুমদার বলেন, ‘আমাদের বেশ কিছু কাজ বাকি থাকায় সড়কটি তাদের বুঝিয়ে দিতে পারিনি। তবে কয়েক দিনের মধ্যেই সব কাজ শেষ করে সড়কটি বুঝিয়ে দেব।’ সেনপাড়া পর্বতার সড়ক, ফুটপাত ও নর্দমা বিষয়ে অভিযোগের নম্বর: ৯০১০৯৫৭ (নির্বাহী প্রকৌশলী, অঞ্চল-৭, ডিসিসি)। খিলবাড়ীর টেক, ভাটারা ইউনিয়নসড়ক না খাদ?ঢাকায় থাকি প্রতিবেদক‘কয়েক দিন আগে নির্বাচন হইল এলাকায়। সেই দিন এই জায়গায় এক রিকশা উল্টে গেল। হাঁটুপানিতে পড়ে রিকশার যাত্রী দুজন হাবুডুবু খাইছে। মানুষজন গিয়ে তাদের পানি থেকে তুলছে। মহিলাটা নোংরা পানিও খাইছে।’ খিলবাড়ীর টেকের প্রধান সড়ক সম্পর্কে বলছিলেন নাসির উদ্দিন। এখানকার এই সড়কের অবস্থা খুবই খারাপ। সড়কটি মাটির, নাকি পিচঢালা, তা বোঝা যায় না। খানাখন্দের জন্য সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।সড়কের কোথাও পিচঢালার প্রমাণ পাওয়া যায়নি। সড়কে ইট পর্যন্ত নেই। মাটি উঠতে উঠতে এক হাত নিচু হয়ে গেছে সড়ক। এখানে-সেখানে গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে পানি জমে ডোবায় পরিণত হয়েছে। ম্যানহোলের স্লাবগুলো ভাঙা। কোথাও কোথাও ম্যানহোলের ঢাকনা নেই। ১০৪৪ নম্বর ভবনের সামনে পানি জমে আছে। এখানে একটি নামফলক দেখা গেল। এ থেকে জানা যায়, খিলবাড়ীর টেক প্রধান সড়কটি সংস্কারের জন্য উদ্বোধন করা হয়েছে ২০১০ সালের ডিসেম্বরের ২৮ তারিখ। এলাকার নির্বাচিত সাংসদ এ কে এম রহমত উল্লাহ সড়কের কাজের উদ্বোধন করেছেন। কিন্তু তা শুধু নামফলকেই। ইঞ্চি পরিমাণ কাজ কোথাও হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী। তাঁরা জানান, বছর দশেক আগে সড়কটির কাজ হয়েছিল। সাত বছরের বেশি সময় ধরে সড়কটির এ অবস্থা হলেও কোনো সংস্কারকাজ হচ্ছে না। বৃষ্টি হলে পুরো সড়কটি ডুবে যায়। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। তখন রিকশা প্রায়ই উল্টে দুর্ঘটনায় পড়ে। বর্ষাকালে বাসা থেকে বের হলে হাঁটুপানি মাড়াতে হয়। কাদাপানিতে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে তখন। ‘এখন তো হাঁটতে পারছি, বৃষ্টির সময় তো তা-ও পারি না। কাপড় নষ্ট হয়ে যায় নোংরা পানিতে। ম্যানহোলের পানিও ওঠে।’ বলছিলেন খিলবাড়ীর টেক এলাকার বাসিন্দা আসিফ চৌধুরী। প্রগতি সরণির শাহজাদপুর ও বাড্ডা থানার সামনে থেকে খিলবাড়ীর টেক যাওয়ার পুরো সড়কই ভাঙাচোরা। কোনো রিকশা কিংবা সিএনজিচালক যেতে রাজি হন না এই সড়কে। সড়কের ব্যাপারে কথা হয় ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের সঙ্গে। তিনি জানান, কিছুদিন আগে শেষ হওয়া নির্বাচনে তিনি জয়ী হয়েছেন। কিন্তু এখনো শপথ নেওয়া কিংবা কোনো দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি তাঁকে। তিনি বলেন, ‘আমার এলাকার বেশির ভাগ রাস্তার অবস্থা খুবই খারাপ। পয়োনিষ্কাশন নালাও ঠিক করতে হবে। দায়িত্ব পেলে কাজ শুরু করব।’ খিলবাড়ীর টেক প্রধান সড়ক বিষয়ে অভিযোগ নম্বর: ৭৪৪১৯১৩ (সার্কেল অফিসার, তেজগাঁও সার্কেল)। শাহ্ কবির মাজার রোড, দক্ষিণখানসড়ক নাকি খাল?আল-আমিন হকপানির রং বদলে হলদে হয়ে গেছে। এতে পাশের ভবনের ছায়া আবছা আবছা ভাসছে। সড়কের ওপর থাকা এই পানি দিয়ে কোনো যান যেতেই পানির ঢেউ আছড়ে পড়ছে পাশের ভবনের গায়ে। এটি দক্ষিণখান ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের শাহ্ কবির মাজার রোডের চিত্র। সড়কের ওপর এখানে চলছে নোংরা পানির রাজত্ব। এলাকাবাসীর অভিযোগ, প্রায় আট মাস আগে সড়কটির সংস্কারকাজ শেষ হয়েছে। কিন্তু নিম্নমানের কাজ করায় অল্প দিনের মধ্যেই তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এলাকাবাসীর ভরসা ব্যাটারিচালিত অটোরিকশা। রিকশাচালক আলম মিয়া বলেন, ‘কত সড়কের কাজ হয়, এই সড়কের কাজ হয় না ক্যান? সরকার কি এই সড়ক দ্যাখে না?’ দক্ষিণখান ইউনিয়নের ভেতরে যাওয়া সড়কটির কারণে এলাকাবাসীর দুর্ভোগ দিনে দিনে বেড়েই চলেছে। ৬ নম্বর ওয়ার্ডের শেষে এবং ৫ নম্বর ওয়ার্ডের শুরুতে দেখা গেল, কয়েকজন দাঁড়িয়ে আছে রিকশার জন্য। সড়কজুড়ে হাঁটুপানি থাকায় কেউ পানি মাড়িয়ে পার হতে চাইছে না। এখানকার ব্যবসায়ী ইউসুফ হালদার জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার লোকজন যাতায়াত করে। অথচ সড়কটির কোনো সংস্কারকাজ হচ্ছে না। তিনি দ্রুত সড়কটি সংস্কারের দাবি করেন। এ ব্যাপারে দক্ষিণখান ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আমানউল্লাহ দেওয়ান বলেন, ‘কিছুদিন আগে কেবল নির্বাচিত হয়েছি। তাই সড়কটি সম্পর্কে এখনই কিছু বলতে পারছি না। তা ছাড়া ইউনিয়ন পরিষদের যে বাজেট হয়, তা এত বড় সড়ক মেরামতের জন্য যথেষ্ট নয়।’ সদ্য নির্বাচিত এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম তফাজ্জল হোসেন জানান, এই সড়কের জন্য স্থানীয় সরকার প্রকৌশল মন্ত্রণালয় (্এলজিআরডি) থেকে ৩৫০ কোটি টাকার একটি বাজেট পাস হয়েছে, আগামী এক মাসের মধ্যেই সড়কটির সংস্কারকাজ শুরু হবে। দক্ষিণখানের শাহ্ কবির মাজার রোড বিষয়ে অভিযোগের নম্বর: ৭৪৪১৯১৩ (সার্কেল অফিসার, তেজগাঁও সার্কেল)।