এপিএসের কাছে টাকা পাওয়ার দায় প্রধানমন্ত্রীকেও নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এপিএসের কাছে পাওয়া বিপুল টাকার দায় রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে নিতে হবে। আজ বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এক সমাবেশে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মন্ত্রীর এপিএসের কাছে লাখ লাখ টাকা পাওয়া যায়। এর দায় অস্বীকার করতে পারেন না মন্ত্রী। নৈতিক কারণে তাঁর পদত্যাগ করা উচিত। প্রধানমন্ত্রীকেও এর দায় নিতে হবে।’বিদ্যুত্, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে চারদলীয় জোট ও সমমনা দলের ঢাকা মহানগর কমিটি এ সভার আয়োজন করে। সমাবেশে কৃষি উপকরণের দাম বৃদ্ধির প্রতিবাদে ২৫ এপ্রিল সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।মির্জা ফখরুল ইসলাম বলেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির দায় নিয়ে প্রধানমন্ত্রীর উচিত পদত্যাগ করা। প্রধানমন্ত্রী বলেছিলেন, দুর্নীতির প্রমাণ দিতে হবে বিশ্বব্যাংককে। এখন প্রমাণ হয়েছে, সরকার দুর্নীতি করেছিল। কারণ, দুর্নীতির জন্য বিশ্বব্যাংক কানাডীয় পরামর্শক প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করেছে। বিএনপির এই নেতা বলেন, দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানোর পেছনে বড় ধরনের দুর্নীতি আছে। স্থায়ী বিদ্যুত্ প্রকল্প না করে তারা (সরকার) কুইক রেন্টাল প্রকল্প নিয়ে আসে। টেন্ডার ছাড়া এ প্রকল্প করে দুর্নীতি হালাল করার জন্য জাতীয় সংসদে আইন পাস করে। তিনি বলেন, বাংলাদেশকে ভারত নির্ভরশীল করার জন্য দেশের শিল্প-কারখানাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে।সভাপতির বক্তব্যে সাদেক হোসেন খোকা বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্ত সংসদে ইনিয়ে-বিনিয়ে অনেক সুন্দর কথা বলেন। অনেক সময় তাঁর কথায় আমরা মুগ্ধও হই। আজ থলের বিড়াল বেরিয়ে গেছে।’জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল্লাহ মো. তাহের বলেন, ‘এই ট্রাইব্যুনাল “ঘাদানিক” দ্বারা পরিচালিত। এই ট্রাইব্যুনাল আমরা মানি না।’ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, ইনশাআল্লাহ আমরা যুদ্ধাপরাধীদের বিচার করব। আমিও বলছি, ইনশাআল্লাহ আপনারা যুদ্ধাপরাধীদের বিচার করতে পারবেন না।’সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, বিজেপির মহাসচিব শামীম আল মামুন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান প্রমুখ বক্তব্য রাখেন।