সংসদীয় কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য
এপ্রিল থেকে মেশিন রিডেবল পাসপোর্ট ও ভিসাপদ্ধতি চালু হবে
আগামী ১ এপ্রিল থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ও মেশিন রিডেবল ভিসাপদ্ধতি (এমআরভি) চালু হবে। এ জন্য প্রয়োজনীয় কাজ এরই মধ্যে শেষ হয়েছে।আজ বৃহস্পতিবার সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) আবদুস সালামের সভাপতিত্বে সভায় আরও জানানো হয়, পুলিশের উপপরিদর্শক পদকে তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে এবং পরিদর্শক পদকে প্রথম শ্রেণীতে উন্নীতকরণের বিষয়টি প্রক্রিয়াধীন।সভায় বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার অফিসের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা এবং রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার কমিটিকে অবহিত করেন। তিনি জানান, বিরোধীদলীয় নেত্রীর অফিসের সামনের বোমা বিস্ফোরণের ঘটনায় বিএনপির মহাসচিবের ছেলে পবন আহত হননি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার যুবকটি ছাত্রদলের কর্মী। পবন মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন বলে হাসাপাতাল থেকে জানানো হয়েছে। আর বাঘাইছড়ির পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে আসছে বলে তিনি কমিটিকে জানান।কমিটির সদস্য মির্জা আজম তাঁর বিরুদ্ধে বিএনপির আনা অভিযোগ হাস্যকর আখ্যায়িত করে বলেন, ওই দিন তিনি ওই রাস্তা দিয়ে তাঁর এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। এর সঙ্গে বোমার সম্পর্ক আনাকে তিনি বিএনপির হীন রাজনীতি বলে আখ্যায়িত করেন।সভায় রাজধানীতে ২০ বছরের অধিক পুরোনো যানবাহন চলাচল বন্ধ, ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তি ও জরিমানা বৃদ্ধির সুপারিশ করা হয়।কমিটির সদস্য মির্জা আজম, মুজিবুল হক, মো. নূরুল ইসলাম, সানজিদা খানম ও সফিকুল ইসলাম সভায় যোগ দেন।