রেলের অর্থ কেলেঙ্কারিতে সুরঞ্জিত নির্দোষ! সংশ্লিষ্টতা পায়নি দুদক
এপিএস ফারুক ও রেলের মৃধার বিরুদ্ধে মামলা
রেলের অর্থ কেলেঙ্কারির সঙ্গে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশন মনে করে, ওই অর্থ জ্ঞাত আয়বহির্ভূত। একই সঙ্গে মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুকের গাড়িচালক আলী আযমের কোনো তথ্য জানে না দুদক। গতকাল মঙ্গলবার সকালে দুদকের মাসিক সংবাদ সম্মেলনে দুদকের সচিব ফয়জুর রহমান চৌধুরী এসব তথ্য জানান। তিনি বলেন, ‘সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের গাড়িতে ৭০ লাখ টাকা পাওয়ার ঘটনায় সঙ্গে মন্ত্রীর কোনো সংশ্লিষ্টতা পায়নি দুদক। ওই অর্থ মন্ত্রীর এপিএস ওমর ফারুক তালুকদারের।’ তিনি জানান, জিজ্ঞাসাবাদে ওমর ফারুক জানিয়েছেন, এগুলো তাঁর টাকা এবং বিভিন্ন জনের কাছ থেকে নিয়েছেন। জ্ঞাত আয়বহির্ভূত ওই সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রেলমন্ত্রীর এপিএস এবং বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে মামলা করেছে দুদক। গতকাল দুপুরে রাজধানীর রমনা থানায় ওমর ফারুকের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল রেজা ও ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের উপসহকারী পরিচালক রেজাউল হাসান। মামলার বিষয়গুলো নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম।মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ: সাবেক রেলমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদকের সচিব ফয়জুর রহমান চৌধুরী বলেন, ‘রেলমন্ত্রীর একান্ত সচিবের গাড়িতে থাকা অর্থের সঙ্গে মন্ত্রী সুরঞ্জিতের কোনো সম্পৃক্ততা না পাওয়ায় তাঁঁকে কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি।’‘তাহলে ওই টাকা নিয়ে গাড়ি কোথায় যাচ্ছিল?’—প্রশ্নের উত্তরে সচিব বলেন, ‘জিজ্ঞাসাবাদে ফারুক জানিয়েছেন, তা তিনি নিজের বাসায় নিয়ে যাচ্ছিলেন।’ তবে ওই অর্থের কোনো বৈধ উৎস নেই বলে জানান সচিব। তিনি বলেন, ‘এটি জ্ঞাত আয়বহির্ভূত অর্থ।’গাড়িচালক আযমের কোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এখনো পাওয়া যায়নি বলে জানান দুদকের সচিব। তিনি বলেন, ‘পুরো বিষয়টিতে আযম গুরুত্বপূর্ণ সাক্ষী।’ ফারুক ও মৃধার বিরুদ্ধে মামলা: ওমর ফারুকের মামলার এজাহারে বলা হয়েছে, দুদকের জমা দেওয়া সম্পদ বিবরণীতে ফারুক ৫০ লাখ ৯৩ হাজার টাকার স্থাবর এবং এক কোটি দুই লাখ ৫৪ হাজার টাকার অস্থাবর সম্পদের হিসাব দিয়েছেন। এতে দুই লাখ ৪৩ হাজার টাকা অর্থমূল্যের সম্পদের তথ্য গোপন করা হয়েছে। এ ছাড়া ফারুকের নামে এক কোটি তিন লাখ ৯৭ হাজার টাকার সম্পদ পাওয়া গেছে, যা তার আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।অন্যদিকে ইউসুফ আলীর বিরুদ্ধে দায়ের করা এজাহারে বলা হয়েছে, তিনি ৫৫ লাখ ৮৭ হাজার ২১৯ টাকা স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দিয়েছেন। তাতে ১৭ লাখ ৩৪ হাজার ৯১০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এ ছাড়া জ্ঞাত আয়ের বাইরে আরও ৪০ লাখ নয় হাজার ৯১০ টাকার সম্পদ অর্জন করে নিজের দখলে রেখেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।তবে এখন পর্যন্ত পর্যাপ্ত তথ্য-প্রমাণ না পাওয়ায় পূর্ব রেল পুলিশের সাবেক প্রধান এনামুল হকের বিরুদ্ধে মামলার অনুমোদন কমিশন দেয়নি বলে জানান দুদকের সচিব ফয়জুর রহমান চৌধুরী। প্রসঙ্গত, গত ৯ এপ্রিল রাতে রাজধানীর পিলখানায় বিজিবির সদর দপ্তরে মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী ওমর ফারুক তালুকদারের গাড়িতে বিপুল অর্থ পাওয়া যায়। ওই গাড়িতে ফারুক ও মৃধার সঙ্গে এবং কমান্ড্যান্ট এনামুল হকও ছিলেন।