এপিএস ফারুক বললেন, টাকা তাঁর ব্যক্তিগত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য পদত্যাগী রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের চাকরিচ্যুত এপিএস ওমর ফারুক তালুকদার সাংবাদিকদের বলেছেন, ‘গাড়িতে থাকা টাকা আমার ব্যক্তিগত।’ এই টাকার উৎস নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘টাকার উৎস কী, তা দুদককে জানিয়েছি। কমিশনের কাছ থেকে জেনে নিন।’ টাকা এখন কোথায়? প্রশ্ন করা হলে ফারুক উল্টা সাংবাদিকদের প্রশ্ন করেন, ‘টাকা কোথায়, আপনারা জানেন না? আমিও জানি না।’ এর সঙ্গে সাবেক রেলমন্ত্রী জড়িত কি না, প্রশ্নের জবাবে ফারুক সুরঞ্জিত সেনগুপ্তকে নক্ষত্রের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘নক্ষত্রের পতন হয়নি। এ ঘটনায় সুরঞ্জিত সেনগুপ্ত জড়িত নন। জড়িত নন। জড়িত নন।’ এরপর কোনো প্রশ্ন করার আগেই ফারুক নিজে থেকেই বলে ওঠেন, ‘আমিও কোনো অর্থ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত নই। আমি পরিস্থিতির শিকার। পুরো ঘটনায় একটি দৃশ্যপট রচনা করা হয়েছে। চালককে জিজ্ঞেস করলেই জানা যাবে, এই ষড়যন্ত্রের মূলে কী রয়েছে।’ এরপর তিনি জোর করেই সাংবাদিকদের এড়িয়ে দৌড়ে গিয়ে আগে থেকে চালু রাখা একটি মোটরসাইকেলের পেছনে বসে দ্রুত স্থান ত্যাগ করেন। গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদ শেষে বিকেল চারটায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওমর ফারুক এসব কথা বলেন। দুপুর আড়াইটায় তিনি দুদক ভবনে প্রবেশ করেন। এর আগে সোয়া দুইটায় জিআরপির ঢাকার কমান্ড্যান্ট এনামুল হক কমিশনের কাছে জবানবন্দি দিতে হাজির হন। সকালে পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ মৃধাকে টানা আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে দুদক। রেলওয়ের অর্থ কেলেঙ্কারির ঘটনায় ওই তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠায় দুদক। দুদকের উপপরিচালক আবু সাঈদ ও সহকারী পরিচালক রাশেদুল রেজা ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন। তাঁদের দাবি, এটা ষড়যন্ত্র: দুদকের অনুসন্ধান কমিটির কাছে জবানবন্দি দিয়ে বের হয়ে এসে প্রত্যেকেই সাংবাদিকদের কাছে দাবি করেছেন, ‘পিলখানায় গাড়িতে টাকা পাওয়ার বিষয়টি ছিল ষড়যন্ত্র।’ ওমর ফারুক বলেন, ‘দাদাকে (সুরঞ্জিত সেনগুপ্ত) হেয় করতে পরিকল্পিতভাবে এটা করা হয়েছে, এটা একটা ষড়যন্ত্র।’ কে বা কারা এই ষড়যন্ত্র করেছে, এমন প্রশ্নের জবাবে ফারুক বলেন, ‘গাড়ির চালককে জিজ্ঞাসা করলে সঠিক তথ্য জানা যাবে।’ এনামুল হক বলেছেন, ‘চালক এটা একা করেনি। তার পেছনে কেউ কলকাঠি নেড়েছে।’ আর নিজেকে নির্দোষ দাবি করে ইউসুফ আলী মৃধা বলেন, ‘এসব ঘটনা ষড়যন্ত্রমূলক।’ তদন্তে নির্দোষ প্রমাণিত হয়ে তিনি আবারও স্বপদে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ৯ এপ্রিল রাতে ওমর ফারুক তালুকদারের গাড়িতে অর্থ পাওয়ার ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে তা নিয়ে শোরগোল শুরু হয়। বিভিন্ন গণমাধ্যমে বলা হয়, ওই রাতে ফারুকের সঙ্গে ৭০ লাখ টাকা পাওয়া যায়, যা রেলওয়ের নিয়োগে ঘুষ হিসেবে নেওয়া হয়েছিল। পূর্বাঞ্চল রেলওয়ের জিএম ইউসুফ এবং কমান্ড্যান্ট এনামুল হকও ওই একই গাড়িতে ছিলেন।