এপ্রিল থেকে ‘ছোটকাকু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শেষ কবে কাজ করেছিলাম, ভুলেই গেছি। আসলে অনেক দিন থেকেই ছোটকাকুর জন্য প্রস্তুতি নিচ্ছি। তাই এই পুরোটা সময় আর কোনো কাজের ব্যাপারে আগ্রহী হইনি।’ বললেন আফজাল হোসেন। ফরিদুর রেজা সাগরের কিশোর উপন্যাস অবলম্বনে তৈরি হবে ধারাবাহিক নাটক ছোটকাকু। এর নাট্যরূপ দিয়েছেন শেখ আবদুল হাকিম। আর এই ‘ছোটকাকু’র চরিত্রে অভিনয় করবেন আফজাল হোসেন। ধারাবাহিকটি পরিচালনাও করবেন তিনি। আগামী এপ্রিল মাসে ধারাবাহিকটির শুটিং শুরু হবে কক্সবাজারে। প্রথম গল্প ‘কক্সবাজারে কাকাতুয়া’। কিশোর উপন্যাস নিয়ে কাজ করার ব্যাপারে আফজাল হোসেন বললেন, ‘এখন টিভি চ্যানেলগুলোতে নাটকের অভাব নেই। সব নাটকের গল্পই সেই নারী-পুরুষ, তাদের প্রেম-ভালোবাসা, সংসার—এমনই কিছু বিষয় নিয়ে। কিন্তু যদি এখানে বিষয়-বৈচিত্র্য থাকে, তাহলে দর্শক তা দেখার ব্যাপারে আগ্রহী হয়। আমি মনে করি, ছোটকাকু তেমনি একটি ধারাবাহিক হবে।’এই নাটকটির শুটিং হবে দেশের বিভিন্ন জেলায়। আফজাল বললেন, ‘গল্পে যে জেলার বর্ণনা রয়েছে, শুটিং সেখানেই হবে। নাটক দেখার পাশাপাশি ওই অঞ্চলের ব্যাপারে একটা ধারণাও পাওয়া যাবে।’ছোটকাকুর সহযোগী কিশোর চরিত্রে কে অভিনয় করবেন? আফজাল বললেন, ‘আমরা দুজনকে চূড়ান্ত করেছি। দু-এক দিনের মধ্যেই উপন্যাসটির লেখক ফরিদুর রেজা সাগরের সঙ্গে বসব। চরিত্রটির ব্যাপারে তাঁর নিজেরও একটা ভাবনা আছে। তিনি যাঁকে চূড়ান্ত করবেন, তিনিই কিশোর চরিত্রে অভিনয় করবেন।’‘ছোটকাকু’ সিরিজের প্রায় সব কটি উপন্যাস নিয়েই নাটক তৈরির পরিকল্পনা করা হয়েছে। আগামী জুলাই-আগস্ট নাগাদ চ্যানেল আইয়ে ধারাবাহিকটির প্রচার শুরু হবে।