এপাড়া ওপাড়া
খিলক্ষেতসড়ক বিভাজকের ফাঁদে...তানজিল আহমদ‘খিলক্ষেতে যেতে হলে আমাকে আগে যেতে হবে বিমানবন্দরের সামনে। সেখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে এসে তারপর খিলক্ষেতে ঢুকতে হবে। ডিভাইডার তো কত জায়গাতেই নেই! আর এ জায়গায় ডিভাইডারের ফোকর না থাকায় অনেক পথ ঘুরতে হচ্ছে।’ খিলক্ষেত রেলগেটের বিপরীত পাশে বীর উত্তম জিয়াউর রহমান সড়কের (বিমানবন্দর সড়ক) সড়ক বিভাজক (রোড ডিভাইডার) দেখিয়ে এভাবেই বলছিলেন শফিউল আজম।এ এলাকায় বিমানবন্দর সড়কের মাঝের বিভাজকে কোনো ফোকর নেই। যানবাহন নিয়ে সড়কের এক পাশ থেকে আরেক পাশে আসতে এলাকাবাসীকে কুড়িল-বিশ্বরোড মোড় ও বিমানবন্দরের দিকে যেতে হয়। ফলে যানজটে পড়ে তাঁদের ঘণ্টার পর ঘণ্টা নষ্ট হয়।ঘুরে দেখা গেছে, বিমানবন্দর সড়ক থেকে খিলক্ষেত রেলগেট হয়ে লেকসিটি কনকর্ড ও পিংক সিটিসহ ডুমনী ইউনিয়নে চলে গেছে একটি সড়ক। এ সড়ক থেকে গাড়ি নিয়ে বিমানবন্দর সড়কের বিপরীত লেনে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এর ফলে চালককে গাড়ি নিয়ে যেতে হচ্ছে বিশ্বরোড পর্যন্ত। সেখান থেকে গাড়ি ঘুরিয়ে তারপর যেতে হয় উত্তরার দিকের গন্তব্যে। আবার বিশ্বরোড থেকে খিলক্ষেত বাজারে যেতে হলে গাড়ি নিয়ে যেতে হবে বিমানবন্দর মোড়ে।‘ঢাকার বাইরে কত গাড়ি যাচ্ছে-আসছে। এতে এই সড়কে জ্যাম পড়ছে প্রচুর। এখন আমাকে বাসায় যেতে প্রতিদিন বিমানবন্দর যেতে-আসতে এই জ্যাম হজম করতে হচ্ছে। খিলক্ষেত এলাকায় ডিভাইডার ভেঙে গাড়ি ঘোরানোর ব্যবস্থা করা জরুরি।’ বললেন পিংক সিটির বাসিন্দা সাইদা মাহবুব। তিনি আরও জানান, ডুমনী, লেকসিটি ও পিংক সিটির অনেকে গাড়িতে যাতায়াত করে। কিন্তু বিমানবন্দর সড়কে বিভাজক থাকায় তাদের বিপদে পড়তে হচ্ছে। ঘুরে আসতে হয় বলে যানজটের কবলে পড়ে সময় ও টাকা দুটোই নষ্ট হচ্ছে। আবার সিএনজিচালিত অটোরিকশায় বেশি ভাড়া দিতে হয়। ‘এই ডিভাইডারটা ভাইঙা একটু যাওয়ার জায়গা কইরা দিলেই তো ঝামেলা মিইট্যা যায়। এতখানি রাস্তা বেশি চালামু আর ভাড়া কি কম নিমু।’ বেশি ভাড়া কেন—এমন প্রশ্নে বললেন সিএনজিচালিত অটোরিকশার চালক হাবিব। আবার রেলগেটের সামনেই করা হয়েছে বাসের স্টপেজ। এতেই বেশ দুর্ভোগে পড়ছেন গাড়িওয়ালারা। অন্যদিকে শারীরিক প্রতিবন্ধীরা সড়ক পারাপারে বিপদে পড়ছেন। বিশেষ করে, যাঁদের পা নেই কিংবা হাঁটতে সমস্যা, তাঁরা কীভাবে ফুটওভারব্রিজ ব্যবহার করবেন? তাঁদের পারাপারের জন্যও সড়কের নিচে বিভাজকে ফোকর দরকার।এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান বলেন, ‘এ সড়কটি অনেক ব্যস্ত। এমনিতেই এতে যানজট লেগে থাকে। এখন আবার খিলক্ষেতের দিকে ফোকর করা হলে যানজট আরও বাড়বে। সার্বিক বিবেচনায় এখানে ফোকর রাখার চিন্তা আপাতত নেই।’ বিমানবন্দর সড়ক বিভাজকের বিষয়ে অভিযোগ নম্বর: ৯৮৮০৮২৭, ৯১১৪৯৭৩, ৯১১৬৪৬৭ (ঢাকা সড়ক বিভাগ, সওজ)। কামরাঙ্গীরচরবেহাল রাস্তাঘাটমাহমুদ উল্লাহ‘কাদা পানির মধ্যে প্রায়ই লোকজন নাকানি-চুবানি খায়। তাই এলাকাবাসী রাস্তাটি এড়িয়ে চলে। যারা একদম নিরুপায়, শুধু তারাই এ রাস্তা দিয়ে চলাচল করে।’ কামরাঙ্গীরচরের পাকাপুল রাস্তা নিয়ে বলছিলেন স্থানীয় ফোন-ফ্যাক্স ব্যবসায়ী মোকলেসুর রহমান। কামরাঙ্গীরচরে বেশির ভাগ রাস্তাঘাটই বেহালে আছে। তাই চলাচলে নাকাল হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ঘুরে দেখা গেছে, কিল্লারমোড় ব্রিজ থেকে আশরাফিয়া সড়ক পর্যন্ত কামরাঙ্গীরচরের প্রধান সড়কটি খানাখন্দে ভরা। সিকশন থেকে খোলামোরা ঘাট পর্যন্ত যাওয়া আরেক ব্যস্ততম সড়কও বেহালে আছে। এর পাশেই টেকেরহাটি রাস্তার সাতটি ম্যানহোলের ঢাকনা ভেঙে গেছে। খোলা ম্যানহোল পরিণত হয়েছে যানবাহন ও পথচারীর ফাঁদে। ওই সড়কের বেশির ভাগ অংশ ভাঙা থাকায় একটি যানবাহন চলার সময় আরেকটি যানকে দাঁড়িয়ে জায়গা ছেড়ে দিতে হয়।সরেজমিনে দেখা গেছে, পশ্চিম নবীনগর, হুজুরপাড়া চৌরাস্তা, আলীনগর চৌরাস্তার রাস্তায় এখন সংস্কারকাজ হচ্ছে। রাস্তা কাটাছেঁড়ার কারণে এলাকাবাসীকে চলাচলে দুর্ভোগে পড়তে হচ্ছে। এ ছাড়া পানি ও পয়োনিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। তাই বৃষ্টি হলে তৈরি হয় জলাবদ্ধতা।স্থানীয় মুদি দোকানি সালমা বেগম জানালেন, তাঁর দোকানটি মাটি থেকে পৌনে দুই ফুট ওপরে। অথচ ভারী বৃষ্টি হলে তাঁর দোকান বন্ধ রাখতে হয়। রাস্তা তখন নৌকা চালানোর উপযোগী হয়ে পড়ে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ইলিয়াস বাবুল জানান, বৃষ্টি হলেই এলাকার রাস্তাঘাটে হাঁটুপানি জমে। তাই শুধু সড়ক মেরামত করলেই হবে না, এলাকার পানি নিষ্কাশন অবকাঠামোর উন্নয়ন করাও জরুরি।এলাকার রাস্তাঘাটের উন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন জানতে চাইলে সুলতানগঞ্জ (কামরাঙ্গীরচর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রশিদ উদ্দিন সরকার বলেন, রাস্তাঘাটের উন্নয়নকাজ নিয়মিত চলছে। তবে সব রাস্তার কাজ একসঙ্গে ধরা সম্ভব নয়। একের পর এক রাস্তায় কাজ হচ্ছে। তাই রাস্তার উন্নয়নকাজে কিছুটা সময় লাগছে। কামরাঙ্গীরচরের রাস্তাঘাটের বিষয়ে অভিযোগ নম্বর: ৭৪৪১৯১৩ (কর্মকর্তা, তেজগাঁও সার্কেল)। সলিমুল্লাহ রোড, মোহাম্মদপুর ধুলো-কাদায় ভোগান্তিআল-আমিন হকস্কুলে যাওয়ার জন্য বাসার গেটের সামনে মায়ের সঙ্গে দাঁড়িয়ে আছে তৃতীয় শ্রেণীর ছাত্রী মেহজাবিন। রিকশার জন্য অপেক্ষা করছে তারা। ক্লাসের সময় হয়ে এলেও কোনো রিকশাই পাওয়া যাচ্ছে না। অথচ একটু হেঁটে গেলেই রিকশা পাওয়া যাবে। কিন্তু ওরা হেঁটে যাবে কীভাবে? বাসার সামনেই রাস্তায় জমে আছে কাদা পানি। হেঁটে যাওয়ার কোনো উপায় নেই। চলতে গেলেই পা ডুবে যায় সড়কে জমে থাকা নোংরা পানিতে। কী আর করা। অনেক সাবধানে সড়ক পেরোলেও কাদা লেগে যায় মেহজাবিনের জুতায়।মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের ১১/১৯ ‘মাদার মেমোরিয়াল’ বাসার সামনের দৃশ্য এটি। মোহাম্মদপুরের ব্যস্ত এই সড়কের এখানে-সেখানে খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অনেক গর্ত। বৃষ্টি এলেই এসব গর্ত ভরে ওঠে কাদা পানিতে। আবার শুকনো মৌসুমে ধুলোর রাজত্ব হয়ে ওঠে সড়কটি।১১/২০ বাড়ির বাসিন্দা সেলিম খন্দকার বলেন, ‘অনেক দিন থেকেই এই সড়কের অবস্থা এমন করুণ। অনেক সময় রিকশা কাত হয়ে যাত্রী পড়ে যায়, চলাচলে অনেক সমস্যা হলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।’ রাস্তার দুই পাশের ড্রেনের কাজ চলছে অনেক দিন থেকেই, এখনো কাজ শেষ হয়নি। ড্রেনের কাজ চলায় সাময়িকভাবে ফুটপাতটি ব্যবহার করা যাচ্ছে না। তাই পথচারীদের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে খানাখন্দে ভরা মূল সড়ক দিয়েই। এ সড়ক দিয়েই নিয়মিত চলাচল করে মেগাসিটি বাস। অনেক সময় বাসের চাকা গর্তে পড়ে যায়। আবার গর্তের পানি ছিটকে গিয়ে লাগে পথচারীর গায়ে। এ জন্য মাঝেমধ্যে পথচারীদের কাছ থেকে বাসচালকদের শুনতে হয় আপত্তিকর কথা, জানালেন মেগাসিটির বাসচালক ফয়েজ উদ্দিন। সড়কের পাশের দোকানি সবুজ মিয়া বলেন, ‘রাস্তার এই বেহাল অবস্থার কারণে আমগো বেচাকেনাও কম হয়।’ এক পথচারী নাজমুল তুহিন বলেন, ‘রাস্তার এমন দশা যে রিকশায় চেপে যেতেও ভয় হয়। মনে হয়, এই বুঝি রিকশা কাত হয়ে যাবে।’ দ্রুত রাস্তা সংস্কার করার দাবি জানান নাজমুল তুহিনসহ অনেক পথচারী। আবার এই সড়কেই মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো নগর স্বাস্থ্যকেন্দ্রের সামনেই রাস্তার একাংশজুড়ে আছে উন্মুক্ত ময়লা ফেলার স্থান। সব সময় দুর্গন্ধ ছড়াচ্ছে সেখান থেকে। রাস্তার এই বেহাল অবস্থা এবং রাস্তার ওপরই ফেলে রাখা ময়লায় নাকাল পথচারীরা।বেহাল এই সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন, জানতে চাইলে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) অঞ্চল-৬-এর নির্বাহী প্রকৌশলী মেসবাহুল করিম বলেন, ‘বিশ্বব্যাংকের অর্থায়নে কেস প্রকল্পের আওতায় এই সড়কে ড্রেনের কাজ চলছে। কিছুদিনের মধ্যেই এই রোডের সংস্কারকাজ হবে।’ মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের বিষয়ে অভিযোগ করার নম্বর: ৯১১৮৬৬০ (নির্বাহী প্রকৌশলী, অঞ্চল-৬, ডিসিসি)।