ওই রাতের ঘটনা জানতে চাইলে এনামুল হক সাংবাদিকদের বলেন, ‘গতকাল রেলভবনে যে বক্তব্য দিয়েছি, এখানেও আমার একই বক্তব্য। এটা একটা সাজানো নাটক।’ টাকার বিষয়ে তিনি বলেন, ‘আমি জেনেছি, গাড়ির পেছনে ৬০-৭০ লাখ টাকা আছে।’ বিজিবি তাঁদের কোনো জিজ্ঞাসাবাদ (সার্চ) করেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘বিজিবির সদস্যরা আমাকে সার্চ করেনি। ভোরে বিজিবি থেকে আমাদের ছেড়ে দেওয়া হয়। ওই সময় ড্রাইভারও বিজিবি থেকে বের হয়ে যায়।’রেলওয়ের ওই অর্থ কেলেঙ্কারির ঘটনার জের ধরে ইউসুফ ও এনামুলকে সাময়িক বরখাস্ত এবং ওমর ফারুককে চাকরিচ্যুত করা হয়। মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়ান সুরঞ্জিত সেনগুপ্তও। ওই ঘটনার তদন্তে রেলওয়ের মহাপরিচালক আবু তাহেরের নেতৃত্বে একটি তদন্ত কমিটি কাজ করছে। মৃধা ও এনামুলের বিরুদ্ধে বিভাগীয় মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন। এনামুল আয়ের উৎস: জিজ্ঞাসাবাদে সম্পদের উৎস নিয়ে কী বলেছেন, প্রশ্ন করা হলে এনামুল হক বলেন, ‘আপনারাই তো লিখেছেন আমার কী আছে।’ পাঁচতলা বাড়ির টাকা উৎস বিষয়ে তিনি বলেন, ‘যৌথভাবে বাড়ি করেছি। কত টাকা লেগেছে তা আমি বলতে পারব না। তবে আমার ৬০-৭০ লাখ টাকা লাগতে পারে।’ স্ত্রীর নামে নিকেতনের ফ্ল্যাটের টাকার উৎস নিয়ে প্রশ্নের জবাবে এনামুল হক বলেন, ‘এটা আমার স্ত্রীর নামে। সে তার ব্যবসার আয়ে কিনেছে।’ কিসের ব্যবসা এবং বিনিয়োগের অর্থ কোথা থেকে এসেছে, এ ধরনের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি শুধু বলেন, ‘মানুষ ছোট থেকেই তো বড় হয়। ছোট ব্যবসা এখন বড় হয়েছে।’গাড়িচালক কোথায়: এদিকে গাড়িচালক আলী আজমকে পাঠানো নোটিশ কেউ গ্রহণ করেনি। তাঁকে আবারও দুদকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে নোটিশ পাঠানো হবে বলে জানিয়েছে দুদক সূত্র। নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানান, গাড়িচালক আজমের উচিত দুদকে হাজির হয়ে তাঁর সপক্ষে বক্তব্য দেওয়া। এতে করে তিনি আইনগত সুবিধা পাবেন। কিন্তু ক্রমাগত চার-পাঁচটি নোটিশের পরও যদি তিনি হাজির না হন, তবে গাড়িচালকের অনুপস্থিতিতেই অভিযোগপত্র তৈরি করা হবে। সেটা আজমের বিপক্ষেও যেতে পারে বলে জানান তিনি। গাড়িচালকের অনুপস্থিতির বিষয়ে কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) এম এইচ সালাহউদ্দিন বলেন, ‘গাড়িচালকের বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’ তদন্তের বিষয়ে জানতে চাইলে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান সাংবাদিকদের বলেন, ‘৭০ লাখ টাকা উদ্ধারের ঘটনায় দুদকের কর্মকর্তাদের তদন্তের দায়িত্ব দিয়েছি। ৩০ দিনের মধ্যে তদন্ত করে কমিশনের কাছে প্রতিবেদন জমা দেবে। যদি আরও বেশি সময় লাগে, সে ক্ষেত্রে সময় বাড়ানো হতে পারে।’