এপাড়া-ওপাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 দক্ষিণ মুগদাপাড়াব্যাংক কলোনিতে গ্যাসের চুলা জ্বলে নাঢাকায় থাকি প্রতিবেদক‘সকাল সাতটার পর থেকে চুলায় গ্যাস থাকে না। আসে বিকেল চারটার পর। সারা দিনের রান্নাবান্না যা করার সকাল সাতটার মধ্যে করে নিতে হয়। রোজার মধ্যে একদমই গ্যাস ছিল না। তখন আরও অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল। ইফতার ও সেহিরর খাবার তৈরি করতে অনেক কষ্ট করেছি। তখন বাধ্য হয়ে আমরা মাটির চুলায় রান্না করেছি। গ্যাসসেবায় আমরা বঞ্চনার শিকার হচ্ছি।’ বলছিলেন দক্ষিণ মুগদাপাড়ার ব্যাংক কলোনির বাসিন্দা রীনা বেগম।তাঁর মতো এই কলোনির অনেকেই গ্যাস-সংকটের জন্য খড়ির চুলায় রান্না করছেন। ব্যাংক কলোনির বাসিন্দা মতিন খান জানান, দুই বছর ধরে সরবরাহ নল থেকে চুলায় গ্যাস আসছে খুবই কম। তিন মাস ধরে গ্যাসের সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। সারা দিন গ্যাস থাকে না। বিকেলে ঘণ্টা দুয়েক চুলায় গ্যাস থাকে। এরপর আবার আসে গভীর রাতে। নাম প্রকাশে অনিচ্ছুক কলোনির আরেক বাসিন্দা জানান, যখন ব্যাংক কলোনি আবাসিক এলাকায় বসতি গড়ে ওঠে, তখন এখনকার মতো এত জনবহুল ছিল না। তখন গ্যাসের চাহিদার সঙ্গে সংগতি রেখে সরবরাহের জন্য এক ইঞ্চি নল বসানো হয়। কিন্তু জনবসতি বাড়ার পরও সেই নল দিয়েই গ্যাস সরবরাহ করা হচ্ছে। এ জন্য চাহিদার তুলনায় গ্যাস ঠিকমতো পাওয়া যাচ্ছে না।এই কলোনির গৃহিণী রুবাইয়া খানম জানান, সকালে ও দুপুরে চুলায় গ্যাস না থাকায় সময়মতো রান্না করা সম্ভব হচ্ছে না। ফলে স্কুলগামী ছেলেমেয়েদের খাবার বানাতে হিমশিম খেতে হচ্ছে। অনেকেই রেস্তোরাঁ থেকে খাবার কিনে এনে সকালের নাশতা সারছেন। এতে তাঁদের গ্যাস বিলের পাশাপাশি খাবারের জন্যও বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। অন্যদিকে এ কলোনির একাধিক বাসিন্দা অভিযোগ করেন, অতীশ দীপঙ্কর সড়ক, মুগদাপাড়ার তিনটি সিএনজি রিফুয়েলিং স্টেশনের জন্য ব্যাংক কলোনিতে ঠিকমতো গ্যাস আসছে না।ব্যাংক কলোনির বিভিন্ন বাড়ি ঘুরে দেখা গেছে, চুলায় গ্যাস না থাকায় যাঁর যাঁর সামর্থ্যমতো বিকল্প চুলায় রান্না করছেন। কেউ সিলিন্ডার গ্যাসে, কেউ কেরোসিনের স্টোভে, কেউ আবার মাটির চুলায় রান্না করছেন। এতে করে তাঁদের বাড়তি ঝক্কি ঝামেলার পাশাপাশি বাড়তি পয়সাও গুনতে হচ্ছে।এই কলোনির মালেক সরদারের টিনশেড বস্তিতে গিয়ে দেখা যায়, প্রতিটি ঘরেই একটি করে মাটির চুলা রাখা আছে। এখানকার বাসিন্দা শিল্পী বেগম জানান, চুলায় গ্যাস না আসায় এখানকার সব ঘরের বাসিন্দাই মাটির চুলায় রান্না করেন। এতে করে তাঁদের প্রতি মাসে ৫০০ থেকে ৬০০ টাকা বেশি খরচ করতে হচ্ছে।