এপিএস ও তাঁর স্ত্রীর সব ব্যাংক হিসাব জব্দ
রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বরখাস্ত করা সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদার ও তাঁর স্ত্রী মারজিয়া ফারহানার সব ধরনের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব এক মাসের জন্য জব্দ করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের সব ধরনের হিসাবের যাবতীয় তথ্য-উপাত্ত আগামী সাত দিনের মধ্যে জানানোরও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (এফআইইউ) থেকে গতকাল রোববার দেশের সবগুলো তফসিলি ব্যাংকের কাছে এ সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে।যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী পরিচালক ম মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সন্দেহজনক যেকোনো লেনদেনের তথ্য এফআইইউতে এলে ত্বরিত ব্যবস্থা নেওয়া হয়।’ এদিকে, গত বৃহস্পতিবার বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকের ধানমন্ডি শাখার মাধ্যমে ওমর ফারুকের মতিঝিল শাখার হিসাবে ৭০ লাখ টাকা জমা হয়। পরে এ তথ্য নিয়ম অনুসারে বাংলাদেশ ব্যাংকের এফআইইউতে সন্দেহজনক লেনদেন হিসেবে এসটিআর (সাসপিশাস ট্রানজেকশন রিপোর্ট) করে ব্যাংকের প্রধান কার্যালয়। এই হিসাবটিতে আগে আরও ২০ লাখ টাকা ছিল। এ নিয়ে হিসাবটিতে মোট টাকা দাঁড়ায় ৯০ লাখ। কেন্দ্রীয় ব্যাংকের এফআইইউ গত বৃহস্পতিবার তথ্য পাওয়ামাত্র মৌখিকভাবে এই হিসাবের টাকা স্থানান্তর না করার নির্দেশ দেয়। আর গতকাল চিঠি দিয়ে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা দেওয়া হয়।