ব্যাংক কলোনির বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, ‘চুলায় গ্যাস থাকুক আর না থাকুক, গ্যাস বিল কিন্তু ঠিকই সময়মতো দেওয়া লাগে। গ্যাস-সংকটের জন্য ভাড়াটেদের মাটির চুলা ও লাকড়ির ব্যবস্থা করে দিয়েছি, যাতে ভাড়াটেরা না চলে যায়।’ নাজমুল হোসাইন নামের আরেক বাসিন্দা জানান, শুধু ব্যাংক কলোনিতেই গ্যাসের সংকট। মুগদাপাড়ার অন্যান্য এলাকায় চুলায় ঠিকমতো গ্যাস পাওয়া যাচ্ছে।দক্ষিণ মুগদাপাড়ার ব্যাংক কলোনির গ্যাস-সংকটের বিষয়ে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন) শাহিনুর আলম জানান, এখন উৎ পাদনকেন্দ্র থেকেই চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ কম। এ জন্য নগরের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট দেখা দিচ্ছে। তাই আবাসিক গ্রাহকদের আপাতত কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। পর্যাপ্ত জোগানের চেষ্টা তাঁরা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান। দক্ষিণ মুগদাপাড়া ব্যাংক কলোনির গ্যাস-সংকট বিষয়ে অভিযোগ নম্বর: ৯৫৬৩৬৭১, ০১১৯৯৮১৯১৭৪ (উপমহাব্যবস্থাপক-বিতরণ, তিতাস গ্যাস)। ডগাইর বাজার রোড, সারুলিয়াহাঁটা ছাড়া উপায় নেইঢাকায় থাকি প্রতিবেদক‘এই রাস্তায় তো প্রতিদিনই রিকশা উল্টাইয়া যায়। এ জন্য বৃষ্টির সময় অনেক অপেক্ষা কইরা রিকশা পাইলেও উঠতে ভয় লাগে।’ বলছিলেন বাঁশেরপুল মার্কেটের আসবাব ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল। সারুলিয়া ইউনিয়নের ডগাইর বাজার রোড সম্পর্কে এমনই মন্তব্য করেন তিনি।বাঁশেরপুল বাসস্টপেজ হয়ে পাড়ডগাইর বাজারে যেতে ওই রাস্তায় পথচারী ও যাত্রীদের নাকাল হতে হয়। পুরো রাস্তা ভাঙা আর খানাখন্দে ভরা। বৃষ্টি হলেই যানবাহন চলাচলের আর কোনো উপায় থাকে না। তখন হেঁটেই চলাচল করতে হয় সবাইকে। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, অনেক সময় রাস্তায় হাঁটুর ওপর পানি জমে যায়, তখন তাঁদের চলাচলে কষ্টের সীমা থাকে না। স্কুলের ছাত্রছাত্রীদের কাপড় ভিজিয়ে স্কুলে যেতে হয়। জলাবদ্ধ সড়কে রিকশা কিংবা স্কুলভ্যান কিছুই চলে না।রাস্তায় জমে থাকা পানির নিচে খানাখন্দ আছে কি না, পা দিয়ে দেখে তারপর রিকশা টেনে নিয়ে যাচ্ছিলেন চালক মোহাম্মদ নূরউদ্দিন। তিনি বলেন, ‘ঘরে বসে থাকলে তো আর পেট চলব না। যতই অসুবিধা হোক, কাজ তো করতেই অইব।’ শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীতে পড়ে আরিফা সুলতানা। সে ডগাইর রোডের পানি মাড়িয়ে স্কুলে যাচ্ছিল। সে বলল, ‘পানিতে পড়ে যাওয়ার ভয়ে রিকশায় উঠি নাই। যেভাবেই হোক, সময়মতো স্কুলে থাকতে হবে। আর বৃষ্টি হলে তখন রিকশাওয়ালারা যেতেই চায় না। দেরি হলে আবার স্কুলে শাস্তি পেতে হয়। এই রাস্তা দ্রুত ঠিক করা হোক।’ডগাইর বাজার রোড মেরামত করা হচ্ছে না কেন—জানতে চাইলে সারুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সহিদুল ইসলাম বলেন, এই রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগির কাজের দরপত্র আহ্বান করা হবে। এলাকা এখনো তেজগাঁও সার্কেলের অধীন। তাই বরাদ্দ কম থাকে। এ জন্য ইচ্ছা করলেও অনেক উন্নয়নকাজ করা যাচ্ছে না। ডগাইর বাজার রোড বিষয়ে অভিযোগ নম্বর: ৭৪৪১৯১৩ (কর্মকর্তা, তেজগাঁও সার্কেল)। কাজী আলাউদ্দিন রোডভোগান্তির নাম ‘পানি’ঢাকায় থাকি প্রতিবেদক‘আমাদের এখানে বর্ষায় বৃষ্টির পানি তো জমেই, আর প্রায়ই শুকনা মৌসুমে ময়লা পানিতে তলিয়ে যায় সড়কটি।’ বলছিলেন কাজী আলাউদ্দিন রোডের বাসিন্দা মোহাম্মদ হেলাল।এলাকাবাসীর অভিযোগ, বংশালের পুরান চৌরাস্তা থেকে ফুলবাড়িয়ার বাংলাদেশ সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কার্যালয় পর্যন্ত সড়কটি সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে। জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়ে পথচারীরা। এখানকার নর্দমা জ্যাম হয়ে আছে। তাই প্রায়ই নর্দমার নোংরা পানি উপচে রাস্তা তলিয়ে থাকে।সিদ্দিকবাজারের বাসিন্দা আবু ওসমান জানান, বৃষ্টির পর ঘরে ফিরতে মাঝেমধ্যে পানি পারাপারের জন্য রিকশায় চড়তে হয়। এদিকে নাজিরাবাজার চৌরাস্তার ব্যবসায়ী মোস্তফা হাসনাত বলেন, রাতের বেলা হোক আর দিনের বেলা হোক, পানি আটকে গেলে সেই পানি সরাতে ডিসিসি কিংবা ঢাকা ওয়াসা—কারও কর্মী আসে না।কাজী আলাউদ্দিন রোডের এ সড়ক যুক্ত রয়েছে নাজিরাবাজার, আলুবাজার, সিদ্দিকবাজার, বংশাল, আগা সাদেক রোড আর সিক্কাটুলির মতো জনবহুল এলাকার সঙ্গে। ফলে কাজী আলাউদ্দিন রোডে সৃষ্ট দুর্ভোগ পোহাতে হয় এসব এলাকার বাসিন্দাদেরও।আগা সাদেক রোডের বাসিন্দা শরীফুজ্জামান বলেন, ‘আমাদের গাড়ির গ্যারেজ এখানটায়। রাতে কাজ সেরে গাড়ি গ্যারেজে রাখতে গেলে সমস্যায় পড়তে হয়। ফুলবাড়িয়া পেরিয়ে এ সড়কে আসতেই জলাবদ্ধতায় নাকাল হতে হয়, আবার কখনো বা গুলিস্তান হয়ে ভিন্ন পথে আসতে হয়।কাজী আলাউদ্দিন রোডের জলাবদ্ধতা প্রতিরোধে কী করা হচ্ছে, জানতে চাইলে ডিসিসি অঞ্চল ২ এর নির্বাহী প্রকৌশলী মুন্সী আবুল হাশেম বলেন, ‘কেন্দ্রীয় পশু হাসপাতাল থেকে বংশাল পুরান চৌরাস্তা পর্যন্ত সড়কটি সংস্কার করার জন্যে প্রকল্প নেয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় পুরো সড়ক এবং এর পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন করা হবে।’ কাজী আলাউদ্দিন রোডসংক্রান্ত অভিযোগ নম্বর: ৯৬৬৮১৩৬ (নির্বাহী প্রকৌশলী, অঞ্চল-২, ডিসিসি)। তেজতুরীবাজার-পূর্ব রাজাবাজারপানির খোঁজে পাম্পেজিয়াউর রহমান চৌধুরীঘড়িতে তখন রাত নয়টা। ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে ঘরমুখো মানুষ বাসে ওঠার জন্য সারি ধরে দাঁড়িয়ে আছে। বাসযাত্রীদের সারি ছাড়া প্রতিদিন রাতেই ‘রুপালি ইলিশ’ ভাস্কর্যটির পাশে দেখা যায় বালতি, বোতল, কলস হাতে অসংখ্য মানুষের সারি। আশপাশের তেজতুরীবাজার, পূর্ব রাজাবাজার ও গ্রিন রোড এলাকায় ঢাকা ওয়াসার পানিতে ময়লা থাকায় তাঁরা ফার্মগেট পানির পাম্পে পানি নিতে আসেন বলে জানান।বাংলাদেশ গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছেন ইসরাত জাহান। তিনি থাকেন পশ্চিম তেজতুরীবাজার এলাকায়। তাঁর মতো অনেক নারীই এসেছেন সুপেয় পানির সন্ধানে। তাঁর ভাষ্য, ‘বাসার পানিতে সমস্যা থাকায় প্রায় প্রতিদিনই এখানে পানি নিতে আসি। ওয়াসার ট্যাপের পানি খাওয়া তো দূরে থাক, ব্যবহারের কথা চিন্তা করলেই বমি আসে। তাই কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে এখান থেকে প্রতিদিন পানি নিতে আসি।’ফার্মগেট পানির পাম্পে বোতল হাতে দাঁড়িয়ে ছিলেন সরকারি চাকরিজীবী সোহেল রানা। তিনি এসেছেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের পেছনের কাজীপাড়া এলাকা থেকে। অনেকক্ষণ সারিতে দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে একসময় বসে পড়লেন। তিনি বলেন, ‘অফিস শেষ করে প্রত্যেক চাকরিজীবীর বাসায় ফিরে এসে একটু বিশ্রাম প্রয়োজন। কিন্তু বাসার ওয়াসার ট্যাপের পানিতে দুর্গন্ধ ও ময়লা থাকায় অফিস থেকে বাসায় ফিরে বিশ্রাম না নিয়েই একটু বিশুদ্ধ পানির জন্য এখানে ছুটে আসতে হয়। মাঝেমধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও পানি না পেয়ে খালি হাতেই বাসায় ফিরে যেতে হয়। তখন দোকান থেকে কেনা মিনারেল ওয়াটারই শেষ ভরসা।’ফার্মগেটের পানির পাম্প থেকে পানি নিতে আসা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী কুষ্টিয়ার রোবায়েত হোসেন বলেন, ‘এভাবে প্রতিদিন পানি নিতে এসে প্রায় দুই ঘণ্টা সময় নষ্ট হচ্ছে। এতে আমাদের পড়ালেখার ভীষণ ক্ষতি হচ্ছে।’তেজতুরীবাজার, গ্রিন রোড ও পূর্ব রাজাবাজার এলাকার পানি সমস্যা নিয়ে জানতে চাইলে ঢাকা ওয়াসার মডস জোন-৩-এর নির্বাহী প্রকৌশলী বাহারুল ইসলাম দাবি করেন, ‘ওই এলাকাগুলোর পানিতে গত এক মাস আগে সমস্যা ছিল। আমরা অভিযোগের ভিত্তিতে গত মাসে সমস্যার সমাধান করে দিয়েছি। এখন আর সমস্যা থাকার কথা নয়। তবে কেউ নির্দিষ্ট হোল্ডিং নম্বর দিয়ে অভিযোগ করলে আমরা সমস্যার সমাধানের চেষ্টা করব।’ তেজতুরীবাজার, পূর্ব রাজাবাজার ও গ্রিন রোড এলাকার পানি সমস্যা বিষয়ে অভিযোগ নম্বর: ৮১২০২০৫ (মডস জোন-৩, ঢাকা ওয়াসা)।